চিকিৎসা প্রযুক্তিতে অন্ধত্ব দূরীকরণের উদ্যোগ

দুই বছরে ‘ছানিমুক্ত’ হবে সিরাজগঞ্জ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • ২৬ হাজার দৃষ্টিহীন মানুষের জন্য বিনামূল্যে ৫০ হাজার ছানি অস্ত্রোপচার
  • ২০২৮ সালের ২০ নভেম্বর সিরাজগঞ্জকে ছানিমুক্ত ঘোষণার লক্ষ্য নির্ধারণ
  • মানুষের ঘরে ঘরে চোখের লেন্স ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

দুই বছরে ‘ছানিমুক্ত’ হবে সিরাজগঞ্জ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২১ নভেম্বর, ২০২৬ ১৮:০৩  

আধুনিক চক্ষু চিকিৎসাপ্রযুক্তি ও কৃত্রিম লেন্স প্রতিস্থাপনের সহজলভ্যতা মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। সেই আধুনিক চিকিৎসাসেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আগামী দুই বছরের মধ্যে যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জকে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ লক্ষ্যে জেলার ২৬ হাজার দৃষ্টিহীন মানুষের চোখে আলো ফেরাতে বিনামূল্যে অন্তত ৫০ হাজার ছানি অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন তিনি।

২১ নভেম্বর, শনিবার সিরাজগঞ্জের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত চক্ষু স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৮ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে একটি ছানিমুক্ত সিরাজগঞ্জ জেলা উপহার দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে ড. এম এ মুহিত বলেন, ‘আমরা মানুষের ঘরে ঘরে চোখের লেন্স ও চিকিৎসাসেবা নিয়ে যাচ্ছি, আর ফ্যাসিবাদী শক্তি দা-কুড়াল নিয়ে আক্রমণ করতে ও নিজেরাই নিজেদের ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুর করতে যাচ্ছে। এটিই নির্বাচিত গণতান্ত্রিক সরকার ও অনির্বাচিত শক্তির মধ্যকার মূল তফাৎ।’

অনুষ্ঠানে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইডি//