ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্ট

প্রযুক্তিতে মেয়েদের মেধা ও সৃজনশীলতা প্রদর্শন

  • ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়
  • প্রতিযোগিতায় প্রায় দেড়শ জন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অংশ নেয়
  • বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে তামান্না আক্তার ও স্কুল-কলেজে স্মিতা সরকার চ্যাম্পিয়ন হন

প্রযুক্তিতে মেয়েদের মেধা ও সৃজনশীলতা প্রদর্শন
১৩ নভেম্বর, ২০২৬ ০০:২৩  

প্রোগ্রামিংয়ের চ্যালেঞ্জ, নতুন কিছু শেখার আনন্দ, প্রতিযোগিতার উত্তেজনা আর প্রযুক্তি খাতের অভিজ্ঞ নারীদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ—এমনই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ গার্লস’ প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬’ (বিডিজিপিসি’২৬)-এর জাতীয় পর্ব।  ১৩ নভেম্বর, শুক্রবার ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত প্রায় দেড়শ জন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়ে অংশ নেন।

দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সাড়ে ৫ ঘণ্টা সময়ে বিভিন্ন প্রোগ্রামিং সমস্যার সমাধান করে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা তুলে ধরেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

বিশ্ববিদ্যালয় ক্যাটাগরির বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের তামান্না আক্তার, ফার্স্ট রানার আপ হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লুবনা সাদিয়া এবং সেকেন্ড রানার আপ হয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আক্তিয়া মাইশা। অন্যদিকে, স্কুল ও কলেজ ক্যাটাগরির বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ খুলনার স্মিতা সরকার, ফার্স্ট রানার আপ হয়েছেন যশোর সরকারি মহিলা কলেজের রাফিয়া আনজুম এবং সেকেন্ড রানার আপ হয়েছেন ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাহিয়া আফরিন। বিজয়ীদের যথাক্রমে ত্রিশ হাজার, বিশ হাজার ও দশ হাজার টাকা প্রাইজমানি, ট্রফি ও অন্যান্য উপহার প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল লাইস এম এস হক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন অধ্যাপক ড. নোভা আহমেদ এবং সহযোগী অধ্যাপক শাহনাজ পারভিন। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের ট্রাস্টি অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান। এর আগে জাতীয় পর্বের জন্য দেশের বিভিন্ন

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০টিরও বেশি অনলাইন ও অফলাইন অ্যাক্টিভেশন এবং কর্মশালার মাধ্যমে দেড় হাজারেরও বেশি মেয়েকে সম্পৃক্ত করা হয়েছিল।

দুপুরের পর ‘ক্যারিয়ার ইন এআই এরা: অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লাফিফা জামালের সঞ্চালনায় এতে অংশ নেন অধ্যাপক ড. নাসিমা বেগম, সোয়াইবা সারওয়াত সিনথিয়া, সৈয়দা কামরুন আহমেদ এবং তাহমিনা খাতুন। তারা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তির পরিবর্তন এবং কর্মক্ষেত্রে মেয়েদের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) যৌথ উদ্যোগে এবং বিডিওএসএন-এর ‘মিসিং ডটার’ কার্যক্রমের অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উল্লেখ্য, এই আয়োজনের একাডেমিক পার্টনার ছিল সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি, ক্লাব পার্টনার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের প্রোগ্রামিং ও রোবটিক্স ক্লাব এবং অন্যান্য পার্টনার হিসেবে রকমারি ডট কম, বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো যুক্ত ছিল।

//ডিবিটেক/বিডিওএমএম//এসসিডিই/এফওইডি//