মেধাবী নবীন চিকিৎসকদের বিশেষ সম্মাননা
শীর্ষ ১০ চিকিৎসককে সম্মাননা দিল ইউনিভার্সেল মেডিকেল
- এমবিবিএস ফাইনাল পরীক্ষায় সেরা ১০ নবীন চিকিৎসককে সম্মাননা।
- ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট ও স্টেথোস্কোপ পেলেন বিজয়ীরা।
- চিকিৎসা শিক্ষায় মেধা বিকাশে ধারাবাহিকভাবে আয়োজন চলবে।
চিকিৎসা শিক্ষায় মেধা বিকাশ, উদ্ভাবনী শক্তির অনুপ্রেরণা এবং আধুনিক স্বাস্থ্যসেবায় তরুণ চিকিৎসকদের উৎসাহিত করতে দ্বিতীয়বারের মতো ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা ২০২৬’ আয়োজন করেছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা (মে ২০২৬)-এ সর্বোচ্চ ফলাফল অর্জনকারী দশজন মেধাবী নবীন চিকিৎসককে এই স্বীকৃতি দেওয়া হয়।
মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে ২৫ নভেম্বর, বুধবার দুপুরে এই সম্মাননা অনুষ্ঠান আয়োজিত হয়। সাধারণ মানুষ চিকিৎসকদের পরীক্ষার মেধাক্রম সম্পর্কে অবগত নয় বলে এই বিশেষ তথ্য তুলে ধরতে এবং মেধাবী চিকিৎসকদের অনুপ্রাণিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।
ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং উদ্ভাবনী শক্তিকে অনুপ্রাণিত করতেই তাদের এই উদ্যোগ। ইউনিভার্সেল মেডিকেল কলেজ সদা মেধার সম্মান ও মানবিকতার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি জানান, ঢাকাসহ সারা দেশের জটিল ও মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসা দেওয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. নূরুল ইসলাম, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সাবেক ডিন ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল, ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল, গণমাধ্যম ব্যক্তিত্ব, চিন্তক ও বিতার্কিক ডা. আব্দুন নূর তুষার, শিক্ষকদের পক্ষ থেকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারির বিভাগীয় প্রধান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দীপু এবং গণমাধ্যমের পক্ষ থেকে লেফটেন্যান্ট কর্নেল (অব.) মীর মো. মোতাহার হাসান, সিইও অ্যান্ড অ্যাডভাইজর, এটিএন বাংলা।
বক্তারা আয়োজনটিকে চিকিৎসা শিক্ষায় যুগান্তকারী উদ্যোগ হিসেবে অভিহিত করে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের প্রশংসা করেন এবং সম্মাননাপ্রাপ্ত চিকিৎসকেরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চূড়ান্ত পেশাগত এমবিবিএস পরীক্ষায় মেধাতালিকায় শীর্ষ দশে স্থান পাওয়া নবীন চিকিৎসকেরা হলেন—প্রথম ডা. সাফিয়া তাসনিম সেমন্তি (ঢাকা মেডিকেল কলেজ, প্রাপ্ত নম্বর ১৩৩৭), দ্বিতীয় ডা. ফারিহা রহমান (ঢাকা মেডিকেল কলেজ, প্রাপ্ত নম্বর ১৩৩৪), তৃতীয় ডা. আল ইশরাত জাহান ঈশিতা (ঢাকা মেডিকেল কলেজ, প্রাপ্ত নম্বর ১৩০৮), চতুর্থ ডা. ইসরাত নাজিয়া তানিন (পটুয়াখালী মেডিকেল কলেজ, প্রাপ্ত নম্বর ১২৯২), যুগ্মভাবে পঞ্চম ডা. সিফাত-ই-সাদিকা (ঢাকা মেডিকেল কলেজ, প্রাপ্ত নম্বর ১২৯০) ও ডা. মো. তৌহিদুল ইসলাম (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, প্রাপ্ত নম্বর ১২৯০), সপ্তম ডা. নামান মুখিজা (ভারত, তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ, প্রাপ্ত নম্বর ১২৮৯) এবং যুগ্মভাবে অষ্টম ডা. নাহিদ ইসলাম শমী (পটুয়াখালী মেডিকেল কলেজ, প্রাপ্ত নম্বর ১২৮৮), ডা. মাহমুদুন নবী ইমন (ঢাকা মেডিকেল কলেজ, প্রাপ্ত নম্বর ১২৮৮) ও ডা. আলিফ সানজানা রুমু (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, প্রাপ্ত নম্বর ১২৮৮)।
শীর্ষস্থানীয় এই ১০ জন ইন্টার্ন চিকিৎসককে সম্মাননা ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট, লিটম্যান ক্ল্যাসিক স্টেথোস্কোপ (ইউএসএ) ও উপহার সামগ্রী দেওয়া হয় এবং অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। চিকিৎসা শিক্ষায় মেধা বিকাশে এই আয়োজন ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপস্থাপিকা শান্তা জাহান এবং সমন্বয় করেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি. এফ. জামান।
//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইডি//





