সংসদে ইন্টারনেট নিয়ে প্রশ্ন

‘আই ডু অ্যাপোলজাইজ’

  • কাশিয়ানির উড়াকান্দা গ্রামে ইন্টারনেট সংযোগের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী
  • দোয়েল কম্পিউটার ও স্কুলের আইসিটি ল্যাবের দুরবস্থার কথা তুলে ধরেছেন তিনি
  • সাইবার নিরাপত্তা আইন শিগগিরই সংসদে উপস্থাপনের কথা জানিয়েছেন ফকির মাহবুব আনাম

‘আই ডু অ্যাপোলজাইজ’
১৬ নভেম্বর, ২০২৬ ২৩:৪৬  

সংসদে প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজের ভুলে যাওয়ার কথা স্বীকার করে তিনবার ক্ষমা চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। একই সঙ্গে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার একটি গ্রামে দ্রুত ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি। মন্ত্রীর এই অকপট স্বীকারোক্তি ও দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

১৬ নভেম্বর, সোমবার জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসন-২০ থেকে নির্বাচিত সংসদ সদস্য সুবর্ণা সিকদারের প্রশ্নের জবাবে এ ঘটনা ঘটে।

প্রশ্নে সুবর্ণা সিকদার বলেন, তৃতীয় অধিবেশনে তিনি আইসিটিমন্ত্রীর কাছে কাশিয়ানি উপজেলার উড়াকান্দা গ্রামে ইন্টারনেট সংযোগ দেওয়ার আবেদন করেছিলেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না, তা জানতে চান তিনি।

জবাবে ফকির মাহবুব আনাম বলেন, ‘আই ডু অ্যাপোলজাইজ মাননীয় সংসদ সদস্যের কাছে। সত্যিকার অর্থে আমি টোটালি ভুলে গিয়েছিলাম। আপনি যদি দয়া করে আমার অফিসে একটু আসেন, তাহলে আমি আপনার সঙ্গে বসে তাৎক্ষণিক কাশিয়ানিতে ইন্টারনেট দেওয়ার ব্যবস্থা করব। যেখানে বলা দরকার, আমি বলব। আই অ্যাম সরি ওয়ানস এগেইন যে এটা আমি টোটালি ভুলে গিয়েছিলাম।’

এর আগে সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবেও নিজের বিনয়ী মনোভাবের পরিচয় দেন মন্ত্রী। প্রশ্নের উত্তর দিতে তাঁকে আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় স্পিকার উজিপাড়া ও বানিয়াপাড়াসংক্রান্ত প্রশ্নের প্রসঙ্গ তুলে উত্তর দেওয়ার সুযোগ দেন।

জবাবে মন্ত্রী দোয়েল কম্পিউটার ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত আইসিটি ল্যাবগুলোর বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘দোয়েল কম্পিউটারগুলির কোনো খোঁজ নেই। এখন পর্যন্ত যে ৯ হাজার ল্যাব দেওয়া হয়েছে, সেগুলো কাজ করে না। ইন্টারনেট নাই। টেকনিশিয়ান নাই। খোঁজখবর নিয়ে দেখেছি, এগুলো ভালো অবস্থায় নেই। এখানে করাপশনের কোনো খোঁজখবর নেওয়ার সুযোগ পাইনি। আপনি যেহেতু বললেন, আমি ইনশাআল্লাহ আমার মন্ত্রণালয়ের মাধ্যমে খোঁজখবর নেওয়ার চেষ্টা করব।’

বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে টাওয়ার শেয়ারিং গাইডলাইনের আওতায় সারিয়াকান্দিতে শতভাগ মোবাইল নেটওয়ার্ক স্থাপনে যৌথভাবে কাজ চলছে।

এ ছাড়া সম্পূরক প্রশ্নের জবাবে তিনি জানান, খুব শিগগিরই সাইবার নিরাপত্তা আইন সংসদে উপস্থাপন করা হবে।

সংসদের প্রশ্নোত্তর পর্বের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মন্ত্রীর সরল স্বীকারোক্তি ও দায়িত্ব নেওয়ার মানসিকতার প্রশংসা করছেন নেটিজেনদের অনেকে। একই সঙ্গে তারা ইন্টারনেট সংযোগ, আইসিটি ল্যাব এবং ডিজিটাল অবকাঠামোর সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

//ডিবিটেক/আইএইচ/এসএমপি/এমভিএনও//