গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো
আগামী বছরের শুরুতেই গুগল ও অ্যাপল অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি লগ-ইন করার সুবিধা বন্ধ করতে যাচ্ছে জাপানি গেমিং জায়ান্ট নিনটেন্ডো।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৭ সালের ২৬ জানুয়ারি থেকে ব্যবহারকারীরা আর গুগল বা অ্যাপল আইডি ব্যবহার করে তাদের নিনটেন্ডো অ্যাকাউন্টে প্রবেশ করতে কিংবা নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
একই সঙ্গে গুগল অ্যাকাউন্ট লিংক করার বিনিময়ে ‘মাই নিনটেন্ডো প্লাটিনাম পয়েন্ট’ পাওয়ার যে বিশেষ সুবিধা ছিল, সেটিও বন্ধ করে দেওয়া হচ্ছে।
সম্প্রতি নিনটেন্ডোর অফিশিয়াল সাপোর্ট পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সিস্টেম পরিবর্তনের কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে এই সেবা বন্ধের সুনির্দিষ্ট সময় নির্ধারিত হবে।
অ্যাকাউন্ট সচল রাখতে করণীয়
গেমস এবং ই-শপে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার বজায় রাখতে আগামী ২৬ জানুয়ারির আগেই ব্যবহারকারীদের বিকল্প লগ-ইন ব্যবস্থা হিসেবে নিজস্ব পাসওয়ার্ড অথবা পাসকি সেট করে নেওয়ার পরামর্শ দিয়েছে নিনটেন্ডো।
পাসকি যুক্ত করার জন্য ব্যবহারকারীদের প্রথমে নিনটেন্ডোর অ্যাকাউন্ট পেজে গিয়ে লগ-ইন করতে হবে। এরপর ‘সাইন-ইন অ্যান্ড সিকিউরিটি সেটিংস’ অপশন থেকে ‘পাসকিস’ নির্বাচন করে ‘এডিট’ বাটনে ক্লিক করতে হবে।
সেখান থেকে ‘রেজিস্টার নিউ পাসকি’ বেছে নিলে ব্যবহারকারীরা নিজেদের ডিভাইসের বায়োমেট্রিক বা পিন অথেনটিকেশন পদ্ধতি ব্যবহার করে লগ-ইন সুবিধা চালু করতে পারবেন।
কেন গুগল ও অ্যাপল সাইন-ইন সুবিধা বন্ধ করা হচ্ছে কিংবা এর পেছনে কোনো নিরাপত্তাজনিত উদ্বেগ রয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি নিনটেন্ডো।
তবে অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে নির্ধারিত সময়ের আগেই ব্যবহারকারীদের অ্যাকাউন্টের লগ-ইন তথ্য হালনাগাদ করে নেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





