নওরীনের ক্ষোভ
ই-ক্যাব নির্বাচনে অনাকাঙ্ক্ষিত হেনস্তার প্রতিবাদ
- ই-ক্যাব নির্বাচনে ফরম সংগ্রহে বাধা
- রাজনৈতিক অপবাদের বিরুদ্ধে আইনি তদন্ত দাবি
- উদ্যোক্তা নওরিনের নিরাপত্তা ও বিচার দাবি
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাধারণ সম্পাদক পদপ্রার্থী হোসনে আরা নূরী নওরীনকে মনোনয়ন ফরম সংগ্রহকালে শারীরিকভাবে হেনস্তা ও বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। গত ১১ নভেম্বর, মঙ্গলবার ই-ক্যাব কার্যালয়ের সামনে এ অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। ১৩ নভেম্বর, শুক্রবার একটি পেশাজীবী সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে এই পরিকল্পিত ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী প্রার্থী।
ভুক্তভোগী হোসনে আরা নূরী নওরীনের দাবি, তিনি কখনোই কোনো রাজনৈতিক দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তার পুরো পরিচয় একজন উদ্যোক্তা, পেশাজীবী এবং দেশের ই-কমার্স খাতের সক্রিয় কর্মী হিসেবে। গত ১১ নভেম্বর ই-ক্যাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করতে কার্যালয়ের সামনে পৌঁছালে একদল ব্যক্তি তাকে ঘিরে ধরে মব সৃষ্টি করে। ই-কমার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন প্রোগ্রামের ছবি দেখিয়ে তাকে রাজনৈতিক অপবাদ দেওয়া হয় এবং ফরম সংগ্রহে বাধা সৃষ্টি করা হয়। একপর্যায়ে নিজের নিরাপত্তার স্বার্থে তাকে থানার আশ্রয় নিতে হয়।
হোসনে আরা নূরী নওরীন আরও অভিযোগ করেন, এই ঘটনা কোনো সাধারণ বা আকস্মিক বিষয় নয়; বরং ই-ক্যাব নির্বাচনে তার অংশগ্রহণ বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হয়েছে। পেশাজীবী সংগঠনের কার্যালয়ের সামনে এমন ন্যক্কারজনক ঘটনা গণতান্ত্রিক পরিবেশ ও নির্বাচনী সংস্কৃতির জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। ঘটনার পেছনে কারা ইন্ধন যুগিয়েছে, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার এবং জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
//ডিবিটেক/এনএনআইআার/এসএমপি/এমআইএস//





