শিক্ষার্থীদের জন্য অনলাইন কোর্স

হুয়াওয়ে-ইডব্লিউইউ অংশীদারত্বে বিনামূল্যে এআই প্রশিক্ষণ

  • হুয়াওয়ে আইসিটি একাডেমির আওতায় এআই প্রশিক্ষণ চালু করবে ইডব্লিউইউতে
  • বিনামূল্যে স্বনির্ধারিত অনলাইন কোর্স করতে পারবেন শিক্ষার্থীরা
  • ছয়টি বিষয়ে প্রশিক্ষণে এআই ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর সুযোগ থাকবে

হুয়াওয়ে-ইডব্লিউইউ অংশীদারত্বে বিনামূল্যে এআই প্রশিক্ষণ
১২ অক্টোবর, ২০২৬ ১৫:০৫  

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (ইডব্লিউইউ) শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেবে হুয়াওয়ে। এ লক্ষ্যে সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাসে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। হুয়াওয়ে আইসিটি একাডেমির আওতায় চালু হতে যাওয়া এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশের ক্রমবর্ধমান প্রযুক্তি ও উদ্ভাবন খাতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন হুয়াওয়ে সাউথ এশিয়ার পাবলিক অ্যাফেয়ার্সের ব্যবস্থাপনা পরিচালক মা বেন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক। এ সময় ইডব্লিউইউর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ ওয়াসিফ রেজা, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সমাধান এবং সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্বমানের সক্ষমতা নিয়ে কাজ করছে। শিক্ষার্থীরা যাতে সেরা প্রতিষ্ঠানের কাছ থেকে এআই শিখতে পারেন, সে সুযোগ তৈরি হওয়ায় বিশ্ববিদ্যালয়টি অংশীদারত্বে সন্তুষ্ট। তার মতে, এ উদ্যোগ ইডব্লিউইউর শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজগতের উপযোগী দক্ষতা অর্জন এবং এআই-সংশ্লিষ্ট পেশায় প্রস্তুতি নিতে সহায়তা করবে। বাংলাদেশের তরুণদের দক্ষতা বাড়াতে হুয়াওয়ের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্যও উৎসাহব্যঞ্জক।

অনুষ্ঠানে মা বেন বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথভাবে কাজ করে বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়ন এবং শিল্প খাতের উপযোগী জনশক্তি গড়ে তুলতে হুয়াওয়ে প্রতিশ্রুতিবদ্ধ। ‘বাংলাদেশে, বাংলাদেশের জন্য’- এই অঙ্গীকারকে সামনে রেখে হুয়াওয়ে আইসিটি একাডেমির এআই প্রশিক্ষণ কর্মসূচি দেশের তরুণ প্রতিভা বিকাশে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। বাংলাদেশের উদ্ভাবনভিত্তিক অর্থনীতি এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ইডব্লিউইউর মতো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করার মাধ্যমে শিল্প খাত ও শিক্ষাঙ্গনের মধ্যে সংযোগ তৈরি করা এবং তরুণদের ডিজিটাল ভবিষ্যতের জন্য প্রস্তুত করা সম্ভব।

এই অংশীদারত্বের আওতায় হুয়াওয়ে ইডব্লিউইউর শিক্ষার্থীদের জন্য আইসিটি একাডেমির এআই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা প্রশিক্ষণ মডিউল চালু, শিক্ষার্থীদের নিবন্ধন এবং তাঁদের অগ্রগতি পর্যবেক্ষণ ও তদারক করবেন।

শিক্ষার্থীরা বিনামূল্যে নিজেদের সুবিধামতো সময়ে অনলাইনে প্রশিক্ষণ কোর্সগুলো সম্পন্ন করতে পারবেন। কোর্সের মধ্যে রয়েছে গণিতের মৌলিক বিষয়, কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচিতি, বুদ্ধিমান সাংস্কৃতিক কম্পিউটিং, এআইয়ের নীতি ও প্রয়োগ, এআই প্রযুক্তি ও প্রয়োগ এবং এআই প্রসেসর উন্নয়ন। এসব কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, প্রযুক্তিগত প্রয়োগ এবং সংশ্লিষ্ট দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

//ডিবিটেক/এসআরবি/এসএমপি/বিপিও//