কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পরিবেশমন্ত্রীর আহ্বান
ন্যায্য রূপান্তরে আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তি অপরিহার্য
- ঋণের বোঝা ছাড়া সহজলভ্য জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি জরুরি
- ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ২০ শতাংশে উন্নীতের লক্ষ্য
- ২৫ কোটি বৃক্ষরোপণে সাড়ে তিন লাখ সবুজ কর্মসংস্থান হবে
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলা এবং পরিবেশবান্ধব ও স্বল্প-কার্বন অর্থনীতির দিকে অগ্রসর হতে হলে আধুনিক প্রযুক্তি হস্তান্তর ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণমুক্ত অর্থায়ন নিশ্চিত করা জরুরি। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, ১৩ নভেম্বর, শুক্রবার তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১)-এর ব্লু জোনে জাস্ট ট্রানজিশন প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত ‘ফ্রম ক্লাইমেট কমিটমেন্টস টু ডিসেন্ট ওয়ার্ক: অ্যাডভান্সিং আ জাস্ট ট্রানজিশন ফর অল’ শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এসব কথা তুলে ধরেন।
আলোচনায় পরিবেশমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ন্যায্য রূপান্তর বা জাস্ট ট্রানজিশন নিশ্চিত করতে উন্নত বিশ্বের পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য ও সহজলভ্য অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধির সহায়তা অপরিহার্য। বিশেষ করে বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য এমন আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন, যা নতুন করে ঋণের বোঝা সৃষ্টি করবে না। জলবায়ু কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জীবিকা সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক ন্যায়বিচার এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ উল্লেখ করে মন্ত্রী জানান, বাংলাদেশের জন্য ন্যায্য রূপান্তরের অর্থ শুধু স্বল্প-কার্বন অর্থনীতির দিকে অগ্রসর হওয়া নয়; বরং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের জীবিকা রক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সবার জন্য কর্মসংস্থান ও নতুন সুযোগ সৃষ্টি করা; যেখানে কোনো জনগোষ্ঠীকে পেছনে রাখা যাবে না। তিনি আরও জানান, বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) বাস্তবায়ন পরিকল্পনায় সরকার, নিয়োগকর্তা, শ্রমিক প্রতিনিধি ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় ন্যায্য রূপান্তরসংক্রান্ত একটি পৃথক ও ব্যয় নির্ধারিত অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা জলবায়ু কার্যক্রমের সঙ্গে কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নকে সমন্বিত করবে।
সবুজ প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা তুলে ধরে আবদুল আউয়াল মিন্টু জানান, সরকার ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানি খাতে সবুজ কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সরকার পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করেছে এবং ইতোমধ্যে প্রায় ৩ কোটি ৬০ লাখ চারা রোপণ করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ৩ লাখ ৫০ হাজার সবুজ কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কৃষি, মৎস্যসম্পদ, গ্রামীণ কর্মসংস্থান ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনরুদ্ধারের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
মন্ত্রী আরও জানান, ন্যায্য রূপান্তর বাস্তবায়নে শ্রমিক, নিয়োগকর্তা, নারী, যুবসমাজ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি পরিবর্তিত শ্রমবাজারের উপযোগী দক্ষতা উন্নয়ন, কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা জোরদার করতে হবে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব শিল্প, জলবায়ু-সহনশীল কৃষি এবং প্রতিবেশ পুনরুদ্ধার কার্যক্রমে নতুন কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে হবে। পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থায় রূপান্তরের ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সাশ্রয়ী অর্থায়ন, আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, এ রূপান্তর যেন বিদ্যমান কর্মসংস্থান ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিযোগিতা সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব না ফেলে।
পরিশেষে পরিবেশমন্ত্রী জানান, বাংলাদেশ এমন একটি দেশভিত্তিক ও চাহিদানির্ভর ন্যায্য রূপান্তর ব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে, যা প্যারিস চুক্তির পক্ষসমূহের সভার (সিএমএ) দিকনির্দেশনায় পরিচালিত হবে এবং স্বল্পোন্নত ও জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে বিশেষ অগ্রাধিকার দিয়ে স্থানীয় জনগোষ্ঠীর জন্য পরিমাপযোগ্য সুফল নিশ্চিত করবে।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউরোপীয় কমিশনের যৌথ আয়োজনে এবং আন্তর্জাতিক নিয়োগকর্তা সংস্থা (আইওই), আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি) ও জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজিত হয়। আইএলওর পলিসি কোহেরেন্স হাবের পরিচালক মোস্তফা কামাল গুয়ের সঞ্চালনায় প্যানেল আলোচনায় কিরিবাতির কর্মসংস্থান ও মানবসম্পদমন্ত্রী অরিয়া কিটিনা, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ড. মাহমুদ মোহিলদিন, ইন্ডিজেনাস পিপলস রাইটস ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক জোয়ান কার্লিং এবং নারী ও যুবসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
//ডিবিটেক/টিএইটইএমপি/এসসিডিই/এফওইডি//





