ইডটকোর ৭০ শতাংশ কিনছে অসিরিস

১৭ হাজার টাওয়ার ও ডেটা সেন্টার ঘিরে নতুন বিনিয়োগ

  • বাংলাদেশে ১৭ হাজার টাওয়ারের নিয়ন্ত্রণে আসছে অসিরিস
  • ৪১ কোটি ২০ লাখ ডলারের বেশি মূল্যের দুই চুক্তি
  • টাওয়ার-ফাইবারের সঙ্গে যুক্ত হবে এআই ডেটা সেন্টার

১৭ হাজার টাওয়ার ও ডেটা সেন্টার ঘিরে নতুন বিনিয়োগ
২৪ নভেম্বর, ২০২৬ ১৩:০৮  

বাংলাদেশের প্রায় ১৭ হাজার মোবাইল টেলিযোগাযোগ টাওয়ার, দেশজুড়ে বিস্তৃত ফাইবার নেটওয়ার্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা সেন্টার অবকাঠামোকে একই ব্যবসায়িক প্ল্যাটফর্মে যুক্ত করার উদ্যোগ নিয়েছে দেশীয় বিনিয়োগ প্রতিষ্ঠান দ্য অসিরিস গ্রুপ। মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপের টেলিযোগাযোগ অবকাঠামো প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশের ৭০ শতাংশ শেয়ার অধিগ্রহণের চূড়ান্ত চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে দেশের বৃহত্তম টেলিযোগাযোগ টাওয়ার নেটওয়ার্কের নিয়ন্ত্রণে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে।

২৩ নভেম্বর, সোমবার দ্য অসিরিস গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিগ্রহণ চুক্তির বিষয়টি জানানো হয়। একই দিন মালয়েশিয়ার শেয়ারবাজার বুর্সা মালয়েশিয়ায় দাখিল করা ঘোষণায় চুক্তির বিস্তারিত প্রকাশ করে আজিয়াটা গ্রুপ। প্রতিষ্ঠানটি বাংলাদেশের মোবাইল অপারেটর রবি আজিয়াটারও মূল প্রতিষ্ঠান। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি এবং মালয়েশিয়ার দ্য এজের প্রতিবেদনেও চুক্তির বিষয়টি উঠে এসেছে। 

৩২ কোটি ডলারে বাংলাদেশের ৭০ শতাংশ
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য এজ ও দ্য মালয়েশিয়ান রিজার্ভের তথ্য অনুযায়ী, ইডটকো বাংলাদেশের ৭০ শতাংশ শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩২ কোটি মালয়েশীয় রিঙ্গিত। মার্কিন মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩২ কোটি ডলার। অন্যদিকে ইডটকো পাকিস্তানের শতভাগ ব্যবসা অধিগ্রহণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮ কোটি ৪৩ লাখ রিঙ্গিত, যা প্রায় ৯ কোটি ২০ লাখ ডলার।

দুই দেশের ব্যবসা অধিগ্রহণের চুক্তিতে ক্রেতা হিসেবে রয়েছে হংকংভিত্তিক অসিরিস গ্লোবাল লিমিটেড। প্রতিষ্ঠানটি দ্য অসিরিস গ্রুপের বিনিয়োগ কাঠামোর অংশ।
চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ ও পাকিস্তানের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসহ প্রচলিত আইনি ও বাণিজ্যিক শর্ত পূরণ করতে হবে। সব প্রক্রিয়া শেষ হলে ২০২৭ সালে লেনদেন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। 

দেশের বৃহত্তম টাওয়ার অবকাঠামো
অসিরিসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ইডটকো বাংলাদেশের অধীনে দেশে প্রায় ১৭ হাজার টেলিযোগাযোগ টাওয়ার রয়েছে। এসব টাওয়ারের মাধ্যমে দেশের সব বড় মোবাইল অপারেটরকে অবকাঠামোগত সেবা দেয় প্রতিষ্ঠানটি।

শুধু টাওয়ার পরিচালনাই নয়, বাংলাদেশের সমন্বিত অবকাঠামো লাইসেন্সের আওতায় টাওয়ার ও ফাইবার—উভয় ধরনের সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে ইডটকোর। ফলে মোবাইল নেটওয়ার্কের পাশাপাশি উচ্চগতির ডেটা পরিবহন এবং ভবিষ্যৎ প্রজন্মের যোগাযোগ প্রযুক্তির জন্যও গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

পাকিস্তানে ইডটকোর প্রায় ৩ হাজার টেলিযোগাযোগ টাওয়ার রয়েছে। দুই দেশের ব্যবসা অধিগ্রহণের মাধ্যমে অসিরিস দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ অবকাঠামো খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে যাচ্ছে।

