প্রেম ও গুপ্তচরবৃত্তি: গোপন তথ্য হাতিয়ে নিতে যেভাবে ব্যবহৃত হয় ‘হানি ট্র্যাপ’
‘হানি ট্র্যাপ’ শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে জেমস বন্ডের কোনো চলচ্চিত্রের দৃশ্য- যেখানে এক রহস্যময়ী সুন্দরী নারী নিজের রূপ ও আকর্ষণ দিয়ে কোনো ব্যক্তির কাছে ভিড়ছেন এবং প্রেমের অভিনয় করে গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছেন।
তবে এটি কেবল সিনেমার গল্প নয়, বরং বাস্তব দুনিয়ায় গুপ্তচরবৃত্তির ইতিহাসে এটি অত্যন্ত পুরোনো এবং কার্যকর একটি কৌশল। এর ফাঁদে পড়ে বহু প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্যারিয়ার ধ্বংস হওয়ার নজির রয়েছে।
সম্প্রতি এই ‘হানি ট্র্যাপ’-এর সর্বশেষ শিকার হয়েছেন বিশ্বের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, অ্যালিস হুয়াং নামের যে নারীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তিনি চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন এবং উন্নত এআই চিপ চোরাচালানে যুক্ত ছিলেন।
এক সপ্তাহের তীব্র অস্থিরতা ও বিতর্কের মুখে গত বৃহস্পতিবার এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন জেনসেন হুয়াং। যদিও বেইজিং এই গুপ্তচরবৃত্তির অভিযোগকে ‘ভিত্তিহীন অনুমান’ বলে উড়িয়ে দিয়েছে, তবে যুক্তরাষ্ট্র ও চীনের চলমান প্রযুক্তিগত প্রতিযোগিতার মাঝে এই ঘটনা নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।
কীভাবে পাতা হয় এই ফাঁদ
সাবেক সিআইএ কর্মকর্তা জন সাইফার এবং প্রতিরক্ষা নীতিবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান জেমসটাউন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পিটার ম্যাটিসের মতে, বিশ্বের প্রায় সব দেশের গোয়েন্দা সংস্থাই গুরুত্বপূর্ণ তথ্যে প্রবেশাধিকার রয়েছে এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তু করে। তবে কর্তৃত্ববাদী সরকারগুলো তাদের এজেন্টদের ওপর পারিবারিক ও মানসিক চাপ সৃষ্টি করে এ ধরনের ঝুঁকিপূর্ণ ও অনৈতিক মিশনে নামাতে বেশি পারদর্শী।
হানি ট্র্যাপ পাতার প্রধানত তিনটি কৌশল রয়েছে। প্রথমত, লক্ষ্যবস্তুকে কোনো আপত্তিকর বা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে ব্ল্যাকমেইল করা। দ্বিতীয়ত, প্রশিক্ষিত কোনো বিদেশি এজেন্টকে সরাসরি লক্ষ্যবস্তুর কাছে পাঠিয়ে প্রেমের ফাঁদে ফেলা। যেমনটি ঘটেছিল ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির তথ্য ফাঁসকারী মোরদেচাই ভানুনুর ক্ষেত্রে; মোসাদের এক নারী এজেন্ট আমেরিকান পর্যটক সেজে তাকে প্রলুব্ধ করে অপহরণ করেছিলেন। তবে বাস্তবে সবচেয়ে বেশি দেখা যায় তৃতীয় কৌশলটি- যেখানে দুজন মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি জানতে পেরে অর্থের লোভ দেখিয়ে বা ভয়ভীতি দেখিয়ে একজনকে তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করে।
ইতিহাসের আলোচিত কিছু ঘটনা
শীতল যুদ্ধের সময় পূর্ব জার্মানি সুদর্শন ও আকর্ষণীয় পুরুষদের প্রশিক্ষণ দিয়ে ‘রোমিও স্পাই’ হিসেবে গড়ে তুলেছিল, যাদের কাজ ছিল পশ্চিমা কূটনীতিক ও সাংবাদিকদের প্রলুব্ধ করা।
ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত চলা এমনই এক অদ্ভুত ঘটনায় চীনের অপেরা গায়ক শি পেই পু নিজেকে নারী পরিচয় দিয়ে বেইজিংয়ে নিযুক্ত ফরাসি কূটনীতিক বার্নার্ড বুরসিকটের সঙ্গে দীর্ঘ দুই দশক প্রেমের সম্পর্ক চালিয়ে যান। চীনা গোয়েন্দা সংস্থার চাপে পড়ে বুরসিকট দীর্ঘদিন ফরাসি দূতাবাসের গোপন নথি পাচার করেন। পরে ফ্রান্সে তারা গ্রেপ্তার হলে শি পেই পুর প্রকৃত পরিচয় বেরিয়ে আসে, যা বুরসিকটকে চরমভাবে ভেঙে দেয়।
এ ছাড়া ২০০০-এর দশকের শুরুতে চীনা-আমেরিকান নারী ক্যাটরিনা লিউংয়ের ঘটনাটিও বেশ আলোচিত। এফবিআই তাকে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির জন্য মোটা অঙ্কের অর্থ দিলেও বাস্তবে তিনি ছিলেন ডাবল এজেন্ট। তিনি এফবিআইয়ের দুজন কর্মকর্তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে মার্কিন গোপন তথ্য বেইজিংয়ে পাচার করতেন।
খোদ চীনও ২০২৪ সালে তাদের নাগরিকদের সতর্ক করে জানিয়েছিল যে, বিদেশি গোয়েন্দারা অনলাইন ডেটিং ও প্রেমের ফাঁদ পেতে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে।
এনভিডিয়া কাণ্ডে ঝুঁকির মাত্রা
বিশেষজ্ঞ জন সাইফারের মতে, হানি ট্র্যাপের সফলতার হার মাত্র ১০ শতাংশ হলেও গুপ্তচরবৃত্তির জগতে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা দু-একজন মানুষকে কবজা করতে পারাই বিশাল সাফল্য। বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে উৎপাদন, বৈজ্ঞানিক গবেষণা এবং সামরিক ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়। ফলে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীরা সব সময়ই বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান লক্ষ্যবস্তুতে থাকেন।
বিশ্লেষকদের মতে, মানুষ মাত্রই সামাজিক ও আবেগপ্রবণ প্রাণী, যার ফলে যেকোনো সম্পর্কই অপব্যবহারের ঝুঁকিতে থাকে। এই ফাঁদ থেকে বাঁচার একমাত্র উপায় হলো সব সময় সতর্ক থাকা এবং যেকোনো অস্বাভাবিক সম্পর্কের ক্ষেত্রে সন্দেহপ্রবণ হয়ে প্রশ্ন তোলা।
ডিবিটেক/বিএমটি । সূত্র: সিএনএন





