জেনসেন হুয়াং প্রমাণ করলেন, এআই জগতের তারকা সিইওরা এক অদৃশ্য ঝুঁকিও বটে

জেনসেন হুয়াং প্রমাণ করলেন, এআই জগতের তারকা সিইওরা এক অদৃশ্য ঝুঁকিও বটে
১৪ নভেম্বর, ২০২৬ ১৯:৪৮  

জেনসেন হুয়াং কেবল চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান মুখ নন, বরং বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিল্পের অন্যতম প্রধান কারিগর। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিপ্লবের কেন্দ্রে থেকে তিনি এনভিডিয়াকে ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের এক বিশাল সাম্রাজ্যে পরিণত করেছেন। 

হোয়াইট হাউস থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ এবং ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার ক্ষেত্রে তিনি ছিলেন প্রতিষ্ঠানটির অপ্রতিদ্বন্দ্বী রক্ষাকবচ।

তবে সম্প্রতি চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক নারীর সঙ্গে সম্পর্কের কেলেঙ্কারিতে জড়িয়ে জেনসেন হুয়াং এখন তীব্র বিতর্কের কেন্দ্রে। এই ঘটনা ওয়াল স্ট্রিট, ওয়াশিংটন ও সিলিকন ভ্যালিতে ব্যাপক আলোড়ন তুলেছে। 

একই সঙ্গে এটি এআই খাতের একটি বড় কিন্তু উপেক্ষিত দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে- তা হলো, অকল্পনীয় ক্ষমতাসম্পন্ন এই প্রতিষ্ঠানগুলোর ভাগ্য মূলত একজন ব্যক্তির ওপরই পুরোপুরি নির্ভরশীল।

একক ব্যক্তির ওপর নির্ভরতার ঝুঁকি
কর্পোরেট জগতে ‘কি ম্যান রিস্ক’ বা একক ব্যক্তির ওপর অতি-নির্ভরতার এই ঝুঁকি কেবল এনভিডিয়ার একার নয়। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে কেন্দ্র করেই আবর্তিত হয় টেসলা ও স্পেসএক্সের সব কার্যক্রম। অন্যদিকে, ওপেনএআই মানেই যেন এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। 

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার প্রায় প্রতিটি বড় সিদ্ধান্তের পেছনেই থাকেন সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এ ছাড়া এআই নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দেওয়া অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা দারিও আমোদেই এখন প্রতিষ্ঠানটির ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের আইপিও প্রক্রিয়ার প্রধান মুখ।

ইয়র্কভিল আইভস অ্যান্ড কোম্পানির জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক ড্যান আইভস সিএনএনকে বলেন, ইতিহাসে এর আগে কখনো এত গুরুত্বপূর্ণ একটি শিল্প মাত্র হাতেগোনা কয়েকজন মানুষের নিয়ন্ত্রণে ছিল না। এআই প্রযুক্তি অত্যন্ত জটিল ও বিশেষায়িত হওয়ায় এই খাতে একক নেতৃত্বের প্রবণতা বেশি দেখা যায়, যা একই সঙ্গে আশীর্বাদ ও অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।

‘সৌরজগৎ মডেল’ ও উত্তরসূরি সংকট
ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফরি সনেনফেল্ড এই পরিস্থিতিকে নেতৃত্বের ‘সৌরজগৎ মডেল’ হিসেবে অভিহিত করেছেন, যেখানে একজন ব্যক্তিকে কেন্দ্র করেই পুরো প্রতিষ্ঠান ঘোরে। 

তার মতে, প্রতিষ্ঠাতাদের হাতে বাড়তি ক্ষমতা থাকতেই পারে, কিন্তু প্রতিষ্ঠানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ একজনের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। প্রতিষ্ঠান টিকে থাকার জন্য বিকল্প নেতৃত্ব বা শক্তিশালী উত্তরসূরি তৈরি করা অপরিহার্য।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জেনসেন হুয়াংয়ের বিষয়টি তদন্ত করতে গিয়ে একটি বড় দুর্বলতা খুঁজে পেয়েছে। তা হলো, জরুরি প্রয়োজনে তার স্থলাভিষিক্ত হওয়ার মতো কোনো যোগ্য উত্তরসূরি বা বিকল্প নেতৃত্ব প্রতিষ্ঠানটিতে তৈরি হয়নি। 

অধ্যাপক সনেনফেল্ড বিস্ময় প্রকাশ করে জানান, এনভিডিয়ার কোনো উত্তরসূরি পরিকল্পনা নেই এবং জেনসেন হুয়াং গর্ব করে বলতেন যে প্রায় ৬০ জন কর্মকর্তা সরাসরি তার কাছে জবাবদিহি করেন, যা কর্পোরেট সুশাসনের দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

কেন উত্তরসূরি পরিকল্পনা জরুরি
ওয়াল স্ট্রিটের ব্যাংকিং জায়ান্ট জেপিমরগান চেজের মতো প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিনের প্রধান নির্বাহী জেমি ডাইমনের পাশাপাশি এমন একটি শক্তিশালী নির্বাহী দল তৈরি করেছে, যেখান থেকে প্রায়ই শীর্ষ কর্মকর্তাদের ভাগিয়ে নেয় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো। কিন্তু প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর চিত্র সম্পূর্ণ ভিন্ন।

সম্প্রতি স্পেসএক্স তাদের বিনিয়োগকারীদের সতর্ক করে জানিয়েছে যে, প্রতিষ্ঠানটি ইলন মাস্কের সেবার ওপর অত্যন্ত নির্ভরশীল এবং কোনো কারণে তিনি দায়িত্বে না থাকলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কাঠামো ও কৌশলগত পরিকল্পনা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। 

এনভিডিয়ার সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদনেও সরাসরি হুয়াংয়ের নাম উল্লেখ না করে স্বীকার করা হয়েছে যে, প্রতিষ্ঠানটি তার নির্বাহী দলের ওপর অতিমাত্রায় নির্ভরশীল এবং কার্যকর উত্তরসূরি পরিকল্পনা নিশ্চিত করতে ব্যর্থ হলে দীর্ঘমেয়াদি সাফল্য বাধাগ্রস্ত হতে পারে।

 ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: সিএনএন