তিনি আরও জানান, ইডটকো দেশের মোবাইল নেটওয়ার্কের মেরুদণ্ড তৈরি করেছে। টাওয়ার, ফাইবার ও হাইপারস্কেল উপযোগী ডেটা সেন্টারকে একই প্ল্যাটফর্মে যুক্ত করলে ১৭ কোটির বেশি মানুষের জন্য ডিজিটাল সেবা সম্প্রসারণে প্রয়োজনীয় অবকাঠামো দেওয়া সম্ভব হবে।

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিনিয়োগ পরিচালক আলী খান জানান, ইডটকোর ব্যবসায়িক নেটওয়ার্কে আরও বেশি অপারেটর যুক্ত করা, ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণ এবং জ্বালানি ব্যবহারে দক্ষতা বাড়ানোর সুযোগ দেখছে অসিরিস। এ লক্ষ্য বাস্তবায়নে ইডটকোর কর্মীদের পাশাপাশি দুই দেশের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

অধিগ্রহণটিকে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন অভিজ্ঞ ব্যাংকার মাহমুদ সাত্তার। তার মতে, বৈশ্বিক পুঁজি ও স্থানীয় নেতৃত্বের সমন্বয়ে বিশ্বমানের ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা বাংলাদেশের দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ। 

বাংলাদেশি বিনিয়োগে অসিরিসের বিস্তার
২০১৪ সালে প্রতিষ্ঠিত দ্য অসিরিস গ্রুপের কার্যালয় ঢাকা ও হংকংয়ে। বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কায় প্রতিষ্ঠানটির বিনিয়োগ রয়েছে।

বাংলাদেশে প্রতিষ্ঠানটির বিনিয়োগ তালিকায় রয়েছে পাঠাও, গোযায়ান, সাজগোজ, টালিখাতা ও সোলারিক। প্রযুক্তি, ডিজিটাল সেবা ও নবায়নযোগ্য জ্বালানিসংশ্লিষ্ট খাতেও প্রতিষ্ঠানটির বিনিয়োগ কার্যক্রম রয়েছে।

ইডটকোর বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসা অধিগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি এবার সরাসরি টেলিযোগাযোগ অবকাঠামো এবং ডেটা সেন্টার খাতে বড় পরিসরে প্রবেশ করছে। 

লেনদেন সম্পন্ন হলে মালয়েশিয়ার ইডটকোতে আজিয়াটা ও খাজানাহ নাসিওনালের প্রত্যেকের কার্যকর মালিকানা হবে ৪৭ দশমিক ৩৫৫ শতাংশ। ফলে প্রতিষ্ঠান দুটির যৌথ নিয়ন্ত্রণে থাকবে মালয়েশিয়ার টাওয়ার ব্যবসা। অন্যদিকে কুমপুলান ওয়াং পারসারান (কেডব্লিউএপি) তাদের ৫ দশমিক ২৯ শতাংশ শেয়ার ধরে রাখবে।

আজিয়াটার হিসাবে, ইডটকো গ্রুপের সামগ্রিক এন্টারপ্রাইজ মূল্য দাঁড়াচ্ছে ১১৮০ কোটি রিঙ্গিত। প্রতিষ্ঠানটির এই পুনর্গঠন পরিকল্পনার উদ্দেশ্য ঋণের বোঝা কমানো, আর্থিক সক্ষমতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য মূলধন পুনর্বিন্যাস করা। 

ইডটকোর বাকি ৩০ শতাংশ কার হাতে?
ইডটকো বাংলাদেশের ৭০ শতাংশ শেয়ার অসিরিসের কাছে হস্তান্তরের চুক্তি হলেও অবশিষ্ট ৩০ শতাংশ শেয়ারের মালিকানা কার হাতে থাকবে, তা প্রকাশিত চুক্তির তথ্য ও সংবাদ প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।

এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং অন্যান্য শর্ত পূরণের আগে মালিকানা হস্তান্তর কার্যকর হচ্ছে না। ফলে ২০২৭ সালে লেনদেন সম্পন্ন হওয়ার পর বাংলাদেশের বৃহত্তম টেলিযোগাযোগ টাওয়ার নেটওয়ার্কের মালিকানা কাঠামো কী দাঁড়ায়, সেটিই এখন পর্যবেক্ষণের বিষয়।

বাংলাদেশের জন্য এই অধিগ্রহণ শুধু টাওয়ার ব্যবসার মালিকানা পরিবর্তন নয়। টেলিযোগাযোগ অবকাঠামো, ফাইবার নেটওয়ার্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা সেন্টারকে একীভূত করার মাধ্যমে দেশের ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ অবকাঠামো নির্মাণে নতুন বিনিয়োগের সম্ভাবনাও তৈরি করছে।
//ডিবিটেক/আইএইচ/ডিআরই/এফওইডি//