ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ অগ্রগতি
জাতিসংঘ অনলাইন সেবা সূচকে ৫১তম অবস্থানে বাংলাদেশ
- জাতিসংঘের অনলাইন সার্ভিস ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ৫১তম
- ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে তিন ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ
- দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানের চেয়ে এগিয়ে
সরকারি অনলাইন সেবার মানোন্নয়ন এবং নাগরিকদের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, জাতিসংঘের ‘অনলাইন সার্ভিস ইনডেক্স (ওএসআই)’-এ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ স্কোর অর্জন করে বিশ্বব্যাপী ৫১তম অবস্থানে উঠে এসেছে দেশ। এই অর্জনের পেছনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তর-সংস্থার সমন্বিত প্রচেষ্টার পাশাপাশি তথ্য সংগ্রহ, যাচাই ও সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এস্পায়ার টু ইনোভেট (এটুআই)।
গত ১৯ নভেম্বর প্রকাশিত জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের (ইউএনডেসা) ‘ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬’ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ৯৭তম অবস্থানে উঠে এসেছে, যা ২০২৪ সালে ছিল ১০০তম। একই সময়ে বাংলাদেশের ইজিডিআই স্কোর ০.৬৫৭০ থেকে বৃদ্ধি পেয়ে ০.৬৮৯৩-এ দাঁড়িয়েছে। এই মূল্যায়নে বাংলাদেশ ‘হাই ইজিডিআই’ (High EGDI) গ্রুপে নিজের অবস্থান ধরে রেখেছে।
তিনটি সমান গুরুত্বপূর্ণ উপ-সূচকের গড়ের ভিত্তিতে ইজিডিআই নির্ধারিত হয়—অনলাইন সার্ভিস ইনডেক্স (ওএসআই), টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স (টিআইআই) এবং হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স (এইচসিআই)। এ বছরের মূল্যায়নে বাংলাদেশের ওএসআই স্কোর ০.৭৩৭৪ থেকে বেড়ে সর্বকালের সর্বোচ্চ ০.৮১৬৮-এ পৌঁছেছে। একই সময়ে টিআইআই স্কোর ০.৬৪৮৫ থেকে বেড়ে ০.৬৯৯৭ হয়েছে, যেখানে এ বছর নতুন করে ‘ই-গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার’ উপাদান যুক্ত করা হয়েছে। এছাড়া হিউম্যান ক্যাপিটাল ইনডেক্সে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ০.৫৫১৫ এবং নাগরিক অংশগ্রহণমূলক ‘পার্টিসিপেশন অ্যান্ড এনগেজমেন্ট’ মাত্রায় স্কোর হয়েছে ০.৭৯৩১।
জাতিসংঘের প্রতিবেদনে বাংলাদেশকে এমন ১৭টি দেশের একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে সামগ্রিক ইজিডিআই স্তরের চেয়ে অনলাইন সেবার মান অনেক বেশি উন্নত। অবকাঠামোসহ বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও অনলাইন সেবার উন্নয়নে ধারাবাহিক বিনিয়োগের কারণে এই সাফল্য এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আঞ্চলিক পর্যায়েও দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা (১১০তম), মালদ্বীপ (১০৭তম), নেপাল (১১২তম) এবং পাকিস্তানের (১১৯তম) চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। পাশাপাশি ‘লোকাল অনলাইন সার্ভিস ইনডেক্স’-এ ০.৭২২৮ স্কোর নিয়ে ঢাকা শহর (ঢাকা উত্তর সিটি কর্পোরেশন) বিশ্বব্যাপী ৭২তম স্থান অর্জন করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতিসংঘের এই জরিপের প্রস্তুতিমূলক কার্যক্রমে এটুআই বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার সঙ্গে পরামর্শ সভার আয়োজন করে মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করে এবং সরকারি পোর্টালগুলোতে নিয়মিত তথ্য হালনাগাদে উৎসাহিত করে। উল্লেখ্য, ২০০৩ সাল থেকে প্রতি দুই বছর পরপর ইউএনডেসা এই জরিপ প্রকাশ করে আসছে; যেখানে এ বছর প্রথমবারের মতো সরকারি কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
//ডিবিটেক/এসএসসি/ডিইওই//





