বৈশ্বিক স্বীকৃতি পেল বাংলালিংক ও ইওহান বুসে
টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ ইওহান বুসে
- দ্য ফাস্ট মোড অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি পুরস্কার পেল বাংলালিংক
- ইওহান বুসে টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ নির্বাচিত
- ‘সিএক্স চ্যাম্পিয়ন’ ও ‘ব্র্যান্ড আইকন’ বিভাগেও সেরা বাংলালিংক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্যাটেলাইট সংযোগ এবং সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম তৈরিতে উদ্ভাবনী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ‘দ্য ফাস্ট মোড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। এর মধ্যে টানা দ্বিতীয়বারের মতো ‘সিইও অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে এবং ‘সিএক্স চ্যাম্পিয়ন’ ও ‘ব্র্যান্ড আইকন’ বিভাগেও পুরস্কার জিতেছে বাংলালিংক।
২৪ নভেম্বর, মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, মালয়েশিয়াভিত্তিক টেলিযোগাযোগবিষয়ক গণমাধ্যম ও গবেষণা প্ল্যাটফর্ম ‘দ্য ফাস্ট মোড’ এ পুরস্কার প্রদান করে। টেলিযোগাযোগ, স্যাটেলাইট ও ডেটা সেন্টার খাতে উদ্ভাবন, নেতৃত্ব এবং শিল্পের সামগ্রিক অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়। এবারের আয়োজনে ১১টি বিভাগে ৫০০টির বেশি প্রতিষ্ঠান মনোনয়ন জমা দেয় এবং সব মিলিয়ে ৮০টির বেশি পুরস্কার দেওয়া হয়েছে।
‘টেলকো-গ্লোবাল’ বিভাগে ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন ইওহান বুসে। ডিজিটাল রূপান্তর ও সংযোগসেবায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে তার দূরদর্শী নেতৃত্ব, প্রভাব ও কার্যকর উদ্যোগের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়। ইওহান বুসের নেতৃত্বে বাংলালিংক বিনোদন, লাইফস্টাইল ও আর্থিক সেবার মতো বিভিন্ন খাতে নিজেদের ডিজিটাল সেবার পরিসর বাড়িয়েছে। প্রচলিত টেলিযোগাযোগ সেবার বাইরে গিয়ে গ্রাহকদের নানা চাহিদা পূরণে নিজস্ব একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলছে প্রতিষ্ঠানটি, যেখানে মূল কোম্পানি ভিওনের ‘ডিও১৪৪০’ ভিশন কৌশলগত দিকনির্দেশনা দিয়েছে।
বাংলালিংকের এ ডিজিটাল সেবার পরিসরে রয়েছে লাইভ খেলা, টিভি চ্যানেল ও বিনোদনমূলক অনুষ্ঠান দেখার প্ল্যাটফর্ম ‘টফি’; তরুণদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ডিজিটাল লাইফস্টাইল প্ল্যাটফর্ম ‘রাইজ’; এবং দেশের প্রথম টেলকো-অ্যাগনস্টিক অ্যাপ ‘মুক্ত’, যেখানে সব অপারেটরের গ্রাহকেরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে লগইন করতে পারেন। মুক্ত অ্যাপে গান ও গল্প শোনা, গেমিং, লাইভ খেলা দেখা, সংবাদ, ধর্মীয় পডকাস্ট ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী নানা ধরনের কনটেন্ট রয়েছে।
অন্যদিকে, দেশে ডিজিটাল আর্থিক সেবার পরিসর বাড়াতে চালু করা হয়েছে ‘মুক্ত পে’। পাশাপাশি ডিজিটাল ব্যাংক ‘নোভা’ চালুতে স্কয়ার গ্রুপের সঙ্গে অংশীদারিত্ব করেছে ভিওন। বুসের এই স্বীকৃতি বাংলালিংকের ব্যবসায়িক কৌশলে পরিবর্তনকে তুলে ধরেছে, যেখানে প্রচলিত টেলিযোগাযোগ সেবার গণ্ডি পেরিয়ে একাধিক ডিজিটাল সেবা ও পণ্যের সমন্বয়ে একটি বৃহৎ ও আন্তঃসংযুক্ত ইকোসিস্টেম গড়ে তোলা হচ্ছে।
টানা দ্বিতীয় বছরের মতো ‘সিএক্স চ্যাম্পিয়ন’ পুরস্কার পেয়েছে বাংলালিংক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে গ্রাহকসেবার অভিজ্ঞতায় পরিবর্তন আনার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের প্রথম জেনারেটিভ এআই-চালিত কথোপকথনভিত্তিক চ্যাটবট, যা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাইরের গ্রাহকদের সেবা দিচ্ছে। পাশাপাশি সেবার মানোন্নয়নে এআই প্রযুক্তি ব্যবহার করে যেকোনো সমস্যা তৈরি হওয়ার আগেই তা শনাক্ত করার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এ স্বীকৃতিতে স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে দক্ষিণ এশিয়ার প্রথম মোবাইল স্যাটেলাইট নেটওয়ার্ক চালুর বিষয়টিও বিবেচিত হয়েছে, যার মাধ্যমে গভীর সমুদ্র ও প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকেরাও সংযোগসেবা পাচ্ছেন।
‘ব্র্যান্ড আইকন অ্যাওয়ার্ড ফর পারফরম্যান্স’ বিভাগে বাংলালিংকের সম্মাননা একটি প্রচলিত টেলিযোগাযোগ অপারেটর থেকে ‘পিপল-ফার্স্ট’ ডিজিটাল অপারেটর হিসেবে ব্র্যান্ডটির রূপান্তরের স্বীকৃতি। ‘বাংলালিংক ফর ইউ’ প্রতিশ্রুতিকে সামনে রেখে গ্রাহকদের প্রয়োজন ও পছন্দকে গুরুত্ব দিয়ে পণ্য ও সেবা তৈরি করছে প্রতিষ্ঠানটি। এর প্রতিফলন রয়েছে স্টারলিংক-চালিত স্যাটেলাইট-টু-মোবাইল সংযোগ, ভিও ওয়াইফাই সেবার বিস্তার, টেকভ্যানের মাধ্যমে সাশ্রয়ী স্মার্টফোনের সঙ্গে সংযোগসেবা এবং ডেলিভারি কর্মীদের জন্য বিশেষ টেলিকম প্যাক চালু করার মতো উদ্যোগে।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান বুসে বলেন, এ স্বীকৃতি সবার জন্য আরও সমৃদ্ধ জীবন গড়ার লক্ষ্যে তাদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। বাংলালিংকে তারা বিশ্বাস করেন, প্রযুক্তি ও উদ্ভাবনের কাজ শুধু সংযোগসেবা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়; মানুষের জীবনে নতুন সম্ভাবনা তৈরি এবং জীবনযাত্রার মান উন্নয়নেও এর ভূমিকা থাকা প্রয়োজন। এ লক্ষ্য থেকেই নির্ভরযোগ্য সংযোগসেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে স্টারলিংকের মতো উদ্যোগ নেওয়া হয়েছে এবং ডিজিটাল লেনদেনের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে চালু করা হয়েছে মুক্ত পে। মানুষের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আনা এবং আরও সংযুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও ডিজিটাল সক্ষমতাসম্পন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি এ পুরস্কার বাংলালিংকের সকল কর্মীদের উৎসর্গ করেন।
//ডিবিটেক/বিআরএসসি/ডিআরই/এফওইডি//





