কুইক কমার্স সেবা আরও সম্প্রসারিত

ফুডপ্যান্ডায় মিলবে চট্টগ্রামের উৎসবের ১২ হাজার পণ্য

  • চট্টগ্রামে রিটেইল চেইন ‘উৎসব’-এর সাথে অংশীদারিত্ব করেছে অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা
  • পাঁচলাইশ ও হালিশহর আউটলেটের ১২ হাজারের বেশি পণ্য ঘরে বসেই অর্ডার করা যাবে
  • তাজা শাকসবজি, মাছ-মাংস, প্রসাধনী, ইলেকট্রনিকস ও লাইফস্টাইল সামগ্রী পাওয়া যাবে অ্যাপে

ফুডপ্যান্ডায় মিলবে চট্টগ্রামের উৎসবের ১২ হাজার পণ্য
১৯ নভেম্বর, ২০২৬ ১২:৩৩  

চট্টগ্রামের বাসিন্দাদের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য আরও দ্রুত ও সহজে পৌঁছে দিতে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডার সঙ্গে অংশীদারিত্ব করেছে চট্টগ্রামের অন্যতম প্রধান রিটেইল চেইন ‘উৎসব’। ১৯ নভেম্বর, বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রে এই অংশীদারিত্বের তথ্য জানানো হয়। এর ফলে চট্টগ্রাম নগরীর বাসিন্দারা এখন ঘরে বসেই ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে পাঁচলাইশ ও হালিশহরে অবস্থিত ‘উৎসব’-এর বড় দুটি আউটলেট থেকে ১২ হাজারের বেশি পণ্য অর্ডার করার সুবিধা পাবেন।

নতুন এই উদ্যোগের মাধ্যমে ক্রেতারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি তাজা শাকসবজি ও ফল, মাংস, মাছ, দুগ্ধজাত পণ্য, ডিম, রান্নার প্রয়োজনীয় সামগ্রী এবং হিমায়িত খাবার অনলাইনে অর্ডার করতে পারবেন। এ ছাড়া বেকারিপণ্য, ব্যক্তিগত পরিচর্যার সামগ্রী, প্রসাধনী, ইলেকট্রনিকস, স্টেশনারি, খেলনা এবং লাইফস্টাইল-সংক্রান্ত উপহারসামগ্রীও ফুডপ্যান্ডার মাধ্যমে কেনা যাবে।

ফুডপ্যান্ডা প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার প্রসঙ্গে উৎসবের চেয়ারম্যান মাইনুল ইসলাম সোহেল জানান, ফুডপ্যান্ডার সঙ্গে যুক্ত হতে পেরে তাঁরা আনন্দিত। তিনি বলেন, “এর ফলে ক্রেতাদের কেনাকাটা হবে আরও স্বাচ্ছন্দ্যদায়ক। একই সঙ্গে আরও বেশি ক্রেতাকে আমাদের সেবার আওতায় নিয়ে আসা এবং প্রয়োজনীয় পণ্য তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। ব্যবসার পরিসর বাড়ানোর পাশাপাশি একটি শক্তিশালী ও সফল অংশীদারিত্ব গড়ে তুলতে আমরা একসাথে কাজ করতে চাই।”

ফুডপ্যান্ডা বাংলাদেশের কুইক কমার্স (কিউ-কমার্স) বিভাগের ডিরেক্টর মোহাম্মদ তাবরেজ খান জানান, চট্টগ্রাম ফুডপ্যান্ডার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার এবং সেখানে তাঁদের সেবার চাহিদা ধারাবাহিকভাবে বাড়ছে। তিনি বলেন, “দৈনন্দিন কেনাকাটার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে চট্টগ্রাম নগরবাসীর কাছে প্রয়োজনীয় পণ্য সহজে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। উৎসবের সঙ্গে এই অংশীদারত্বের ফলে আমাদের সেবার পরিধি বাড়বে, স্থানীয় ব্যবসায়ীরা উপকৃত হবেন এবং চট্টগ্রামের বাসিন্দারা আরও নির্ভরযোগ্য সেবা পাবেন।” এই সহযোগিতা চট্টগ্রামের বাসিন্দাদের বৈচিত্র্যময় চাহিদা পূরণে ফুডপ্যান্ডার প্রতিশ্রুতি আরও সুদৃঢ় করবে।

//ডিবিটেক/এএইচসিএফ/এসএমই/এমাইএসটি//