ডিজিটাল ব্যাংকিংয়ে জামানতবিহীন ঋণ
পরিধি বাড়িয়ে ‘ই-ঋণ পুনঃঅর্থায়ন স্কিম’ পুনর্বহাল
- ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জামানতবিহীন ঋণ
- গ্রাহক পর্যায়ে বার্ষিক সর্বোচ্চ ৯ শতাংশ সুদ এবং ঋণের মেয়াদ সর্বোচ্চ ১২ মাস
- প্রত্যন্ত অঞ্চলের মানুষ, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ সুযোগ
ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জামানতবিহীন ঋণের সুযোগ আরও বাড়াতে ‘ই-ঋণ পুনঃঅর্থায়ন স্কিম’ পুনরায় চালু করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই স্কিমের আওতায় ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ ও ই-ওয়ালেটের মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন গ্রাহকরা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামানতবিহীন এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারিত হয়েছে। অন্যদিকে অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে ৩ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। আগামী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত এই স্কিম কার্যকর থাকবে।
প্রত্যন্ত অঞ্চলের মানুষ, নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী এই ঋণের আওতায় অগ্রাধিকার পাবেন। এছাড়া সমাজের বিভিন্ন পেশার প্রান্তিক মানুষ, কৃষক, রিকশাচালক, কামার, কুমার, দরজিসহ বিভিন্ন খাতের আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিরা এই ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।
ই-ঋণ পুনঃঅর্থায়ন স্কিম ও শর্তাবলি:
-
সুবিধাভোগী: প্রত্যন্ত অঞ্চলের মানুষ, নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী।
-
ঋণের মেয়াদ ও সুদের হার: ঋণের মেয়াদ সর্বোচ্চ ১২ মাস। গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৯ শতাংশ। অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে ৩ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক।
-
মেয়াদকাল: আগামী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত এ স্কিম কার্যকর থাকবে।
১,৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল: এর আগে ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংক জানায়, প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে ১ হাজার ৫০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে।
-
সুদের হার ও পরিমাণ: এ তহবিলের আওতায় ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে বার্ষিক ১ শতাংশ সুদে অর্থ নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর ক্ষেত্রেও মুনাফার হার বার্ষিক ৭ শতাংশের বেশি হবে না।
-
ঋণের সীমা ও জামানত: একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো জামানত লাগবে না। তবে ৫ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে যৌক্তিক সহায়ক জামানত চাওয়া যাবে। ২৫ হাজার টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক নিজস্ব বিবেচনায় ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধা নিতে পারবে।
-
মেয়াদ ও কিস্তি: ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ পাঁচ বছর বা ৬০ মাস। সর্বোচ্চ ছয় মাস গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি পাওয়ার সুযোগ রয়েছে। ব্যাংক মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর বা বার্ষিক ভিত্তিতে কিস্তি নির্ধারণ করতে পারবে।
-
অন্যান্য শর্ত: ঋণ পেতে গ্রাহকের ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। ঋণ অনুমোদনের আগে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রতিবেদন সংগ্রহ করতে হবে, তবে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সিআইবি ফি নেওয়া যাবে না।
কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য: ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, স্বল্প আয়ের পেশাজীবীসহ প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করে তাদের জীবনমান উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোই কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য।
অগ্রাধিকার পাবেন যারা:
-
পেশাজীবী ও উদ্যোক্তা: পাড়া-মহল্লা ও গ্রামভিত্তিক অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দরজি, রিকশাচালক, ভ্যানচালক, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি ও প্লাম্বার। এ ছাড়া ইলেকট্রিক ও ইলেকট্রনিকস যন্ত্র মেরামতকারী, আচার ও পিঠা প্রস্তুতকারী, ক্ষুদ্র তাঁতি, চা-শ্রমিক এবং হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারীরা।
-
ক্ষুদ্র ব্যবসায়ী: মুদি ও মনিহারি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী, মোবাইল রিচার্জ ও এমএফএস এজেন্ট, তথ্যসেবা ও ইন্টারনেট সেবাদাতা, ভাসমান খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, বই-পত্রিকা বিক্রেতা এবং ফুল, ফল ও শাকসবজি বিক্রেতারা।
-
অন্যান্য খাত: ফ্রিল্যান্সিং, নার্সারি, বৃক্ষরোপণ, সূচিশিল্প, ব্লক-বাটিক, কুটিরশিল্প, হস্তশিল্প, বিভিন্ন ধরনের খাবার তৈরি, সম্ভাবনাময় উদ্ভাবনী কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিরা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যরা।
-
কৃষক: কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা অগ্রাধিকার পাবেন (১০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে)। স্মার্ট কার্ড না থাকলেও কাউকে বঞ্চিত না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
-
বিশেষ জনগোষ্ঠী ও খাত: তহবিলের ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখতে হবে। নারী উদ্যোক্তা, প্রতিবন্ধী ব্যক্তি, তৃতীয় লিঙ্গের মানুষ, নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মঙ্গা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভবনধস ও করোনার মতো মহামারিতে ক্ষতিগ্রস্তরা অগ্রাধিকার পাবেন। উপকূলীয়, চর ও হাওর এলাকার স্বল্প আয়ের মানুষ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যরা, প্রবাসীদের রেমিট্যান্স সুবিধাভোগী পরিবার এবং বিদেশফেরত শ্রমিকরাও এ সুবিধার আওতায় থাকবেন।
-
শিক্ষার্থী: শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীসহ সুবিধাবঞ্চিত ও অসচ্ছল ২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য (অভিভাবকের নিশ্চয়তায়) ঋণ পেতে পারেন। এ ছাড়া এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় নির্বাহ এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কেনার জন্যও ঋণ দেওয়া যাবে।
দলগত ঋণের নিয়ম: দলগত ঋণের জন্য দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করতে হবে। প্রত্যেকে সর্বোচ্চ ৮ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন এবং দলের সব সদস্য ব্যক্তিগত ও যৌথভাবে ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকবেন।
আবেদন ও বিতরণ প্রক্রিয়া: ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), অনলাইন ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ করা যাবে। এমএফএস বা এজেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে পর্ষদ অনুমোদিত সার্ভিস চার্জ নেওয়া যাবে, তবে নির্ধারিত শিডিউল অব চার্জেসের বাইরে অতিরিক্ত প্রসেসিং ফি নেওয়া যাবে না। ঋণের ব্যবহার তদারকির পাশাপাশি প্রতি তিন মাস পর পর প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।
//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইডি//





