রবি'র ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’
ডেটা ছাড়াই চলবে ইনস্টাগ্রাম!
- মেটার অংশীদারিত্বে নতুন এই সেবা চালু করেছে রবি
- ডেটা ব্যালেন্স শেষ হলেও ইনস্টাগ্রামে সংযুক্ত থাকা যাবে
- রবি ও এয়ারটেল উভয় গ্রাহকই এই সুবিধা পাবেন
ইন্টারনেট ডেটা ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার পরও গ্রাহকদের নিরবচ্ছিন্নভাবে ইনস্টাগ্রামে সংযুক্ত থাকার সুযোগ দিতে ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ নামে একটি নতুন সেবা চালু করেছে মোবাইল অপারেটর রবি।
২৩ নভেম্বর, সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার সঙ্গে অংশীদারিত্বে তৈরি এই ফিচারটির মাধ্যমে রবি ও এয়ারটেল (সার্কেল) উভয় গ্রাহকই ডেটা ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার পর স্বল্প-ডেটা নির্ভর সংস্করণে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি ব্যবহার অব্যাহত রাখতে পারবেন।
কোনো গ্রাহকের ইন্টারনেট ডেটা ব্যালেন্স শেষ হয়ে গেলে ইনস্টাগ্রাম অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ‘বেসিক মোডে’ রূপান্তরিত হবে। এই মোডে থাকাকালীন একটি নির্দিষ্ট দৈনিক সীমার মধ্যে গ্রাহকরা নিউজফিড দেখা, স্ক্রল করা এবং প্রয়োজনীয় আপডেট পাওয়ার সুবিধা উপভোগ করতে পারবেন।
নতুন ডেটা প্যাক কেনা পর্যন্ত গ্রাহকদের ডিজিটাল সংযোগের ঘাটতি দূর করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি, ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম থেকেই সরাসরি ডেটা প্যাক টপ-আপ করার প্রক্রিয়াকেও আরও সহজ করবে এই সেবা। মেটার বিভিন্ন অ্যাপে রবির বিদ্যমান ডিজিটাল সেবাগুলোর ধারাবাহিকতায় এই উদ্যোগ দেশজুড়ে গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করবে।
//ডিবিটেক/এসএমই/এমআইএস//





