শুরু হলো ‘সার্কেল গেমিং এরিনা’র নিবন্ধন

রবি আনল ২৫ লাখ টাকার ই-স্পোর্টস টুর্নামেন্ট

  • পাবজি ও ই-ফুটবল নিয়ে দেশের বড় ই-স্পোর্টস টুর্নামেন্ট
  • ২৫ লাখ টাকার প্রাইজমানি ও আজ থেকে মাই সার্কেল অ্যাপে রেজিস্ট্রেশন
  • তরুণদের গেমিং প্রতিভা বিকাশে রবি সার্কেলের উদ্যোগ

রবি আনল ২৫ লাখ টাকার ই-স্পোর্টস টুর্নামেন্ট
১৮ নভেম্বর, ২০২৬ ১৬:০৩  

দেশের তরুণ গেমিংপ্রেমীদের প্রতিভা বিকাশ, প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের দক্ষতা প্রদর্শন এবং ক্রমবর্ধমান গেমিং কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দিতে রবি আজিয়াটা পিএলসি'র ব্র্যান্ড 'সার্কেল' চালু করেছে বৃহৎ পরিসরের ই-স্পোর্টস টুর্নামেন্ট ‘সার্কেল গেমিং এরিনা’।

১৮ নভেম্বর, বুধবার রাজধানীর রবি করপোরেট অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের ঘোষণা দেওয়া হয়। টুর্নামেন্টে বিজয়ীদের জন্য থাকছে মোট ২৫ লাখ টাকার আকর্ষণীয় পুরস্কার।

সংবাদ সম্মেলনে রবি আজিয়াটা পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা জানান, বাংলাদেশের তরুণদের কাছে গেমিং এখন ক্যারিয়ার গঠন এবং বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জনের একটি বাস্তব মাধ্যমে পরিণত হয়েছে।

চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ব্র্যান্ড হিসেবে সার্কেল বাংলাদেশে একটি টেকসই গেমিং ইকোসিস্টেম গড়ে তুলেছে এবং এই প্রতিযোগিতা বিশ্বমানে পৌঁছে দিতে তারা কাজ করে যাচ্ছেন।

এছাড়া হেড অব সার্কেল মার্কেটিং মুহাম্মদ আব্দুল হাই জানান, বর্তমানে দেশে চার কোটির বেশি মানুষ গেমিংয়ের সঙ্গে যুক্ত এবং সার্কেলের মাধ্যমে লাখ লাখ গেমার সেবা গ্রহণ করছেন।

প্রতিযোগিতাটিতে দুটি জনপ্রিয় গেম—পাবজি মোবাইল এবং ই-ফুটবল অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে পাবজি মোবাইলের জন্য ২০ লাখ এবং ই-ফুটবলের জন্য ৫ লাখ টাকার পুরস্কার দেওয়া হবে। আজ, ১৮ নভেম্বর থেকে ‘মাই সার্কেল অ্যাপ’-এর মাধ্যমে এর নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের জন্য প্রতিটি দলের অন্তত একজন সদস্যের সার্কেল নম্বর থাকতে হবে। আগ্রহীরা অ্যাপের মাধ্যমে দলীয় তথ্য জমা দিয়ে ডিসকর্ড সার্ভারে যুক্ত হতে পারবেন।

আগের সিজনের সাফল্যের ধারাবাহিকতায় আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ল্যান ফরম্যাটে ‘সার্কেল গেমিং এরিনা ফেস্ট’-এর মাধ্যমে সম্পন্ন হবে। ইভেন্টের তারিখ ও লাইভস্ট্রিমের বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। এর আগে গত সংস্করণে ২ হাজার ৫শ'-এর বেশি গেমার অংশ নেন এবং গ্র্যান্ড ফাইনালের লাইভস্ট্রিম ইউটিউবের পাবজি মোবাইল ক্যাটাগরিতে বিশ্বব্যাপী প্রথম স্থান অর্জন করেছিল।

//ডিবিটেক/আইএইচ/এসএমপি/এমআইএসটি//