বিপিও খাতের উন্নয়নে নতুন নেতৃত্ব
দায়িত্ব গ্রহণ করল বাক্কোর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি
- বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব নিয়েছে
- সভাপতি হিসেবে ফয়সল আলিম ও সাধারণ সম্পাদক নাহিদ হোসেন
- বিপিও এবং আইটিইএস খাতকে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করার অঙ্গীকার
দেশের তথ্যপ্রযুক্তি নির্ভর সেবা বা আইটিইএস এবং বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতকে বৈশ্বিক বাজারে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল শীর্ষ বাণিজ্য সংগঠন বাক্কোর নতুন নেতৃত্ব। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, ১২ নভেম্বর, বৃহস্পতিবার রাজধানীর বনানীর ইম্পেরিয়াল সুইস গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। অনুষ্ঠানে ২০২৪–২০২৬ মেয়াদের বিদায়ী কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি তানভীর ইব্রাহীম নবনির্বাচিত সভাপতি ফয়সল আলিমের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন এবং নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নাহিদ হোসেন।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সোহায়েল রেজা, সহ-সভাপতি আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা শওকত এবং অর্থ সম্পাদক খন্দকার আতিকুর রহমান। এছাড়া পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন মোস্তফা জামাল ইউসুফ, আশিকুর রহমান, এস এম মসিউর রহমান, ফয়সাল সালাম, মোহাম্মদ সাইফুল ইসলাম ও মো. একরামুল হায়দার। অনুষ্ঠানে বিদায়ী ও নবনির্বাচিত কমিটির সদস্যদের উপস্থিতিতে বিগত মেয়াদের কার্যক্রম, অর্জন, চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং সংগঠনের প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা বজায় রেখে দেশের বিপিও ও আইটিইএস খাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে বাক্কোর সাবেক সভাপতি তানভীর ইব্রাহীম তাঁর মেয়াদে সংগঠনের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার জন্য সদস্য প্রতিষ্ঠান, কার্যনির্বাহী কমিটির সদস্য, সচিবালয়, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং শিল্পের সকল অংশীজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, “সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতাই বাক্কোর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।” নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তিনি শিল্পের বিকাশে নতুন নেতৃত্বের সাফল্য কামনা করেন।
অন্যদিকে, নবনির্বাচিত সভাপতি ফয়সল আলিম জানান, “বাক্কোর নেতৃত্ব গ্রহণ করা আমার জন্য অত্যন্ত সম্মানের, একই সঙ্গে এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। পূর্ববর্তী নেতৃত্বের অভিজ্ঞতা ও অর্জনকে সঙ্গে নিয়ে আমরা দেশের বিপিও ও আইটিইএস শিল্পের সম্ভাবনাকে আরও বিকশিত করতে এবং সদস্য প্রতিষ্ঠানগুলোর স্বার্থ ও প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চাই। এ অগ্রযাত্রায় বাক্কোর সদস্যবৃন্দ, সাবেক ও বর্তমান কার্যনির্বাহী কমিটি, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং শিল্পের সকল অংশীজনের সক্রিয় সহযোগিতা কামনা করছি। আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণের মাধ্যমে আমরা বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পকে আরও শক্তিশালী, টেকসই ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে পারব।” অনুষ্ঠানে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ বাক্কোর নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ডের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। নতুন কমিটির নেতৃত্বে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার মাধ্যমে বিপিও ও আইটিইএস খাত নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
//ডিবিটেক/কেএমএইচএফ/এসসিডিই/এফওইডি//





