উৎসবের ডিজিটাল পেমেন্ট পার্টনার উপায়
রাজধানীতে ১০ ডিসেম্বর শুরু ঢাকা ডিসকাউন্ট ফেস্ট
- ১০ থেকে ১২ ডিসেম্বর আগারগাঁওয়ে তিন দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হবে।
- উৎসবের কৌশলগত ও ডিজিটাল পেমেন্ট পার্টনার হয়েছে উপায়।
- ইলেকট্রনিকস, প্রযুক্তি ও বৈদ্যুতিক যানবাহনসহ নানা ব্র্যান্ড অংশ নেবে।
প্রযুক্তিনির্ভর কেনাকাটা এবং ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটাতে বছরশেষে রাজধানীতে আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী বিশেষ বাণিজ্যিক প্রদর্শনী। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বছরশেষের কেনাকাটার উৎসব ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আর এই উৎসবের কৌশলগত অংশীদার ও ডিজিটাল পেমেন্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক লিমিটেড পরিচালিত মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘উপায়’।
১৩ নভেম্বর, শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তিন দিনব্যাপী এই আয়োজনে অংশ নেওয়া দর্শনার্থীরা উপায়ের মাধ্যমে সহজে ও সুবিধাজনকভাবে ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ইলেকট্রনিকস, প্রযুক্তি, বৈদ্যুতিক যানবাহন, লাইফস্টাইল, গৃহসজ্জা, সৌন্দর্যচর্চা, চামড়াজাত পণ্য, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, ভ্রমণ ও আবাসনসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠিত ব্র্যান্ড অংশ নেবে।
উৎসবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবায় বিশেষ মূল্যছাড়ের পাশাপাশি ক্রেতাদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার প্রদান করবে। আয়োজকদের প্রত্যাশা, একই ছাদের নিচে বৈচিত্র্যময় ও আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ বিভিন্ন খাতের পণ্য ও সেবা কেনার সুযোগ থাকায় ক্রেতাদের কাছে উৎসবটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে। পাশাপাশি উপায়ের দ্রুত ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট সুবিধা দর্শনার্থীদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করবে।
//ডিবিটেক/বিএনটিপিসি/এসসিডিই/এফওইডি//





