অনলাইন ব্যবসায় করজাল সম্প্রসারণে এনবিআর
ভ্যাট যাচাইয়ের আওতায় ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান
- অধিকাংশ প্রতিষ্ঠানের ব্যবসায় শনাক্তকরণ নম্বর নেই
- ফেসবুকভিত্তিক ব্যবসাও ভ্যাট যাচাইয়ের তালিকায়
- ২৯ রেস্তোরাঁর বিক্রিতে তথ্যগত গরমিল পেয়েছে এনবিআর
দেশের অনলাইনভিত্তিক ব্যবসার প্রকৃত লেনদেন শনাক্ত করে আনুষ্ঠানিক কর কাঠামোর আওতায় আনতে যাচাই কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর অংশ হিসেবে প্রায় ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের জন্য চিহ্নিত করেছে সংস্থাটি। চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর অধিকাংশেরই ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) নেই। তালিকায় প্রচলিত ই-কমার্স প্রতিষ্ঠানের পাশাপাশি ফেসবুকভিত্তিক ব্যবসা বা এফ-কমার্স প্রতিষ্ঠানও রয়েছে।
অনলাইন ব্যবসা ও রেস্তোরাঁ খাতের লেনদেনের তথ্য যাচাই করে করজাল সম্প্রসারণ এবং রাজস্ব আদায় বাড়াতে চায় এনবিআর। এ জন্য প্ল্যাটফর্মভিত্তিক বিক্রির তথ্যের সঙ্গে করদাতাদের দাখিল করা হিসাব মিলিয়ে দেখা হচ্ছে।
এনবিআরের ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর বিস্তারিত তথ্য ইতিমধ্যে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটগুলোতে পাঠানো হয়েছে। এখন কমিশনারেটগুলো তথ্য যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
অধিকাংশ প্রতিষ্ঠানের বিআইএন নেই
ভ্যাট গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চিহ্নিত অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশেরই বিআইএন নেই। অনেক প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ব্যবসা পরিচালনার নিয়মকানুন সম্পর্কেও সচেতন নয়।
ওই কর্মকর্তা বলেন, দেশের অর্থনীতিতে এখনো অনেক ব্যবসা আনুষ্ঠানিক কাঠামোর বাইরে পরিচালিত হচ্ছে। এর মধ্যে এমন গৃহিণীরাও রয়েছেন, যারা বাড়িতে বসে অনলাইনে পণ্য বিক্রি করেন। এসব ব্যবসাকে আনুষ্ঠানিক কাঠামোয় আনার বিষয়ে সচেতনতা ও আগ্রহ কম। অনেক ক্ষেত্রে ব্যবসায়ীদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে।
তিনি জানান, ভ্যাট কমিশনারেটগুলো পাঠানো তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে পুরো প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগতে পারে।
ই-কমার্স ও কুরিয়ার খাতের গবেষণা
ই-কমার্স ও কুরিয়ার সেবা খাত নিয়ে পরিচালিত এক গবেষণার ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণায় খাত দুটিকে রাজস্ব আদায়ের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়।
ভ্যাট গোয়েন্দা বিভাগের ওই কর্মকর্তার মতে, একটি অনলাইন প্রতিষ্ঠানের লেনদেনের পরিমাণ কম হলেও সম্মিলিতভাবে পুরো খাতের আর্থিক কর্মকাণ্ডের পরিমাণ অনেক বড়।
এসব ব্যবসা আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় এলে প্রকৃত আর্থিক লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রমের হিসাব পাওয়া যাবে। এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিসংখ্যান আরও পূর্ণাঙ্গ হবে এবং দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) পরিমাপেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
২৯ রেস্তোরাঁর বিক্রিতে বড় অসংগতি
এদিকে পৃথক এক অনুসন্ধানে ২৯টি রেস্তোরাঁর বিক্রির তথ্যে বড় ধরনের অসংগতি পেয়েছে এনবিআরের ভ্যাট গোয়েন্দা বিভাগ। ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে এসব রেস্তোরাঁর বিক্রির যে তথ্য রয়েছে, ভ্যাট রিটার্নে তার তুলনায় অনেক কম বিক্রি দেখানো হয়েছে।
২০২৬ সালের আগস্ট মাসের বিক্রির তথ্য নিয়ে এই অনুসন্ধান চালানো হয়। এ জন্য ফুডপ্যান্ডা, ফুডি ও পাঠাও ফুড—এই তিনটি অনলাইন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলোর দাখিল করা ভ্যাট রিটার্ন তুলনা করা হয়।
তদন্তে দেখা গেছে, বেশ কয়েকটি রেস্তোরাঁ অনলাইন প্ল্যাটফর্মে নথিভুক্ত বিক্রির তুলনায় ভ্যাট রিটার্নে উল্লেখযোগ্য পরিমাণ কম বিক্রি দেখিয়েছে।
ফলে এসব প্রতিষ্ঠানের প্রকৃত লেনদেন ও রাজস্ব আদায়ের হিসাব আরও যাচাই করার প্রয়োজন দেখা দিয়েছে। প্ল্যাটফর্মের বিক্রির তথ্য এবং ভ্যাট রিটার্নের মধ্যে পার্থক্যগুলো যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
//ডিবিটেক/বিএনআর/এসএমই/এমআইএসটি//





