গরুর পরিচয়ে উন্মুক্ত এআই API

গরুর বায়োমেট্রিক পরিচয়ে এআই API খুলল প্রাণীসেবা

  • গরুর নাকের ছাপ শনাক্তে এআই প্রযুক্তির ব্যবহার
  • উন্মুক্ত API সেবায় পে-পার-ইউজ মডেল চালু
  • ২০২২ সাল থেকে মাঠপর্যায়ে প্রযুক্তি ব্যবহার করছে প্রতিষ্ঠানটি

গরুর বায়োমেট্রিক পরিচয়ে এআই API খুলল প্রাণীসেবা
২৮ নভেম্বর, ২০২৬ ০০:২৭  

গবাদিপশুর পরিচয় যাচাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বায়োমেট্রিক প্রযুক্তির ব্যবহারকে আরও বিস্তৃত করতে গরু শনাক্তকরণ API সবার জন্য উন্মুক্ত করেছে বাংলাদেশের InsurTech প্রতিষ্ঠান আদর্শ প্রাণীসেবা লিমিটেড। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে নির্ধারিত মূল্য পরিশোধ করে ব্যবহারকারীরা তাদের নিজস্ব অ্যাপ ও ডিজিটাল ব্যবস্থায় এই প্রযুক্তি যুক্ত করতে পারবেন। সেবাটি চালু হয়েছে পে-পার-ইউজ মডেলে—অর্থাৎ ব্যবহার অনুযায়ী মূল্য দিতে হবে।

বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) কর্তৃক InsurTech হিসেবে স্বীকৃত আদর্শ প্রাণীসেবা তাদের ওয়েবসাইটে দেওয়া নিবন্ধন লিংকের মাধ্যমে API ব্যবহারের সুযোগ দিচ্ছে। নতুন ব্যবহারকারীদের প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে প্রাথমিক পর্যায়ে অনুসন্ধান ও পশু নিবন্ধনের জন্য সর্বোচ্চ ৫০টি ক্রেডিট বিনা মূল্যে ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

নাকের ছাপেই গরুর পরিচয়

প্রযুক্তিটি গরুর মুখমণ্ডলের নাকের অংশের রেখা ও নকশা বিশ্লেষণ করে প্রতিটি পশুকে শনাক্ত করে। মানুষের আঙুলের ছাপ যেমন ব্যক্তিভেদে আলাদা, তেমনি গরুর নাকের রেখা ও বিন্যাসও প্রতিটি পশুর জন্য স্বতন্ত্র—এ বৈশিষ্ট্যকে কাজে লাগিয়েছে প্রতিষ্ঠানটির এআই মডেল।

প্রতিষ্ঠানটির দাবি, এই পদ্ধতিতে গবাদিপশুর জন্য যাচাইযোগ্য ও নির্ভরযোগ্য ডিজিটাল পরিচয় তৈরি করা সম্ভব। প্রচলিত কানের ট্যাগ হারিয়ে যেতে পারে, খুলে ফেলা যায় কিংবা অন্য পশুর সঙ্গে বদল করা হতে পারে। নাকের ছাপভিত্তিক শনাক্তকরণ এসব ঝুঁকি কমাতে পারে এবং পশুর পরিচয় যাচাইয়ে আরও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে।

বিভিন্ন খাতে ব্যবহারের সুযোগ

মোবাইল অ্যাপসহ বিভিন্ন ডিজিটাল ব্যবস্থায় API যুক্ত করা যাবে। গরুর খামার, বীমা প্রতিষ্ঠান, ব্যাংক, ক্ষুদ্রঋণ সংস্থা, দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান, সরকারি ও গবেষণা সংস্থা, উন্নয়ন সহযোগী এবং প্রযুক্তি উদ্ভাবকেরা নিজস্ব ব্যবস্থায় এই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন।

এর মাধ্যমে পশু নিবন্ধন, বীমা দাবি যাচাই, গবাদিপশুর বিপরীতে ঋণ অনুমোদন, পশুর চলাচল ও পরিচয় অনুসরণ এবং গবাদিপশুভিত্তিক সম্প্রসারণমূলক সেবা পরিচালনা করা সম্ভব হবে।

২০২২ সাল থেকে মাঠপর্যায়ে ব্যবহার

আদর্শ প্রাণীসেবা জানিয়েছে, তাদের এআই ও মেশিন লার্নিং (ML) মডেলটি নিজস্বভাবে তৈরি করা হয়েছে এবং ২০২২ সাল থেকে মাঠপর্যায়ে ব্যবহার করা হচ্ছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, অংশীদার বীমা প্রতিষ্ঠানের সঙ্গে ইতোমধ্যে ১৮ হাজারের বেশি গরু বীমার আওতায় নিবন্ধন করা হয়েছে। পাশাপাশি অংশীদার ব্যাংক ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মাধ্যমে বীমাকৃত গবাদিপশুর বিপরীতে ঋণ সুবিধা পেতেও সহায়তা করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফিদা হক বলেন, “প্রতিটি গরুই একটি ব্যাংকযোগ্য সম্পদ, বিশেষ করে আমাদের দেশের ক্ষুদ্র খামারিদের জন্য। সুরক্ষা, অর্থায়ন ও পশুর পরিচয় অনুসরণ নিশ্চিত করতে এর যাচাইযোগ্য পরিচয় প্রয়োজন।”

তিনি বলেন, API উন্মুক্ত করার মাধ্যমে বীমা প্রতিষ্ঠান, ঋণদাতা ও প্রযুক্তি উদ্ভাবকদের এই প্রযুক্তির ওপর নতুন সেবা তৈরির আহ্বান জানানো হচ্ছে। এর ফলে আরও বেশি কৃষক—বিশেষ করে নারী খামারিরা—বীমা, ঋণ ও ন্যায্য বাজারে প্রবেশের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

API নিবন্ধন: আদর্শ প্রাণীসেবার ওয়েবসাইটে দেওয়া লিংক

//ডিবিটেক/ আইএইচ/এসএমই/এমআইএসটি//