ঘণ্টায় ৫০০ কিলোমিটার গতির রেকর্ড

সর্বোচ্চ গতির বিশ্বরেকর্ড বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিমের

  • সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির সড়কে ঘণ্টায় ৫০৩.১৭ কিলোমিটার সর্বোচ্চ গতি অর্জন
  • চারটি স্বতন্ত্র বৈদ্যুতিক মোটরে ৩ হাজারের বেশি হর্সপাওয়ার এবং ১২০০ ভোল্টের প্ল্যাটফর্ম ব্যবহার
  • একমুখী যাত্রায় সর্বোচ্চ গতির প্রোডাকশন এবং বৈদ্যুতিক গাড়ির দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন

সর্বোচ্চ গতির বিশ্বরেকর্ড বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিমের
১২ নভেম্বর, ২০২৬ ১৭:০৫  

বৈদ্যুতিক গাড়ি প্রযুক্তির অভাবনীয় উৎকর্ষ আর প্রকৌশলগত উদ্ভাবনে নতুন মাইলফলক স্থাপন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিওয়াইডি। ১২ নভেম্বর , বৃহস্পতিবার  বিওয়াইডি বাংলাদেশ সূত্র জানিয়েছে, বিওয়াইডির লাক্সারি ব্র্যান্ড ইয়াংওয়াংয়ের ‘ইউ৯ এক্সট্রিম’ মডেলের গাড়িটি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ আন্তর্জাতিক সড়কে ঘণ্টায় সর্বোচ্চ ৫০৩ দশমিক ১৭ কিলোমিটার গতিতে ছুটে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে জার্মানিতে একই গাড়ি ঘণ্টায় ৪৯৬.২২ কিলোমিটার গতি তুলে রেকর্ড গড়েছিল। এবার বিশ্বের প্রথম প্রোডাকশন কার হিসেবে ঘণ্টায় ৫০০ কিলোমিটারের বেশি গতি তুলে সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে ‘ইউ৯ এক্সট্রিম’। দুইবারই গাড়িটি চালিয়েছেন রেসিং চালক মার্ক বাসেং। এবারের অর্জনের মাধ্যমে একমুখী যাত্রায় সর্বোচ্চ গতির প্রোডাকশন এবং বৈদ্যুতিক প্রোডাকশন কারের রেকর্ড গড়েছে মডেলটি। আন্তর্জাতিক মোটরস্পোর্টসের নিয়ন্ত্রক সংস্থা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ল’অটোমোবাইলের (এফআইএ) স্বীকৃতিও পেয়েছে এই অর্জন।

‘ইউ৯ এক্সট্রিমে’ রয়েছে চারটি স্বতন্ত্র বৈদ্যুতিক মোটর, যা সব মিলিয়ে ৩ হাজারের বেশি হর্সপাওয়ার উৎপাদন করতে পারে। গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ১২০০ ভোল্টের প্ল্যাটফর্ম এবং বিওয়াইডির ব্লেড ব্যাটারি প্রযুক্তি। উচ্চ ক্ষমতায় গাড়ি চালানোর পাশাপাশি ব্যাটারির তাপমাত্রা নিয়ন্ত্রণেও সহায়তা করে এ প্রযুক্তি। এ ছাড়া রয়েছে প্রতিষ্ঠানটির ইফোর (e4) প্ল্যাটফর্ম। এর মাধ্যমে গাড়ির চারটি চাকার শক্তি আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়, ফলে অতিরিক্ত গতিতেও গাড়ির ভারসাম্য চমৎকারভাবে বজায় থাকে।

নতুন এ মাইলফলক সম্পর্কে বিওয়াইডির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট স্টেলা লি জানান, জার্মানিতে বিশ্বরেকর্ড গড়ার পর গাড়িটির সক্ষমতা আরও বাড়াতে প্রকৌশলীরা ধারাবাহিকভাবে কাজ করেছেন এবং এবারের অর্জন সেই প্রচেষ্টারই প্রতিফলন। এ প্রসঙ্গে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিমের এই অর্জন বৈদ্যুতিক গাড়ি প্রযুক্তির বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ঘণ্টায় ৫০০ কিলোমিটারের বেশি গতির রেকর্ড গড়ার মধ্য দিয়ে বৈদ্যুতিক গাড়ির মোটর, ব্যাটারি ও গাড়ি নির্মাণপ্রযুক্তির অগ্রগতি স্পষ্ট হয়েছে।

তিনি আরও জানান, এসব প্রযুক্তির উন্নতির ফলে বৈদ্যুতিক গাড়ি চলাচলের ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, যা গাড়িশিল্পের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ ক্রেতাদের কাছে বৈদ্যুতিক গাড়িকে আরও আকর্ষণীয় করে তুলবে। বিওয়াইডি গবেষণা ও উন্নয়নের মাধ্যমে গাড়ির গতি, দক্ষতা ও নিরাপত্তা বাড়ানোর নানা দিক নিয়ে কাজ করছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তিকে আরও এগিয়ে নিতে চায়।

//ডিবিটেক/এসসিএন/এসএমই/এফওপিটিই//