বিইউবিটিতে ৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত

বিইউবিটিতে ৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
১৬ মে, ২০২৬ ২১:০১  

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে অনুষ্ঠিত হলো ‘৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬’-এর জাতীয় পর্ব। সারা দেশ থেকে কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করে দিনব্যাপী প্রোগ্রামিং, গাণিতিক যুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক নানা চ্যালেঞ্জে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন। 

প্রতিযোগিতায় এআই কুইজে ১৪ জন এবং কোডিং চ্যালেঞ্জে ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। কোডিং চ্যালেঞ্জে “সেরাদের সেরা” হয়েছেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের লাবিব শাহরিয়ার, আর কুইজে “সেরাদের সেরা” হয়েছেন ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামের সায়েদ মোহাম্মদ রাফান। মেয়েদের মধ্যে সেরা হয়েছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নুজহাত বিনতে নাজিম।

এছাড়া এআই চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বিজয়ীরা হয়েছেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় এর লাবিব শাহরিয়ার, নটর ডেম কলেজ, ঢাকা এর ত্রিদিব রায় অর্ঘ্য, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর নুজহাত বিনতে নাজিম, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এর আরিয়ান আবরার চৌধুরী, দারুসসালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয় এর নওফেল রহমান, ঢাকা কলেজ এর মো. শোয়েব হাসান, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এর আকীদ ইকবাল হক, নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়, নওগাঁ এর নিশান সরকার, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল এর নাইরাহ নাওয়ার আহমেদ, মৌলভীবাজার সরকারি কলেজ এর সাইদুজ্জামান আরাফ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মোমেনশাহী এর মুয়াজ আব্দুল্লাহক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর এর মুহতাসিম ইশমাম, মাইলস্টোন কলেজ এর মো. জাফর সাদিক আকন্দ, ন্যাশনাল আইডিয়াল স্কুল এর মুর্তজা আব্দুল্লাহ এবং অমৃতলাল দে কলেজ, বরিশাল এর জুয়াইরিয়া অপ্সরা

এআই কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এর সায়েদ মোহাম্মদ রাফান, রাজউক উত্তরা মডেল কলেজ এর খুবাইব মুশফির, কুমিল্লা জিলা স্কুল এর আবু ইশরাক জিৎ, সৃষ্টি একাডেমিক স্কুল এর তাহমিদ আহমেদ, নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর আতিক হাসান তানভীর, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এর সুপ্রতিক নাথ, লিজেন্ড ইন্টারন্যাশনাল স্কুল (এলআইএস) এর কাজী মুস্তাওয়াস্সিতুল হক, সাউথ ব্রিজ স্কুল উত্তরা এর সাজিদ নূর আয়মান, সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ এর আব্দুল্লাহ আল খালিদ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর এর সাদিয়া মাহজাবিন, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এর মুস্তানির চৌধুরী রাকিন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর এর শাহ মো. সাব্বির, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট এর আরিফুল ইসলাম এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর মো. তকী আবরার চৌধুরী

বিজয়ীদের ট্রফি, জাদু পিসি, মেডেল, টি-শার্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

১৬ মে, শনিবার সকাল ৮টায় নিবন্ধনের মাধ্যমে শুরু হয় প্রতিযোগিতা। এরপর শিক্ষার্থীরা এআই কুইজ ও এআই কোডিং চ্যালেঞ্জে অংশ নেন। কোডিং প্রতিযোগিতা চলে সকাল ৯টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত, আর কুইজ অনুষ্ঠিত হয় সকাল ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত। কুইজ শেষে শিক্ষার্থীদের জন্য জাদু পিসি’র এআই ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম একটি বিশেষ সেশন পরিচালনা করেন। পরে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান “টেনএক্স মাইন্ড” বিষয়ে বক্তৃতা দেন।

দু

পুরে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা এআই নিয়ে নানা প্রশ্ন করেন অতিথিদের কাছে। উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ডিন আসিফ ইকবাল, লিংক থ্রি টেকনোলজির সিটিও রাকিবুল হাসান, আইকনিক-এর সিইও শাইফুল ইসলাম, রিভ চ্যাট-এর হেড অব গ্রোথ মামুনুর রউফ এবং কানেক্টেড এজেন্টস-এর টেক লিড মোতাসিম বিল্লাহ মৃদুল।

সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. শওকত আলী। তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা আজ আর ভবিষ্যতের স্বপ্ন নয়, এটি আমাদের বর্তমানের বাস্তবতা। আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে প্রযুক্তিতে এগিয়ে নিয়ে যাবে।” তিনি ঘোষণা করেন, বিজয়ীরা বিইউবিটিতে ভর্তির ক্ষেত্রে ১০০% ওয়েভার সুবিধা পাবেন।

সভাপতির বক্তব্যে সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব বলেন, “এই প্রতিযোগিতা কেবল পুরস্কার জেতার আয়োজন নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আজীবন অনুরাগ তৈরির প্রচেষ্টা।”

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) জানায়, জাতীয় পর্বের বিজয়ীরা আগামী মে মাসে জাতীয় ক্যাম্পে অংশ নেবেন। সেখান থেকে বাছাইকৃত শিক্ষার্থীরা এশিয়া প্যাসিফিক এআই অলিম্পিয়াড এবং আগস্টে কাজাখস্থানে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

ডিবিটেক/এমএম/এমইউএম