সাইবার হামলায় উবারের কয়েক হাজার চালকের লাইসেন্সের তথ্য চুরি
রাইডশেয়ারিং জায়ান্ট উবারের হাজার হাজার চালকের ব্যক্তিগত তথ্য ও ড্রাইভিং লাইসেন্সের বিবরণ হ্যাকারদের কবলে পড়েছে। উবার কর্তৃপক্ষ জানিয়েছে, গত অক্টোবরে তাদের একটি তৃতীয় পক্ষের প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলার ঘটনায় এই তথ্য চুরির ঘটনা ঘটে।
চলতি সপ্তাহে ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তরে দাখিল করা নথিতে উবার এ তথ্য নিশ্চিত করেছে। নথিতে বলা হয়, গত ৯ অক্টোবর ওই প্রযুক্তি প্রতিষ্ঠানটি উবারকে জানায় যে হ্যাকাররা তাদের অভ্যন্তরীণ সিস্টেমে অনুপ্রবেশ করে গোপনীয় প্রবেশাধিকার বা ক্রেডেনশিয়াল চুরি করেছে এবং তা ব্যবহার করে উবারের সংরক্ষিত তথ্যে প্রবেশ করেছে। ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত চালকদের বিষয়টি জানাতে শুরু করেছে উবার।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের তথ্য অনুযায়ী, তথ্য ফাঁসের শিকার হওয়া ওই সেবাদাতা প্রতিষ্ঠানটির নাম ফায়ারওয়ার্কস এআই। এটি মূলত ডেভেলপারদের ওপেন-সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ব্যবহারের সুবিধা দেয়।
গত মাসে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, হ্যাকাররা তাদের গ্রাহকদের বিলিং তথ্যসহ কিছু ব্যক্তিগত এআই ডেটাসেট চুরি করেছে। একই হামলায় জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম নেশনের তথ্যও বেহাত হওয়ার কথা জানা গেছে।
উবারের এক মুখপাত্র টেকক্রাঞ্চকে বলেন, তৃতীয় পক্ষের ভেন্ডর ফায়ারওয়ার্কস এআই-এর নিরাপত্তা ত্রুটির কারণে উবারের কিছু তথ্যে অননুমোদিত প্রবেশ ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে চালকদের সতর্কবার্তা পাঠানো হচ্ছে।
তবে মোট কতজন গ্রাহক বা চালক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি উবার। এ বিষয়ে ফায়ারওয়ার্কস এআই-এর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে, চুরি হওয়া তথ্যের মধ্যে ম্যাসাচুসেটসের ২ হাজার ৫৬৭ জন, সাউথ ক্যারোলাইনার ৩ হাজার ৪৩০ জন এবং রোড আইল্যান্ডের ১ হাজার ৮৭৩ জন বাসিন্দার ড্রাইভিং লাইসেন্সের তথ্য রয়েছে।
এ ছাড়া ইলিনয় ও ক্যালিফোর্নিয়ার চালকেরাও এই তথ্য চুরির শিকার হয়েছেন, যদিও সেখানে আক্রান্তদের সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি। তদন্ত চলমান থাকায় ক্ষতিগ্রস্ত চালকের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ারওয়ার্কস এআই জানিয়েছে, আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে পরিচালিত একটি সাইবার অপরাধী চক্র এই হামলার পেছনে রয়েছে, যাদের মূল লক্ষ্য বড় ল্যাঙ্গুয়েজ মডেলে প্রবেশের টোকেন চুরি করে বিক্রি করা। তবে এখন পর্যন্ত কোনো হ্যাকার গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, চলতি বছরে এটি উবারের দ্বিতীয় বড় ধরনের তথ্য ফাঁসের ঘটনা; এর আগে প্রতিষ্ঠানটির পণ্য পরিবহন শাখা উবার ফ্রেইটেও সাইবার হামলার ঘটনা ঘটেছিল।
ডিবিটেক/বিএমটি । সূত্র: টেকক্রাঞ্চ





