রূপপুরের প্রস্তুতিতে আইএইএর ইতিবাচক মূল্যায়ন

রূপপুরের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি

  • অন-সাইট জরুরি ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট ঘাটতি পায়নি আইএইএ
  • চিকিৎসাকেন্দ্র ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণকে শক্তিশালী দিক বলেছে
  • জাতীয় পর্যায়ে আন্তপ্রাতিষ্ঠানিক সমন্বয় বাড়ানোর সুপারিশ করেছে

রূপপুরের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি
২২ নভেম্বর, ২০২৬ ২০:৩৫  

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা ও অবকাঠামোগত প্রস্তুতিকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ)। সংস্থাটির ১০ দিনব্যাপী জরুরি প্রস্তুতি পর্যালোচনা (ইপিআরইভি) মিশনে কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র এবং আধুনিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ সুবিধাকে উল্লেখযোগ্য শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, আইএইএর প্রকাশিত মূল্যায়নে রূপপুরের অন-সাইট বা কেন্দ্রের অভ্যন্তরীণ জরুরি ব্যবস্থাপনায় কোনো সুনির্দিষ্ট ঘাটতি চিহ্নিত করা হয়নি। এ ক্ষেত্রে সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করেনি সংস্থাটি।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) তত্ত্বাবধানে গত ৮ থেকে ১৮ নভেম্বর এই পর্যালোচনা মিশন পরিচালিত হয়। ১৮ নভেম্বর প্রকাশিত এক বিবৃতিতে আইএইএ বাংলাদেশের জরুরি প্রস্তুতির অগ্রগতির স্বীকৃতি দেওয়ার পাশাপাশি জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছে।

আইএইএর বিশেষজ্ঞ দল বাংলাদেশের জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামোর দুটি প্রধান শক্তিশালী দিক চিহ্নিত করেছে। প্রথমটি হলো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি শক্ত ভিত্তি হিসেবে কাজে লাগতে পারে।

দ্বিতীয় শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত হয়েছে রূপপুরের নিজস্ব জরুরি সাড়াদান সক্ষমতা। কেন্দ্রের বিশেষায়িত চিকিৎসাসেবা, মনস্তাত্ত্বিক সহায়তার ব্যবস্থা এবং অগ্নিনির্বাপণ কর্মীদের হাতে-কলমে প্রশিক্ষণের জন্য তৈরি আধুনিক ফায়ার স্টেশন সিমুলেটরকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে বিশেষজ্ঞ দল। নিয়মিত প্রশিক্ষণ, ব্যবহারিক মহড়া ও পুনঃপ্রশিক্ষণের মাধ্যমে এসব সুবিধা জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

আইএইএর মূল্যায়নের ব্যাখ্যা দিয়ে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, প্রতিবেদনটি বুঝতে হলে অন-সাইট ও অফ-সাইট জরুরি ব্যবস্থাপনার পার্থক্য স্পষ্টভাবে বিবেচনা করতে হবে। অন-সাইট ব্যবস্থাপনার আওতায় রয়েছে কেন্দ্রের অভ্যন্তরীণ জরুরি সাড়াদান, দুর্ঘটনা মোকাবিলা, অগ্নিনির্বাপণ, চিকিৎসাসেবা এবং কর্মীদের সুরক্ষা।

অন্যদিকে, অফ-সাইট জরুরি ব্যবস্থাপনা নির্ভর করে জাতীয় ও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উদ্ধারকারী সংস্থা এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রমের ওপর। তাঁর ব্যাখ্যায়, আইএইএর সুপারিশের মূল লক্ষ্য জাতীয় জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামোকে আরও শক্তিশালী করা। বিশেষ করে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়, দায়িত্বের স্পষ্ট বণ্টন এবং সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ড. জাহেদুল হাসান বলেন, “পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি শুধু একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল নয়। কেন্দ্রের নিজস্ব প্রস্তুতির পাশাপাশি জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। রূপপুরের জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাসেবা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামো আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের মূল্যায়নে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত হওয়া তাৎপর্যপূর্ণ। জাতীয় পর্যায়ে সমন্বয় জোরদারের সুপারিশকে কেন্দ্রের নিজস্ব ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করা ঠিক হবে না।”

তিনি আরও জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করার মধ্য দিয়ে জাতীয় জরুরি প্রস্তুতি কাঠামোকে আরও কার্যকর করাই আইএইএর সুপারিশের প্রধান উদ্দেশ্য। নিয়মিত প্রশিক্ষণ, প্রস্তুতি যাচাই এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণের মাধ্যমে রূপপুরের সক্ষমতা আরও বাড়াতে এনপিসিবিএল প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

পরমাণু বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক নিরাপত্তা চর্চায় নিয়মিত পর্যালোচনা, প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে সক্ষমতা বাড়ানো স্বাভাবিক প্রক্রিয়া। কোনো সুপারিশের অর্থ এই নয় যে বিদ্যমান ব্যবস্থা ঘাটতিপূর্ণ বা অকার্যকর। আইএইএর মূল্যায়নে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রস্তুতি যাচাই এবং সমন্বিত সাড়াদানের সক্ষমতা পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ জরুরি মহড়া ও মূল্যায়ন কর্মসূচির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

পর্যালোচনা মিশনের প্রধান মার্ক ব্রেইটিঙ্গার জানান, আইএইএর নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি প্রস্তুতি এবং সাড়াদান ব্যবস্থা জোরদার করতে বাংলাদেশ দৃঢ় অঙ্গীকারের পরিচয় দিয়েছে। রূপপুরের কমিশনিং প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্মুক্ত ও গঠনমূলক মনোভাবেরও প্রশংসা করেন তিনি।

বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুরের কার্যক্রম শুরুর প্রাক্কালে সর্বোচ্চ পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করাই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। আইএইএর এই মিশন দেশের প্রস্তুতি মূল্যায়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর সুযোগ তৈরি করেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, আইএইএর সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়, জরুরি সেবাদানকারী সংস্থা এবং স্থানীয় প্রশাসনের দায়িত্ব সুনির্দিষ্ট করে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

কমিশনিং ও বাণিজ্যিক উৎপাদনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ পর্যায়ে আইএইএর এই পর্যালোচনাকে রূপপুরের বিদ্যমান সক্ষমতার স্বীকৃতি এবং জাতীয় পর্যায়ে জরুরি সাড়াদান সমন্বয় আরও সুসংহত করার দিকনির্দেশনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

//ডিবিটেক/ইআরকেআর/ডিআরই/এফওইডি//