সায়েদাবাদ পানি প্রকল্পে ডেনমার্কের সাড়ে চার হাজার কোটি টাকা
পানি সংকট ও বর্জ্য ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর সহযোগিতায় ডেনমার্ক
- সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-৩ প্রকল্পে ডেনমার্কের ৪,৫০০ কোটি টাকার অর্থায়ন ও কারিগরি সহায়তা
- অনুদান ও স্বল্পসুদে ঋণের মাধ্যমে ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির সংকট সমাধানের উদ্যোগ
- বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন ও টেকসই পানি ব্যবস্থাপনায় ডেনিশ প্রযুক্তির বিনিয়োগের সুযোগ
রাজধানী ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির সংকট নিরসন এবং টেকসই পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব প্রকৌশল প্রযুক্তি জোরদারে বাংলাদেশ ও ডেনমার্কের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২৫ আগস্ট, মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে তার দফতরে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার (Christian Brix Moller) সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রীকে অভিনন্দন জানান এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী ড. আবদুল মঈন খান জানান, ঢাকার টেকসই পানি সরবরাহ নিশ্চিত করতে এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তিতে ডেনমার্কের দীর্ঘ অভিজ্ঞতা অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। বিশেষ করে কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ করে 'ওয়েস্ট-টু-এনার্জি' বা বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের মতো প্রযুক্তি খাতে ডেনিশ বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে।
বৈঠকে আধুনিক পানি পরিশোধন অবকাঠামো 'সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প (ফেজ-৩)'-এ ডেনমার্ক সরকারের আর্থিক ও কারিগরি সহায়তার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই মেগা প্রকল্পে ডেনমার্ক সরকারের পক্ষ থেকে মোট ৪ হাজার ৫০০ কোটি টাকা অর্থায়ন করা হবে; যার মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা এককালীন অনুদান এবং অবশিষ্ট ৩ হাজার কোটি টাকা সহজ শর্তে স্বল্পসুদের ঋণ হিসেবে প্রদান করা হবে।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, "সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপ বাস্তবায়নে ডেনমার্কের এই প্রযুক্তিগত ও আর্থিক সহযোগিতা সরকারের জন্য একটি বড় সাফল্য। প্রকল্পটি পুরোপুরি চালু হলে ঢাকা মহানগরের ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদার চাপ স্থায়ীভাবে মোকাবিলা করা সম্ভব হবে এবং সহজ শর্তের ঋণের কারণে সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে না।"
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলামসহ মন্ত্রণালয় ও ওয়াসার শীর্ষ প্রকৌশলী এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/আরএমসিপি/এমআইএস//





