ব্যাংকঋণ ও ব্যবসায়িক সংকট
সামাজিক মাধ্যমে অনন্ত-বর্ষার কৃতজ্ঞতা ও দোয়া
- সাভারের শিল্পপ্রতিষ্ঠানের ব্যাংকঋণ নিয়ে আলোচনা-সমালোচনার মুখে তারকা দম্পতি।
- পৃথক ফেসবুক পোস্টে ভক্ত ও সমালোচকদের উদ্দেশে বার্তা দিয়েছেন।
- ব্যবসার প্রতিকূল সময় কাটিয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করলেন বর্ষা।
ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারের যুগে যেকোনো করপোরেট বা ব্যবসায়িক তথ্য মুহূর্তেই জনপরিসরে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সাভারে অবস্থিত শিল্পপ্রতিষ্ঠানের বিপুল ব্যাংকঋণ সংক্রান্ত খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার তুঙ্গে ওঠে। এর পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল এবং চিত্রনায়িকা বর্ষা। তাদের বিলাসী জীবনযাপন ও চলচ্চিত্রে বিনিয়োগের প্রসঙ্গ টেনে ঋণ পরিশোধ নিয়ে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুললেও অন্য অংশ কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার প্রত্যাশা জানাচ্ছে। এমন পরিস্থিতিতে পৃথক ফেসবুক পোস্টে মানুষের ভালোবাসা ও দোয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই তারকা দম্পতি।
নিজের ফেসবুক পোস্টে পবিত্র কোরআনের দুটি আয়াত উল্লেখ করে অনন্ত জলিল জানান, “আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি; আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।” যারা তার জন্য দোয়া করেছেন এবং ইতিবাচক পোস্ট ও ভিডিও প্রকাশ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, “যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজিটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।”
পাশাপাশি সমালোচনাকারীদের উদ্দেশে অনন্ত জলিল লেখেন, “যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি—যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন।”
অন্যদিকে, বর্ষার ফেসবুক পোস্টে ব্যবসা-বাণিজ্যের প্রতিকূল সময় এবং বাস্তবতার প্রসঙ্গ উঠে এসেছে। তিনি জানান, “জীবনে ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সব সময় একরকম থাকে না। কখনো ভালো সময় আসে, কখনো একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এটাই জীবনের বাস্তবতা, আর আমরা বিশ্বাস করি, আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। তার ওপর ভরসা রেখেই সামনে এগিয়ে যেতে চাই।”
অনন্ত ও পরিবারের পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বর্ষা উল্লেখ করেন, মানুষের দোয়া ও ভালোবাসা তাদের সাহস ও অনুপ্রেরণা জোগায়। স্বামী, সন্তান ও পরিবারের সবার জন্য দোয়া চেয়ে তিনি লেখেন, “আল্লাহ যেন আমাদের সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন, জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ করে দেন এবং আমাদের সবার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করেন।”
এছাড়া দেশের প্রতিটি মানুষের শান্তি, সুস্থতা ও রিজিকে বরকতের জন্যও দোয়া প্রার্থনা করেন বর্ষা।
//ডিবিটেক/এসএমসি/ এসডিও/এমএসআই//





