নিবন্ধন প্রক্রিয়া পর্যালোচনায় কমিটি গঠনের ঘোষণা তথ্য প্রতিমন্ত্রীর; নিষিদ্ধ সংগঠনের প্রচারে সতর্কতা
অনিবন্ধিত পোর্টাল বন্ধ ও সরকারি বিজ্ঞাপনসহ ৪ দফা দাবি ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর
- অনিবন্ধিত পোর্টাল বন্ধ, সরকারি বিজ্ঞাপন, বার্ষিক নবায়ন ফি বাতিল ও ঠিকানা পরিবর্তন সহজীকরণের ৪ দফা দাবি অনলাইন এডিটরস ফোরামের
- দেশে নিবন্ধিত ২৮৩টি পোর্টালের বাইরে হাজারো অনিবন্ধিত সাইটের অপপ্রচার রোধে গোয়েন্দা ছাড়পত্রের আগে নিউজ চালু না করার প্রস্তাব
- অনলাইন পোর্টাল নিবন্ধন ও স্বীকৃতি পর্যালোচনায় কমিটি গঠনের উদ্যোগ এবং নির্ভয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
শুধু ডোমেইন কিনে ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশে পরিচালিত হাজার হাজার অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধসহ চার দফা দাবি জানিয়েছে শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’। সংগঠনটির অন্য দাবিগুলো হলো—নিবন্ধিত পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন প্রদান, বার্ষিক পাঁচ হাজার টাকা নবায়ন ফি বাতিল এবং কার্যালয়ের ঠিকানা পরিবর্তনের জটিল প্রক্রিয়া সহজীকরণ।
১৬ নভেম্বর, সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব দাবি ও লিখিত প্রস্তাবনা তুলে ধরেন ফোরামের নেতারা।
লিখিত প্রস্তাবে ফোরামের পক্ষ থেকে জানানো হয়, দেশে বর্তমানে সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা মাত্র ২৮৩টি। কিন্তু এর বাইরে কয়েক হাজার ওয়েবসাইট ও ফেসবুক পেজ নিজেদের নিউজ পোর্টাল দাবি করে পরিচালিত হচ্ছে, যা সাধারণ পাঠকদের বিভ্রান্ত করছে এবং পেশাদার সাংবাদিকতার পরিবেশ নষ্ট করছে। ফোরাম দাবি করে, মতপ্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখেই এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। সংবাদপত্র বা টেলিভিশনের মতো নিবন্ধন ছাড়া কোনো পোর্টাল পরিচালনার সুযোগ বন্ধ করতে হবে এবং অন্তত গোয়েন্দা সংস্থার ছাড়পত্র পাওয়ার আগে কোনো পোর্টালের সংবাদ প্রকাশ চালু না করার নিয়ম করতে হবে।
সরকারি বিজ্ঞাপনের বিষয়ে ফোরাম জানায়, অন্তর্বর্তী সরকারের মিডিয়া কমিশনের সুপারিশ অনুযায়ী কেবল নিবন্ধিত স্বতন্ত্র অনলাইন পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপন দেওয়ার প্রজ্ঞাপন জারি করতে হবে। যেসব প্রিন্ট ও টিভি মিডিয়ার অনলাইন সংস্করণ রয়েছে, তারা ইতোমধ্যেই রাষ্ট্রীয় সুবিধা পাওয়ায় তাদের বাইরে রেখে কেবল নিবন্ধিত অনলাইন পোর্টাল ও সরকারি বার্তা সংস্থা বাসসকে এর আওতায় আনলে বৈষম্য দূর হবে এবং সরকারি কোষাগারের ওপর চাপ কমবে। এছাড়া একবার লাইসেন্স পাওয়ার পর বার্ষিক ৫ হাজার টাকা নবায়ন ফি বাতিল, ঠিকানা পরিবর্তনে একাধিক সংস্থার হয়রানিমূলক তদন্ত প্রক্রিয়া সহজ করা এবং ফেসবুক থেকে অর্জিত আয়ের ন্যায্য অংশ প্রাপ্তির দাবি জানানো হয়।
বৈঠকে দাবিগুলো উপস্থাপন করেন ফোরামের আহ্বায়ক ও রাজনীতি ডটকমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু এবং সদস্যসচিব ও ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা ও সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনুছ, জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক কে এম জিয়াউল হক, খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম, বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক উদিসা ইসলাম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের সম্পাদক মো. শাহাদাত হোসেন এবং রাইজিং বিডির সাবেক নির্বাহী সম্পাদক তাপস রায়।
মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, "সামাজিক মাধ্যমে ভুয়া খবর এবং মিথ্যা তথ্য ছড়ানোর প্রবণতা রোধে সরকারের পাশাপাশি অংশীজনদের সহযোগিতা অত্যন্ত জরুরি। ফেসবুক বা ইউটিউবের অ্যালগরিদম ও বাণিজ্যিক স্বার্থের কারণে প্রতিটি পেইজ সার্বক্ষণিক মনিটর করা কঠিন হলেও মানহানিকর, বিকৃত বা ভুয়া সংবাদ রোধে সরকার কাজ করছে।" এ সময় রাজনৈতিক প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে কিংবা সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নেই।
অন্যদিকে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, অনলাইন পোর্টালগুলোর নিবন্ধন, স্বীকৃতি ও সুযোগ-সুবিধার বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে এবং এ বিষয়ে দ্রুত একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে তিনি বলেন, "বর্তমান সরকার গণমাধ্যমের ওপর কোনো নিয়ন্ত্রণ বা চাপ প্রয়োগে বিশ্বাস করে না। আপনারা খোলামনে সরকারের ভুল-ত্রুটি ও উন্নয়ন উভয়ই তুলে ধরবেন।"
তবে সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী ২০২৫ সালের ১২ মে প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনের কথা স্মরণ করিয়ে দেন। ওই প্রজ্ঞাপন অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম বা প্রচার-প্রচারণা প্রচারের ক্ষেত্রে বিদ্যমান আইন মেনে চলতে এবং বিদেশের ঘটনার সংবাদে শিরোনামে স্থান বা দেশের নাম স্পষ্ট করে পাঠকের বিভ্রান্তি এড়ানোর পরামর্শ দেন তিনি।
//ডিবিটেক/ এসমই/এমআইএস/ এমভিএনও//





