কঠোর নিরাপত্তায় পারমাণবিক জ্বালানি হস্তান্তর

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

  • রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান এসে পৌঁছেছে
  • সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় ৩টি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় পৌঁছায়
  • নভেম্বরে প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার লক্ষ্য

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান
১৪ নভেম্বর, ২০২৬ ০৬:৫৬  

দেশের পরমাণু শক্তি খাতের অগ্রযাত্রায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সরবরাহ কার্যক্রমে আরও একটি মাইলফলক অর্জিত হয়েছে। 

১৪ নভেম্বর শনিবার ভোর ৬ টা ৫ মিনিটের দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের নতুন চালান প্রকল্প এলাকায় এসে পৌঁছায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ৩টি বিশেষায়িত লরি এই পারমাণবিক জ্বালানি বহন করে প্রকল্প চত্বরে প্রবেশ করে।

এ নিয়ে প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটিসহ মোট ছয়টি চালান সফলভাবে প্রকল্প এলাকায় পৌঁছাল।

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে অতিরিক্ত ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে; যার মোট পরিমাণ নয়টি চালানে বিভক্ত। রাশিয়ার অত্যাধুনিক ভিভিইআর-১২০০ প্রযুক্তিতে নির্মিত রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে ইতিমধ্যেই ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম শুরু হয়েছে।

গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান এই অনুমোদন দেন। এই পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর ও নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষার পর সফল হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সিনক্রোনাইজেশনের পরিকল্পনা রয়েছে।

সবকিছু ঠিক থাকলে চলতি নভেম্বর মাসেই প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

//ডিবিটেক/রঞ্জিত কুমার শীলে/এসডিই/এফওইডি//