শিল্প-একাডেমিয়া সমন্বয়ে গবেষণায় অর্থায়ন করবে কমিশন
এআই ও প্রযুক্তি দক্ষতায় জোর ইউজিসির
- কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সে শিক্ষার্থীদের দক্ষ করার আহ্বান
- যৌথ গবেষণা প্রস্তাবে ইউজিসির পক্ষ থেকে অর্থায়নের আশ্বাস
- আগামী পাঁচ বছরে সব বিষয়ে ইন্টার্নশিপ ও তৃতীয় ভাষা চালুর পরিকল্পনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স ও দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষার মানোন্নয়নে শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিবিড় সেতুবন্ধন গড়ে তোলার তাগিদ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অনুষ্ঠিত ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এই আহ্বান জানান বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।
সম্মেলনে অধ্যাপক মামুন আহমেদ জানান, উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে যুক্ত করতে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রণয়ন, পরিমার্জন ও গবেষণাকর্মে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের যুক্ত করতে হবে। তিনি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের শ্রেণিকক্ষে আমন্ত্রণ জানিয়ে তাঁদের বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরার পরামর্শ দেন। একই সঙ্গে শিক্ষকদের শিল্পকারখানা পরিদর্শন করে সেখানকার কাজের ধরন ও সমস্যাগুলো বোঝার সুযোগ তৈরির পরিকল্পনার কথা জানান। তার মতে, বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও গবেষণার সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদার যথেষ্ট সমন্বয় না থাকায় অনেক শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বের হতে পারছেন না। তাই এআই, ডেটা সায়েন্স ও আধুনিক প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ করে তোলা জরুরি।
শিল্পপ্রতিষ্ঠানের সমস্যা সমাধানে দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের কাজে লাগানোর আহ্বান জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, ওষুধ, বস্ত্র ও টেলিযোগাযোগ খাতের অনেক প্রতিষ্ঠান সফটওয়্যার, প্রযুক্তি ও যন্ত্রপাতির জন্য বিদেশের ওপর নির্ভরশীল। উৎপাদন বা রাসায়নিক প্রক্রিয়ায় সমস্যা দেখা দিলেও বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নিতে হয়, এমনকি গবেষণাগারের জন্য মাইক্রোপিপেটের টিপসের মতো সামগ্রীও আমদানি করতে হয়। এসব সমস্যার সমাধানে দেশের গবেষকদের সক্ষমতা কাজে লাগাতে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের সমস্যা চিহ্নিত করে শিক্ষক ও গবেষকদের সঙ্গে যৌথভাবে গবেষণা প্রস্তাব তৈরির আহ্বান জানান তিনি। এসব প্রস্তাব ইউজিসিতে জমা দিলে কমিশন অর্থায়নের ব্যবস্থা করবে এবং গবেষণার অগ্রাধিকার হবে শিল্প ও দেশের বাস্তব সমস্যার সমাধান।
গবেষণার ক্ষেত্র শুধু বিজ্ঞান ও প্রযুক্তিতে সীমাবদ্ধ না রেখে কৃষি, মৎস্য, জলবায়ু পরিবর্তন, ওষুধ ও রাসায়নিক শিল্প এবং পর্যটন খাতের সমস্যা নিয়েও যৌথ গবেষণার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন অধ্যাপক মামুন আহমেদ। এ ছাড়া শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করতে সফট স্কিল উন্নয়ন ও আগামী পাঁচ বছরের মধ্যে সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ চালুর লক্ষ্যের কথা জানান তিনি। পাশাপাশি প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরির উদ্যোগের কথাও তুলে ধরেন।
গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, খান বাহাদুর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান এবং গোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন।
//ডিবিটেক/এসসিএন/এসএমই/এফওপিটিই//





