জিটিএ ৬ ঘিরে ঢাকায় গেমিং আয়োজন

মুক্তির দিনেই জিটিএ ৬ খেললেন ঢাকার গেমাররা

  • বিশ্বমুক্তির দিন ঢাকায় গেমটি খেলার সুযোগ
  • প্রথম ১০০ জন অংশগ্রহণকারী সরাসরি গেম খেলার সুযোগ পান
  • গিগাবাইট-অরাসের নতুন হার্ডওয়্যারও প্রদর্শিত হয়

মুক্তির দিনেই জিটিএ ৬ খেললেন ঢাকার গেমাররা
২২ নভেম্বর, ২০২৬ ১৬:১৬  

এক যুগের বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে গেমিং দুনিয়ার বহুল আলোচিত গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। মুক্তির দিনেই ঢাকার গেমারদের সরাসরি গেমটি খেলার সুযোগ করে দিয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা গিগাবাইট ও তাদের গেমিং ব্র্যান্ড অরাস। ‘গিগাবাইট প্রেজেন্টস এক্সপেরিয়েন্স গ্র্যান্ড থেফট অটো ৬’ শীর্ষক এ আয়োজনের সহযোগী ছিল প্লেএভার।

১৯ নভেম্বর, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বিজয় সরণি এলাকার থাই চি রেস্তোরাঁ অ্যান্ড ক্যাফেতে এ আয়োজন শুরু হয়। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে গেমার, কনটেন্ট নির্মাতা ও প্রযুক্তিপ্রেমীরা এতে অংশ নেন। প্রথম ১০০ জন অংশগ্রহণকারী বিশ্বমুক্তির দিনেই জিটিএ ৬ সরাসরি খেলার সুযোগ পান।

গেম খেলার সেশনের পাশাপাশি আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল গিগাবাইট ও অরাসের সর্বশেষ প্রযুক্তিপণ্যের প্রদর্শনী। সেখানে নতুন প্রজন্মের মাদারবোর্ড, গ্রাফিকস কার্ড, গেমিং ল্যাপটপ ও উচ্চ রিফ্রেশ রেটের মনিটর কাছ থেকে দেখার পাশাপাশি ব্যবহার করে দেখার সুযোগ পান দর্শনার্থীরা।

গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান জানান, বাংলাদেশের গেমিং কমিউনিটিকে বিশ্বমানের গেমিং ও হার্ডওয়্যার অভিজ্ঞতার সঙ্গে যুক্ত রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের গেমিং শিল্পের প্রসারে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে গিগাবাইটের।

রকস্টার গেমসের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, জিটিএ ৬ ১৯ নভেম্বর প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স|এস প্ল্যাটফর্মে বিশ্বজুড়ে মুক্তি পায়। দীর্ঘ প্রতীক্ষার পর গেমটির মুক্তিকে কেন্দ্র করে ঢাকায় এ আয়োজন স্থানীয় গেমারদের জন্য আন্তর্জাতিক গেমিং অভিজ্ঞতা ও আধুনিক হার্ডওয়্যার কাছ থেকে দেখার সুযোগ তৈরি করেছে। 
//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইডি//