সোলানা ব্লকচেইন ব্যবহারে সাইবার হামলা

জনপ্রিয় সিনেমার টরেন্ট ফাইলে ছড়াচ্ছে ভয়াবহ ম্যালওয়্যার

  • দ্য ওডিসিসহ জনপ্রিয় সিনেমার টরেন্ট ফাইলের ছদ্মবেশে নতুন ম্যালওয়্যার ছড়াচ্ছে হ্যাকাররা
  • অ্যান্টিভাইরাস স্যান্ডবক্স ও উইন্ডোজ ইউএসি এড়িয়ে ডিভাইসের দূরবর্তী নিয়ন্ত্রণ নেয় ম্যালওয়্যারটি
  • কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভার ঠিকানা সংগ্রহে সোলানা ব্লকচেইন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে

জনপ্রিয় সিনেমার টরেন্ট ফাইলে ছড়াচ্ছে ভয়াবহ ম্যালওয়্যার
১৯ নভেম্বর, ২০২৬ ১১:০৬  

জনপ্রিয় সিনেমার টরেন্ট ফাইলের ছদ্মবেশে নতুন ম্যালওয়্যার ছড়িয়ে বিশ্বজুড়ে বহুধাপের সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা। ১৯ নভেম্বর, বৃহস্পতিবার ক্যাসপারস্কির গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম (জিআরইএটি) সম্প্রতি উদ্ঘাটিত এই সাইবার হামলার তথ্য প্রকাশ করে। গত আগস্টের মাঝামাঝি সময় থেকে সক্রিয় এই হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে সাধারণ ব্যক্তি ও করপোরেট, সরকারি, তথ্যপ্রযুক্তি, পরামর্শক, খুচরা ব্যবসা, পরিবহন এবং কৃষি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘দ্য ওডিসি’সহ জনপ্রিয় সিনেমার নামে টরেন্ট ট্র্যাকারগুলোতে এই ম্যালওয়্যারটি ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং একটি জনপ্রিয় উন্মুক্ত টরেন্ট আর্কাইভও হ্যাক করে ম্যালওয়্যার সরবরাহের কাজে ব্যবহার করা হয়েছে। ম্যালওয়্যারটি এমন একটি উন্নত লোডার ব্যবহার করে, যা নিরাপত্তা বিশ্লেষণের জন্য ব্যবহৃত অ্যান্টিভাইরাস স্যান্ডবক্স শনাক্ত করে বিশ্লেষণ ও শনাক্তকরণ এড়িয়ে যেতে সক্ষম। একবার চালু হলে এর অতিরিক্ত মডিউলগুলো কম্পিউটার পুনরায় চালু হওয়ার পরও সক্রিয় থাকে এবং উইন্ডোজের ইউজার অ্যাকাউন্ট কনট্রোল (ইউএসি) ব্যবস্থার নিরাপত্তা সতর্কতা এড়িয়ে প্রশাসনিক অনুমতি নিয়ে হামলাকারীদের দূর থেকে ডিভাইস নিয়ন্ত্রণের সুযোগ করে দেয়। পাশাপাশি কমান্ড অ্যান্ড কন্ট্রোল (C2) সার্ভারের ঠিকানা সংগ্রহে সোলানা ব্লকচেইন ব্যবহার করায় হামলার নিয়ন্ত্রণব্যবস্থা বন্ধ বা অকার্যকর করা আরও কঠিন হয়ে পড়েছে।

ক্যাসপারস্কির জিআরইএটি-এর নিরাপত্তা বিশেষজ্ঞ কনস্ট্যান্টিন ইসাকভ জানান, সাধারণ একটি প্রলোভনের সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারই এই হামলার বিশেষ দিক। তিনি বলেন, “জনপ্রিয় সিনেমার টরেন্ট ফাইলের ছদ্মবেশে ম্যালওয়্যার ছড়িয়ে হামলাকারীরা ব্যবহারকারীদের অজান্তে ফাইলটি ডাউনলোড করার সম্ভাবনা বাড়াচ্ছে। ফাইলটি চালু হওয়ার পর ম্যালওয়্যারটি কয়েকটি ধাপে নিরাপত্তাব্যবস্থার নজর এড়িয়ে যায়, ডিভাইসে নিজের অবস্থান স্থায়ী করে এবং হামলাকারীদের দূর থেকে সেটি নিয়ন্ত্রণের সুযোগ দেয়। তাই অনানুষ্ঠানিক উৎস থেকে ফাইল ডাউনলোডের ক্ষেত্রে ব্যবহারকারীদের বিশেষ সতর্ক থাকা উচিত। বিনোদনের জন্য ডাউনলোড করা আপাতদৃষ্টিতে নিরীহ কোনো ফাইলও সাইবার হামলার মাধ্যম হতে পারে।”

ক্যাসপারস্কির নিরাপত্তা সলিউশনগুলো এই ম্যালওয়্যার শনাক্ত করতে সক্ষম বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। নিরাপদ থাকতে ব্যবহারকারীদের বিশ্বস্ত উৎস থেকে সফটওয়্যার ডাউনলোড, নির্ভরযোগ্য নিরাপত্তা সলিউশন ব্যবহার এবং অ্যান্টিভাইরাস সুরক্ষা কখনো বন্ধ না করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে তৃতীয় পক্ষের সফটওয়্যার ব্যবহারে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন, ইপিপি, ইডিআর ও এক্সডিআর সলিউশন ব্যবহার এবং সাইবার হুমকি মোকাবিলায় থ্রেট ইন্টেলিজেন্স ও ম্যানেজড সিকিউরিটি সার্ভিস কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছে ক্যাসপারস্কি।

//ডিবিটেক/এসএসএমসি/এমআইএসটি/এমভিএনও//