নিজস্ব এআই এজেন্ট আনছে বাইটড্যান্স

নিজস্ব এআই এজেন্ট আনছে বাইটড্যান্স
১৩ নভেম্বর, ২০২৬ ২১:৫৮  

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স এবার মেটার আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী ‘মিউজ’-কে টেক্কা দিতে নিজস্ব এআই এজেন্ট তৈরি করছে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চীনা এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাদের নতুন এই এআই সহকারী উন্মোচন করতে পারে।

নতুন এই এআই এজেন্টের নাম কী হবে কিংবা এটি ঠিক কীভাবে কাজ করবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। 

তবে জানা গেছে, এটি অনেকটা মেটার মিউজের মতোই ব্যক্তিগত সহকারী হিসেবে ভূমিকা রাখবে। মেটার মিউজ ইতিমধ্যেই এক কোটির বেশি ব্যবহারকারী আকৃষ্ট করতে সক্ষম হয়েছে এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ধারণা করছেন, ভবিষ্যতে এটি মেটার প্রচলিত অ্যাপগুলোর চেয়েও ব্যবহারকারীপ্রতি বেশি আয় এনে দেবে। 

মেটা তাদের স্মার্ট চশমা ও পরিধানযোগ্য ডিভাইসে এই প্রযুক্তি যুক্ত করলেও বাইটড্যান্স তাদের এজেন্টটিকে কোনো হার্ডওয়্যারে যুক্ত করবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতার কৌশল
বিশ্বের শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার বৃহত্তর কৌশলের অংশ হিসেবেই এই উদ্যোগ নিয়েছে বাইটড্যান্স। সম্প্রতি প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে এক বৈঠকে বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝাং ইয়িমিং জানান, প্রযুক্তির এই দৌড়ে শীর্ষ পর্যায়ে পৌঁছাতে তাদের অন্তত ২০২৯ বা ২০৩০ সাল পর্যন্ত সময় লাগতে পারে। এআই খাতে নিজেদের অবস্থান শক্ত করতে প্রতিষ্ঠানটি বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনাও করছে। 

এআই দুনিয়ায় বাইটড্যান্স মূলত তাদের ভিডিও তৈরির মডেল ‘সিড্যান্স’-এর জন্য বেশি পরিচিত। চলতি বছরের শুরুর দিকে এই মডেলের তৈরি বিভিন্ন ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল, যা পরবর্তীতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টুডিওর পক্ষ থেকে আইনি জটিলতা ও নজরদারির মুখে পড়ে। 

বিশ্লেষকদের মতে, টিকটকের নির্মাতা প্রতিষ্ঠানটি যদি নিজস্ব এআই এজেন্ট বাজারে আনে, তবে ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা এবং ব্যক্তিগত সহকারীর হাতে কতটুকু তথ্যের নিয়ন্ত্রণ দেওয়া উচিত_ তা নিয়ে নতুন করে বিতর্ক ও উদ্বেগ তৈরি হতে পারে। 

তবে এ বিষয়ে বাইটড্যান্সের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: এনগ্যাজেট