সৃজনশীল প্রযুক্তিতে দক্ষতা ও কর্মসংস্থান
গ্রাফিক ডিজাইনে দক্ষতা বাড়াতে ঢাবি-সিআইটিআই চুক্তি
- শিক্ষার্থীরা ইন্টার্নশিপ ও ক্যারিয়ার সহায়তা পাবেন
- গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন ও ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণ
- সৃজনশীল প্রযুক্তিতে এআইভিত্তিক পাঠ্যক্রম তৈরির উদ্যোগ
- শিক্ষার্থীরা ইন্টার্নশিপ ও ক্যারিয়ার সহায়তা পাবেন
- গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন ও ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণ
- সৃজনশীল প্রযুক্তিতে এআইভিত্তিক পাঠ্যক্রম তৈরির উদ্যোগ
সৃজনশীল শিল্পে গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কাজের চাহিদা বাড়ার প্রেক্ষাপটে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে যৌথ উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট (সিআইটিআই)। এ সহযোগিতার আওতায় শিক্ষার্থীরা প্রশিক্ষণ, ইন্টার্নশিপ এবং ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মনির হোসেন এতে সই করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
এ সময় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং, গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. হারুন অর রশিদসহ বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগ ও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট শিক্ষার্থীদের জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ করতে যৌথভাবে কাজ করবে। পাশাপাশি তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নেও উদ্যোগ নেওয়া হবে।
এ লক্ষ্যে গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিং, মোশন গ্রাফিক্স ও অ্যানিমেশন, ফটোগ্রাফি, ইন্টেরিয়র ও এক্সটেরিয়র ডিজাইন, ফ্যাশন ও টেক্সটাইল ডিজাইনসহ বিভিন্ন সৃজনশীল ও প্রযুক্তিসংশ্লিষ্ট বিষয়ে এআইভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন এবং যৌথ কর্মসূচি গ্রহণ করা হবে।
চুক্তির আওতায় গ্রাফিক ডিজাইন বিভাগের শিক্ষার্থীরা ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। পাশাপাশি তাদের ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় পরামর্শ ও কর্মসংস্থান-সংক্রান্ত সহায়তা দেওয়া হবে।
শিক্ষার্থীদের শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত প্রস্তুতি বাড়াতে দুই প্রতিষ্ঠান যৌথভাবে ক্যারিয়ারবিষয়ক পরামর্শ সেশন, ইন্ডাস্ট্রিভিত্তিক আলোচনা, প্যানেল আলোচনা, কর্মশালা এবং দক্ষতা উন্নয়ন সেশনের আয়োজন করবে।
এ ছাড়া ফ্রিল্যান্সিং সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল দক্ষতা, পেশাগত প্রস্তুতি এবং কর্মজীবনে প্রবেশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।
//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইডি//





