একাডেমিক কার্যক্রম সচলে অনড় শিক্ষার্থীরা

টার্ম ফাইনাল পরীক্ষায় বসার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের

  • ১৫ ও ১৬ নভেম্বর টার্ম ফাইনাল পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা
  • অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমের পুনর্বহাল দাবি অব্যাহত থাকবে
  • পরীক্ষা ও ক্লাস বন্ধের অপতৎপরতা কঠোরভাবে প্রতিহতের ঘোষণা

টার্ম ফাইনাল পরীক্ষায় বসার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের
১৩ নভেম্বর, ২০২৬ ২৩:৩০  

দেশের শীর্ষস্থানীয় প্রকৌশল ও প্রযুক্তি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও গবেষণার স্বাভাবিক গতিধারা বজায় রাখতে সেশনজট নিরসন এবং নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরি। 

‘চুয়েটের সকল শিক্ষার্থী’ ব্যানারে  ১৩ নভেম্বর, শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা আগামী ১৫ ও ১৬ নভেম্বর নিজ নিজ বিভাগের প্রকাশিত সংশোধিত রুটিন অনুযায়ী নিয়মিত টার্ম ফাইনাল পরীক্ষায় বসার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন। শিক্ষার্থীদের গণস্বাক্ষরসহ আবেদনে সাড়া দিয়ে শিক্ষকরা এই পরীক্ষার আয়োজন করেছেন এবং ঘোষিত তারিখে পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীরা অটল রয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে শিক্ষার্থীরা জানান, অচলাবস্থার কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় পড়াশোনার ক্ষতি আর না বাড়াতে তারা নিজ নিজ বিভাগে আবেদন করেন। প্রতিটি বিভাগে বিভাগীয় প্রধান পরীক্ষা কমিটির চেয়ারম্যান হিসেবে সংশোধিত রুটিনে স্বাক্ষর করেছেন এবং সেই রুটিন অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষকরা পরীক্ষা নিচ্ছেন। তারিখ পরিবর্তিত হলেও পরীক্ষাগুলো নিয়মিত টার্ম ফাইনাল হিসেবেই অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানান, পরীক্ষায় বসা তাদের পড়াশোনা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত এবং এটিকে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নিয়োগে সম্মতি হিসেবে দেখানোর কোনো সুযোগ নেই। বরং অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের পুনর্বহালের দাবিতে তাদের অবস্থান অটুট রয়েছে। বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, কিছু মহল শিক্ষার্থীদের স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে ফিরে আসার বিষয়টি মেনে নিতে না পেরে নানা অপতৎপরতার মাধ্যমে স্বাভাবিক ক্লাস ও পরীক্ষা বন্ধের পাঁয়তারা করছে। শিক্ষার্থীদের স্বার্থবিরোধী এ ধরনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়ে তারা জানান, কোনো অস্থিতিশীলতা নয় বরং একটি সুষ্ঠু সমাধান ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ চান তারা।

বর্তমান প্রশাসনের অবস্থান নিয়ে বিবৃতিতে কঠোর বার্তা দিয়ে শিক্ষার্থীরা উল্লেখ করেন, যে উপাচার্য শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীদের দিয়ে হামলা করান, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ করে দেন এবং শিক্ষার্থীদের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম বন্ধের পাঁয়তারা করেন, সেই উপাচার্য তাদের নন। সবশেষে ঘোষিত রুটিন অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়ার পাশাপাশি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের পুনর্বহালের দাবিতে ন্যায্য আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন চুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

//ডিবিটেক/সিটিআরএইচ/এসসিডিই/এফওইডি//