থ্রিডি প্রিন্টিং ভিটল ড্রোন উদ্ভাবন

টেকনোফেস্টে অংশ নিতে চুয়েট দলকে ডিসির অনুদান

  • চুয়েটের গবেষণা দল 'টিম স্টারাপ্টর' পেল এক লাখ টাকা
  • তৈরি হচ্ছে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির কোয়াডপ্লেন ভিটল ড্রোন
  • ১৫ কেজি মালামাল নিয়ে স্বয়ংক্রিয়ভাবে উড়তে সক্ষম ড্রোনটি

টেকনোফেস্টে অংশ নিতে চুয়েট দলকে ডিসির অনুদান
১৩ নভেম্বর, ২০২৬ ০০:০০  

আধুনিক প্রকৌশল বিদ্যা, অটোমেশন ও থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির সমন্বয়ে তৈরি মনুষ্যবিহীন আকাশযান বা ইউএভি উদ্ভাবনে বৈশ্বিক প্রতিযোগিতার মঞ্চে পা রাখতে যাচ্ছে বাংলাদেশের তরুণ গবেষকরা। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, তুরস্কে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ড্রোন প্রযুক্তি প্রতিযোগিতা ‘টেকনোফেস্ট তুর্কিয়ে ২০২৭’-এ অংশ নিতে যাওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গবেষণা দল ‘টিম স্টারাপ্টর’কে এক লাখ টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ১২ নভেম্বর, বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে ‘মেধার বিকাশ ও প্রযুক্তির অগ্রযাত্রায় জেলা প্রশাসন চট্টগ্রাম’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে তুরস্কে অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতার জন্য চুয়েটের দলটি থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (ভিটল) ড্রোন তৈরির প্রকল্প হাতে নিয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, “আমাদের মেধার কোনো সীমা নেই। প্রযুক্তিতে আমরা যতটুকু পিছিয়ে আছি, তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি ও দক্ষতা সেই ঘাটতি পূরণ করবে। মেধাবী তরুণেরাই বাংলাদেশকে প্রযুক্তিবিশ্বে একটি সুদৃঢ় অবস্থানে নিয়ে যাবে।” শিক্ষার্থীদের উদ্যোগের প্রশংসা করে তিনি জানান, “চুয়েটের এই মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আমরা গর্বিত। তারা এমন একটি প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যা শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, তাঁরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করবেন এবং বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করতে সক্ষম হবেন।”

ড্রোন প্রযুক্তির বহুমুখী সম্ভাবনা তুলে ধরে জেলা প্রশাসক জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ড্রোনের ব্যবহার বাড়ছে এবং চীনসহ বিভিন্ন দেশ কৃষিক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়াচ্ছে। তবে সামরিক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডেও ড্রোন ব্যবহৃত হওয়ায় প্রযুক্তির ইতিবাচক ও মানবকল্যাণমূলক ব্যবহারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রযুক্তি একটি উপকারী সেবক, কিন্তু বিপজ্জনক প্রভু। আমরা যদি প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে না পারি, তাহলে প্রযুক্তিই আমাদের নিয়ন্ত্রণ করবে। আর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে এর সুফল ভোগ করতে পারব।” তিনি আরও জানান, “আমরা যেমন মৎস্যজীবীদের পাশে দাঁড়াই, বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসি, তেমনি দেশের মেধাবী সন্তানদের পাশেও থাকতে চাই। কারণ, তাঁদের হাতেই দেশের ভবিষ্যৎ। তাঁদের নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি।” ড্রোনটির সক্ষমতা প্রমাণিত হলে সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি তুলে ধরে প্রয়োজনীয় যোগাযোগ, সুপারিশ এবং তুরস্কে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সহায়তা পাওয়ার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে টিম স্টারাপ্টরের দলনেতা রাশিদ আবরার আজমাইন জানান, চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২২ ও ২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা ড্রোনটি তৈরির কাজ করছেন। দলটির দাবি, ‘দ্য স্টারাপ্টর’ নামে উদ্ভাবিত এই ড্রোনটি দেশের প্রথম সম্পূর্ণ থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিনির্ভর কোয়াডপ্লেন ভিটল ড্রোন; যা হেলিকপ্টারের মতো খাড়াভাবে উড্ডয়ন ও অবতরণের পাশাপাশি সাধারণ উড়োজাহাজের মতো সামনের দিকে চলতে সক্ষম। ড্রোনটির পাখার বিস্তার ১ হাজার ৩৪০ মিলিমিটার এবং দৈর্ঘ্য ৯৯০ মিলিমিটার। কার্বন ফাইবার ও বিশেষায়িত থ্রিডি প্রিন্টিং উপকরণে নির্মিত ড্রোনটির পরিকল্পিত সর্বোচ্চ মালামাল বহনক্ষমতা ১৫ কেজি এবং এটি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিতে উড়তে পারবে।

পিক্সহক ৬সি ফ্লাইট কন্ট্রোলার, রাস্পবেরি পাই কম্পিউটার, জিপিএস ও টেলিমেট্রি ব্যবস্থার সমন্বয়ে ড্রোনটি দূরনিয়ন্ত্রণ যন্ত্র ছাড়াই সফটওয়্যারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত গন্তব্যে মালামাল পৌঁছে দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসতে পারবে। দলনেতা রাশিদ আবরার আজমাইন জানান, “আমাদের লক্ষ্য এমন একটি ড্রোন তৈরি করা, যা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত মিশন সম্পন্ন করতে পারবে। ভবিষ্যতে এই প্রযুক্তি কৃষি, চিকিৎসা, দুর্যোগ ব্যবস্থাপনা ও পণ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” দেশীয় প্রযুক্তিতে কম খরচে উৎপাদিত হলে দুর্গম এলাকায় জরুরি চিকিৎসাসামগ্রী পৌঁছানো, বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সরবরাহ এবং শহরাঞ্চলে দ্রুত পণ্য পরিবহনে এটি কার্যকর হবে। পাশাপাশি ভবিষ্যতে স্থল, আকাশ ও পানিতে চলতে সক্ষম ‘ট্রাই-মোড মোবিলিটি ড্রোন’ তৈরি ও চুয়েটে একটি স্থায়ী মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) গবেষণা সেল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়ে জেলা প্রশাসনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও টিম স্টারাপ্টরের সদস্যরা উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/এসসিএন/এসএমই/এফওপিটিই//