প্রযুক্তি ও গবেষণায় দুর্যোগ মোকাবিলা
গাজীপুরে দুর্যোগ গবেষণা ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শন
- গাজীপুরে দুর্যোগ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন প্রতিমন্ত্রীর
- জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে দক্ষ জনবল তৈরি
- প্রথম পর্যায়ে নির্মাণের জন্য ৪৭ কোটি টাকা বরাদ্দ
জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ঝুঁকি মোকাবিলা এবং আধুনিক বিজ্ঞান ও গবেষণানির্ভর দুর্যোগ ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরে গড়ে উঠছে দেশের প্রথম বিশেষায়িত গবেষণা কেন্দ্র। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, ১৩ নভেম্বর, শুক্রবার গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাসে দক্ষ জনবল তৈরি, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট বিভিন্ন ধরনের দুর্যোগের ওপর বিজ্ঞানভিত্তিক গবেষণা, দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিসহ জনগণের দুর্যোগ লাঘব করার আনুষঙ্গিক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হচ্ছে। তিনি আরও জানান, দুর্যোগ ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত সকল সংস্থার সংশ্লিষ্ট সদস্য ও স্বেচ্ছাসেবীদের বিশেষায়িত প্রশিক্ষণও এই ইনস্টিটিউটের মাধ্যমে পরিচালিত হবে। প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়া ও বিশ্বের অন্যতম দুর্যোগ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ৮ দশমিক ২০ একর ভূমির ওপর একাডেমিক কাম প্রশাসনিক ভবন এবং আবাসিক প্রশিক্ষণের জন্য একটি ৬ তলা হোস্টেল ভবন নির্মাণ করা হবে। প্রকল্পের প্রথম পর্যায়ে একাডেমিক ভবন ও হোস্টেলের তৃতীয় তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করা হবে, যার জন্য ৪৭ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। পরিদর্শনকালে প্রকল্প পরিচালক রাসেল সাবরীনসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। //ডিবিটেক/এমআরটি/ডিইএস/সিওই//





