অবশেষে মেসেজ শিডিউল সুবিধা আনল হোয়াটসঅ্যাপ

অবশেষে মেসেজ শিডিউল সুবিধা আনল হোয়াটসঅ্যাপ
২৬ নভেম্বর, ২০২৬ ০৯:৩৪  

ব্যক্তিগত ও গ্রুপ- উভয় ধরনের চ্যাটেই আগে থেকে সময় নির্ধারণ করে বার্তা পাঠানোর (মেসেজ শিডিউল) বহুল প্রতীক্ষিত ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। বুধবার বিশ্বব্যাপী আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে এই সুবিধা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

ফিচারটি চালু হলে বার্তা লিখে ‘সেন্ড’ বাটনে চেপে ধরে রাখলেই সময় নির্ধারণের অপশন পাওয়া যাবে। এর মাধ্যমে বর্তমান সময় থেকে সর্বনিম্ন ১০ মিনিট এবং সর্বোচ্চ ১৪ দিন পরের যেকোনো সময়ে বার্তা পাঠানোর সময় ঠিক করা যাবে। 

ফোন বন্ধ থাকলেও যাবে বার্তা 
ব্যবহারকারীরা শিডিউল করা সব বার্তা এক জায়গায় দেখতে পারবেন এবং প্রয়োজনে পাঠানোর আগেই তা মুছে ফেলতে পারবেন। তবে নির্ধারিত সময়ের তালিকা পরে সম্পাদনা (এডিট) করার সুযোগ আছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

এই ফিচারের বড় একটি সুবিধা হলো- নির্ধারিত সময়ে ব্যবহারকারীর ফোন বন্ধ থাকলেও বা নেটওয়ার্ক কাভারেজের বাইরে থাকলেও বার্তাটি ঠিকই পৌঁছে যাবে। কেবল সাধারণ টেক্সট নয়, ছবি ও ভিডিও যুক্ত বার্তাও আগে থেকে শিডিউল করে রাখা যাবে। 

কাদের কী কাজে লাগবে 
ভিন্ন টাইমজোনে থাকা কাউকে ঠিক সময়ে জন্মদিনের শুভেচ্ছা জানানো কিংবা রাতের বেলায় মনে পড়া কোনো কাজের কথা পরদিন সকালে পাঠানোর ক্ষেত্রে ফিচারটি বেশ কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া গ্রাহকদের নিয়মিত আপডেট দিতে ব্যবসাপ্রতিষ্ঠান এবং টিমের সদস্যদের সাথে সমন্বয় করতে কর্মক্ষেত্রেও এর ব্যবহার বাড়বে।

যদিও টেলিগ্রাম ও সিগন্যালের মতো প্রতিদ্বন্দ্বী মেসেজিং অ্যাপে বার্তা শিডিউল করার সুবিধা বেশ আগে থেকেই রয়েছে, ফলে হোয়াটসঅ্যাপ এই ফিচার আনতে কিছুটা দেরিই করেছে বলে প্রযুক্তি বিশ্লেষকদের মত।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: টেকক্রাঞ্চ