ব্রিজ রাউন্ডে প্রাইভেট ইক্যুইটি ফান্ডের মাধ্যমে শেয়ারহোল্ডার চুক্তি স্বাক্ষর

ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবুতে বিনিয়োগ করল এক্স অ্যাঞ্জেল লিমিটেড

  • দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবুতে ‘ফার্স্ট প্রাইভেট ইক্যুইটি ফান্ড’-এর মাধ্যমে বিনিয়োগ করল এক্স অ্যাঞ্জেল লিমিটেড।
  • ​ব্রিজ রাউন্ডের এ বিনিয়োগ চুক্তিতে পিকাবুর সিইও মরিন তালুকদার, এক্স অ্যাঞ্জেলের এমডি মাহীন মাজহার ও স্টার্টআপ বাংলাদেশের এমডি নুরুল হাই উপস্থিত ছিলেন।
  • ​এর আগে ২০২৩ সালের আগস্টে পিকাবুর ১৫ লাখ ডলারের প্রি-সিরিজ এ রাউন্ডে বিনিয়োগ করেছিল স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড।

ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবুতে বিনিয়োগ করল এক্স অ্যাঞ্জেল লিমিটেড
১৬ নভেম্বর, ২০২৬ ১২:৪৭  

দেশের অন্যতম জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবুতে ‘ফার্স্ট প্রাইভেট ইক্যুইটি ফান্ড’-এর মাধ্যমে বিনিয়োগ করেছে বিএসইসি অনুমোদিত অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এক্স অ্যাঞ্জেল লিমিটেড। এ উপলক্ষে সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি আনুষ্ঠানিক শেয়ারহোল্ডার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ বিনিয়োগের মাধ্যমে পিকাবুর ব্রিজ রাউন্ডে নতুন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে যুক্ত হলো এক্স অ্যাঞ্জেল।

​সোমবার (১৬ নভেম্বর, ২০২৬) গণমাধ্যমে পাঠানো তথ্য অনুযায়ী, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এক্স অ্যাঞ্জেল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ শহীদুজ্জামান। পিকাবুর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মরিন তালুকদার। এছাড়া পিকাবুর বিদ্যমান শেয়ারহোল্ডার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই এবং সহকারী ভাইস প্রেসিডেন্ট নাফিস আলম।

​অনুষ্ঠানে এক্স অ্যাঞ্জেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার বলেন, "এক্স অ্যাঞ্জেল দেশের সম্ভাবনাময় ব্যবসায়িক উদ্যোগে দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে উদ্যোক্তাদের অগ্রযাত্রার অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ। পিকাবুর মতো একটি স্বনামধন্য ও বিকাশমান ই-কমার্স প্ল্যাটফর্মে বিনিয়োগ আমাদের সেই লক্ষ্য এবং এ খাতের সম্ভাবনার প্রতি আস্থার প্রতিফলন। আমরা বিশ্বাস করি, এই অংশীদারত্ব পিকাবুর ব্যবসায়িক সম্প্রসারণ ও দীর্ঘমেয়াদি সাফল্যে ইতিবাচক ভূমিকা রাখবে।"

​পিকাবুর প্রধান নির্বাহী কর্মকর্তা মরিন তালুকদার বলেন, "এক্স অ্যাঞ্জেল লিমিটেডের সঙ্গে এই অংশীদারত্ব পিকাবুর ভবিষ্যৎ অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এক্স অ্যাঞ্জেলের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে আমরা নতুন সম্ভাবনাগুলো কাজে লাগাতে আশাবাদী।"

​স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই বলেন, "দেশে একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় বেসরকারি বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। পিকাবুতে এক্স অ্যাঞ্জেল লিমিটেডের বিনিয়োগ তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সরকারি ও বেসরকারি খাতের এমন সম্মিলিত অংশগ্রহণ উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও স্কেল-আপের পথ সুগম করে এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার পথে বাংলাদেশকে আরও এগিয়ে নেবে।"

​উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের আগস্টে পিকাবুর ১৫ লাখ মার্কিন ডলারের প্রি-সিরিজ 'এ' রাউন্ডে বিনিয়োগ করেছিল স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল), যে রাউন্ডের নেতৃত্বে ছিল আইডিএলসি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড-১।

​//ডিবিটেক/পিআরসি/এমএসআই/ এমভিএনও//

​