নির্মাণ ও জ্বালানি-পানি প্রযুক্তির আয়োজন

ছয় আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী ঢাকায় শুরু

  • ২০টির বেশি দেশের ২০০ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে
  • ৫০০টির বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন রয়েছে
  • সৌরবিদ্যুৎ, স্মার্ট লাইটিং ও পানি পরিশোধন প্রযুক্তির প্রদর্শনী

ছয় আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী ঢাকায় শুরু
১২ নভেম্বর, ২০২৬ ১২:০৩  

নির্মাণপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ, স্মার্ট লাইটিং এবং আধুনিক পানি ব্যবস্থাপনার প্রযুক্তি নিয়ে ঢাকায় শুরু হয়েছে ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী। এতে ২০টির বেশি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। রয়েছে ৫০০টির বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন। তিন দিনের এ আয়োজনে নির্মাণশিল্পের আধুনিক যন্ত্রপাতি থেকে শুরু করে সৌরশক্তি, বিদ্যুৎ অবকাঠামো এবং স্মার্ট পানি ব্যবস্থাপনার প্রযুক্তি তুলে ধরা হচ্ছে।

 ১২ নভেম্বর, বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রদর্শনীগুলোর উদ্বোধন হয়। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজিত এ প্রদর্শনী চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

ছয়টি প্রদর্শনীর মধ্যে রয়েছে ৩১তম বিল্ড বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক প্রদর্শনী, ২৫তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৬, ২৮তম পাওয়ার বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক প্রদর্শনী, ২৩তম সোলার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৬, ৮ম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৬ এবং ৮ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৬।

আইসিসিবির ৪ নম্বর হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রাশেদুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসাম্মৎ নার্গিস মুর্শিদা, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) মহাপরিচালক ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (এসআরইডিএ) সদস্য (যুগ্ম সচিব) ড. আশরাফুল আলম এবং ইনভেস্ট বাংলাদেশ-এর মহাপরিচালক (বিনিয়োগ উন্নয়ন, গবেষণা ও নীতি) গাজী এ কে এম ফজলুল হক।

নির্মাণ ও আবাসন খাতের প্রদর্শনীতে নির্মাণসামগ্রী, শিল্পকারখানার যন্ত্রপাতি, নির্মাণপ্রযুক্তি, অভ্যন্তরীণ সজ্জা ও ভবনের সমাপ্তিকরণ উপকরণ এবং আবাসন প্রকল্প তুলে ধরা হচ্ছে।

বিল্ড সিরিজে অংশ নিয়েছে লেসো বাংলাদেশ, কিংলং, আর আর ক্যাবল, জুমলায়ন, এস. এস. লিমিটেড, রহিম স্টিল, একেএস ও আকিজ ইলেকট্রনিকসসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

এ ছাড়া শ্রীলঙ্কা এক্সপোর্ট ডেভেলপমেন্ট বোর্ডের অংশগ্রহণে আইসিসিবির ৪ নম্বর হলে রয়েছে শ্রীলঙ্কা প্যাভিলিয়ন।

সৌরবিদ্যুৎ ও স্মার্ট লাইটিংয়ে নতুন প্রযুক্তি

বিদ্যুৎ, সৌরশক্তি ও আলোকসজ্জাবিষয়ক প্রদর্শনীতে নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ, স্মার্ট লাইটিং এবং সংশ্লিষ্ট প্রযুক্তি তুলে ধরা হচ্ছে।

পাওয়ার সিরিজে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এসিআই রিনিউএবেল এনার্জি, ওমেরা, হুয়াওয়ে, রহিমআফরোজ, সিমেন্স, পিডিএল (প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড), ফকির টেকনোলজিস লিমিটেড, ইউসিসি পাওয়ার, আইকন সোলার, গ্রামীণ সোলার, ওরবেড গ্রিন এনার্জি লিমিটেড এবং ফিলামেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

অন্যদিকে, ওয়াটার বাংলাদেশ প্রদর্শনীতে পানি পরিশোধন, বর্জ্যপানি ব্যবস্থাপনা এবং স্মার্ট পানি ব্যবস্থাপনার প্রযুক্তি ও সমাধান প্রদর্শিত হচ্ছে।

২০ দেশের ২০০ প্রতিষ্ঠান, ৫০০ বুথ

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের ছয়টি প্রদর্শনীতে ২০টির বেশি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রদর্শনীতে রয়েছে ৫০০টির বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন।

তিন দিনে ২০ হাজারের বেশি ব্যবসায়ী, পেশাজীবী ও দর্শনার্থীর সমাগম হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।

এদিকে, একই সময়ে ১২ থেকে ১৪ নভেম্বর আইসিসিবিতে অনুষ্ঠিত হচ্ছে ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬। স্থাপত্য, টেকসই নির্মাণ এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনা নিয়ে এ আয়োজনে থাকছে বিশেষায়িত মাস্টারক্লাস।

এ ছাড়া ‘ট্রেন্ডসেটার্স অব বাংলাদেশ’ শীর্ষক প্যানেল আলোচনা এবং ডেল্টা অ্যাওয়ার্ডপ্রাপ্ত ও প্রশংসাপত্র পাওয়া প্রকল্পগুলোর উপস্থাপনা থাকছে।

ফেস্টিভ্যালের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন আর্কিকানেক্টের প্রতিষ্ঠাতা স্থপতি জালাল আহমেদ, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট বিল্ডিংস বিষয়ক পরামর্শক এ টি এম ইকবাল চৌধুরী এবং ফেস্টিভ্যাল ডিরেক্টর স্থপতি তাহমিদা আফরোজ।

//ডিবিটেক/কেইউএ/বিডিই/এফওই//