বুলগেরিয়ায় জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশ দল

বুলগেরিয়ায় জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশ দলে যে ৬ জন

  • বুলগেরিয়ায় জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশ দল
  • ২৯ নভেম্বর সোফিয়ার উদ্দেশ্যে রওনা দেবে
  • বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম স্বর্ণপদক জয়ের প্রত্যাশা

বুলগেরিয়ায় জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশ দলে যে ৬ জন
২৬ নভেম্বর, ২০২৬ ১৯:০৪  

আগামী ২ থেকে ৯ ডিসেম্বর বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অনুষ্ঠিতব্য ২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও ২০২৬) বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ছয় সদস্যের একটি শিক্ষার্থী দল।

২৬ নভেম্বর, বৃহস্পতিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, অনূর্ধ্ব-১৬ বছর বয়সী শিক্ষার্থীদের এই বৈশ্বিক বিজ্ঞান মেধা যাচাই আসরে প্রায় ৫০টি দেশের শিক্ষার্থীরা অংশ নেবে এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) যৌথ উদ্যোগে আয়োজিত ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও ২০২৬) মাধ্যমে এই দলটি নির্বাচিত হয়েছে।

সংবাদ সম্মেলনে এসপিএসবির সভাপতি মুনির হাসান দলের সদস্যদের সবার সামনে পরিচয় করিয়ে দেন। নির্বাচিত ছয় সদস্য হলেন- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আবরার জাহিন পাঠান, সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আহমেদ সাদ ও মোহাম্মদ সাইফান হায়দার, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী কাজী সুনেহরা ইসলাম সমৃদ্ধি ও মারজানা মানহা এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নাশওয়ান হক মাহির।

দলের প্রধান দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক এবং এসপিএসবির সাধারণ সম্পাদক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। উপ-দলনেতা হিসেবে রয়েছেন বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের সমন্বয়ক মো. রেজাউল ইসলাম এবং একাডেমিক সমন্বয়ক ফারজানা আক্তার।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী এবং এসপিএসবির কোষাধ্যক্ষ নাসির খান উপস্থিত ছিলেন। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ দল সোফিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে এবং ২ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের পর্দা উঠবে।

নিজের অনুভূতি প্রকাশ করে দলের সদস্য আহমেদ সাদ জানান, এবারের আইজেএসও দলের প্রশিক্ষণ অভিজ্ঞতা সত্যিই উপভোগ্য ছিল এবং ব্যবহারিক ল্যাব সম্পর্কে অনেক কিছু শেখার ফলে তার আত্মবিশ্বাস অনেক বেড়েছে। তিনি এবারের আসরে রৌপ্যপদক জয়ের আশা প্রকাশ করেন এবং আগামী বছর স্বর্ণপদকের জন্য প্রস্তুতি নেওয়ার কথা জানান।

সংবাদ সম্মেলনে মুনির হাসান জানান, আইজেএসওতে এখন পর্যন্ত রৌপ্য ও ব্রোঞ্জ মিলিয়ে বাংলাদেশ মোট ৪৫টি পদক জিতলেও এখনো কোনো স্বর্ণপদক জিততে পারেনি; এবার দলটি দেশে স্বর্ণপদক নিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান দলনেতা ড. ফারসীম মান্নান মোহাম্মদী জানান, এ বছর দলের ভিসা পাওয়া বেশ চ্যালেঞ্জিং ছিল, তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন অসামান্য সহায়তা প্রদান করেছে, যার জন্য তারা কৃতজ্ঞ। দলের প্রতি শুভকামনা জানিয়ে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী জানান, শিক্ষার্থীরা ব্যক্তিগত পরিচয়ে নয় বরং বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে এবং তারা দেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে ভালো ফলাফল বয়ে আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দলের সদস্য মারজানা মানহার মা রোকসানা রহমান জানান, এসপিএসবি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দলটিকে প্রস্তুত করেছে ও ভিসার কাজ করেছে, যার জন্য তারা কৃতজ্ঞ এবং বাংলাদেশ দলের সার্বিক সাফল্য কামনা করেন।

প্রসঙ্গত, এ বছর ১২তম বিডিজেএসও-এর জাতীয় পর্ব গত ২৮ আগস্ট উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে কয়েক দফা বাছাইয়ের মাধ্যমে আইজেএসও ২০২৬-এর জন্য বাংলাদেশ দল গঠন করা হয়। আন্তর্জাতিক আসরের প্রস্তুতির জন্য গত ১৫ সেপ্টেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ধানমন্ডির মাকসুদুল আলম বিজ্ঞান ল্যাবে (মাসল্যাব) বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনলাইন ও সরাসরি এই ক্যাম্পে প্রশিক্ষণ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম নুরুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাহমিনা ইসলাম, যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির স্টাফ সায়েন্টিস্ট ড. মো. মনিরুজ্জামান এবং মাকসুদুল আলম বিজ্ঞান ল্যাবের (মাসল্যাব) মেন্টররা।

১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৬) যৌথভাবে আয়োজন করে এসপিএসবি এবং বিএফএফ। আন্তর্জাতিক পর্বে দলের অংশগ্রহণে সহায়তা প্রদান করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ও কমিউনিটি ব্যাংক এবং প্লাটিনাম স্পনসর হিসেবে ছিল আনিসুল হক ফাউন্ডেশন। এছাড়া সার্বিক আয়োজনে সহযোগিতা করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), মাসল্যাব, রকমারি ডটকম, এসিআই অদম্য মেধাবী এবং আইইউবিএটি।

//ডিবিটেক/এমএম/এসএমপি/এমআইএসটি//