‘ক্লিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার সিনিয়র সিটিজেন
ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে ৩৯ হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে সম্পৃক্ত করার পরিকল্পনা করছে সরকার। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা মহানগরের পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, অভিজ্ঞতার […] The post ‘ক্লিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার সিনিয়র সিটিজেন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে ৩৯ হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে সম্পৃক্ত করার পরিকল্পনা করছে সরকার।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা মহানগরের পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, অভিজ্ঞতার ভিত্তিতে তাদের এ কার্যক্রমের দায়িত্ব দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে ।
মীর শাহে আলম বলেন, ঢাকা শহরে প্রায় ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী বসবাস করেন। তারা রাষ্ট্রের অভিজ্ঞতাসম্পন্ন নাগরিক। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও কার্যকর করতে চান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পাড়া-মহল্লার কমিটিগুলোর মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ, ময়লা-আবর্জনা পরিষ্কার, ফুটপাত দখলমুক্ত রাখা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়ার বিষয়ে জনসচেতনতা তৈরি করা হবে। এ কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হবে।
প্রতিমন্ত্রী জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি আঞ্চলিক কার্যালয়কে কেন্দ্র করে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকিতে পৃথক কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকদের নেতৃত্বে এসব কমিটিতে সিটি করপোরেশন, গণপূর্ত অধিদপ্তর, রাজউক, পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য ও ওয়াসার প্রতিনিধিরা রয়েছেন।
গত ২৭ অক্টোবর থেকে কমিটিগুলো আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। ১৪ নভেম্বর পর্যন্ত তাদের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান মীর শাহে আলম।
তিনি বলেন, এ সময়ে কমিটিগুলো ২৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৩৯টি হাসপাতাল ও ক্লিনিক, ১১২টি সরকারি আবাসিক কোয়ার্টার, ১৫২টি বাজার ও শপিং কমপ্লেক্স এবং ১২৮টি সড়ক, পার্ক, ফুটপাত ও জনস্থান পরিদর্শন করেছে। এ ছাড়া বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও বস্তিসহ বিভিন্ন স্থানের ১৩৬টি স্থাপনা পরিদর্শন করা হয়েছে।
পরিদর্শনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়ানো এবং বৃক্ষরোপণে ভূমিকা রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। হাসপাতাল, ক্লিনিক, সরকারি আবাসিক এলাকা ও অন্যান্য স্থানের বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতিও পর্যালোচনা করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকা শহরে বর্জ্য স্থানান্তর কেন্দ্র বা এসটিএসের সংকট রয়েছে। এ কারণে নতুন এসটিএস স্থাপনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পরিবেশবান্ধব এসটিএস নির্মাণ এবং ভূগর্ভস্থ এসটিএস করা যায় কি না, তা পরীক্ষা-নিরীক্ষার নির্দেশনাও দেওয়া হয়েছে।
মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, বর্তমানে ঢাকা শহরের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মেডিকেল বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনায় সীমাবদ্ধতা রয়েছে। দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইল এলাকায় এ বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা থাকলেও উত্তর সিটি করপোরেশনের আমিনবাজারে নতুন একটি ব্যবস্থাপনা কেন্দ্র চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
মীর শাহে আলম আরও বলেন, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) অত্যাধুনিক পদ্ধতিতে মেডিকেল বর্জ্য পৃথকীকরণ ও জীবাণুমুক্ত করার কাজ করছে। তাদের এই ব্যবস্থাপনা পরিদর্শন করে সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে একই ধরনের ব্যবস্থা বাধ্যতামূলক করা যায় কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
সরকারি আবাসিক কোয়ার্টারের পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট বাসিন্দাদের প্রথমে সচেতন ও সতর্ক করা হবে। এরপরও কেউ বর্জ্য ব্যবস্থাপনায় দায়িত্ব পালন না করলে তাঁদের আবাসন বরাদ্দ বাতিলের বিষয়টি বিবেচনা করা হতে পারে।
পরিচ্ছন্নতাকর্মীর সংকট মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ হাজার এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে দেড় হাজার কর্মী নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মীর শাহে আলম বলেন, ঢাকা মহানগরের সঙ্গে নতুন যুক্ত হওয়া ইউনিয়নগুলোতে অবকাঠামো নির্মাণ, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এসব এলাকার নাগরিকদের মূল ঢাকার মতো নাগরিক সেবার আওতায় আনতে কার্যক্রম আরও দ্রুত বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় গঠিত কমিটিগুলোর কাজ অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী এক মাস পর আবারও সভা করে সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করবেন। এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর ও সিটি করপোরেশনগুলো সমন্বিতভাবে কাজ করছে।
এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আব্দুল ওয়াদুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
The post ‘ক্লিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার সিনিয়র সিটিজেন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





