চ্যাটজিপিটির দুর্বল দিক: দীর্ঘ আলোচনায় খেই হারানোর প্রবণতা
ইমেইল লেখা, কারিগরি সমস্যার সমাধান খোঁজা কিংবা জটিল কোনো বিষয় সহজ ভাষায় বুঝে নেওয়ার ক্ষেত্রে চ্যাটজিপিটি যে বেশ কার্যকর, তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু অনেক সময় এটি এমন নিখুঁত ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে উত্তর সাজায় যে, ভেতরের তথ্যের সত্যতা যাচাই করার কথা মনেই হয় না।
ওপেনএআই তাদের উন্নত জিপিটি-সিক্স মডেল সবার জন্য উন্মুক্ত করার পরও চ্যাটবটটির মধ্যে ভুয়া তথ্য বা রেফারেন্স তৈরি করা, অস্পষ্ট প্রশ্নের ভুল ব্যাখ্যা দেওয়া কিংবা দীর্ঘ কথোপকথনের মাঝপথে নির্দেশনা ভুলে যাওয়ার প্রবণতা রয়ে গেছে।
ব্যবহৃত মডেল, সংস্করণ বা যুক্ত করা প্লাগইনের ওপর নির্ভর করে কিছু সীমাবদ্ধতা তৈরি হয়। চ্যাটজিপিটির পেইড প্ল্যান নিলেই যে এসব বড় সীমাবদ্ধতা থেকে পুরোপুরি মুক্ত থাকা যাবে, বিষয়টি তেমন নয়। অবশ্য এই দুর্বলতা কেবল ওপেনএআইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; অন্যান্য এআই সহকারীর ক্ষেত্রেও এমন কিছু সমস্যা দেখা যায়।
নিখুঁত ভঙ্গিতে ভুল তথ্যের উপস্থাপন
চ্যাটজিপিটির অন্যতম বড় দুর্বলতা হলো তথ্য বানিয়ে বলার প্রবণতা। কোনো বিষয়ের বিশেষজ্ঞের মতো আত্মবিশ্বাস নিয়ে এটি এমন সব গবেষণা বা উদ্ধৃতি হাজির করতে পারে, যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই।
ওপেনএআই নিজেও বিষয়টি স্বীকার করে এবং ব্যবহারকারীদের সতর্ক করে যে চ্যাটবটটি কাল্পনিক উদ্ধৃতি বা ভুয়া সূত্র দাঁড় করাতে পারে। সার্চ সুবিধা ব্যবহার করলে কিছুটা উন্নতি হয় ঠিকই, কিন্তু কেবল ওয়েব লিঙ্ক থাকলেই যে চূড়ান্ত বক্তব্য নির্ভুল হবে, এমন নিশ্চয়তা নেই। অপরিচিত কোনো বিষয়ে তথ্য খুঁজতে গিয়ে সাধারণ ব্যবহারকারীরা সহজেই এই ভুয়া সূত্রের ফাঁদে পড়তে পারেন।
অনেক সময় চ্যাটবটটি ব্যবহারকারীর প্রশ্নকে নিজের মতো করে বুঝে নিয়ে ভুল পথে এগোতে থাকে। পাশাপাশি ব্যবহারকারীর প্রায় সব কথায় সায় দেওয়ার বা তোষামোদ করার অভ্যাসও বড় সমস্যা তৈরি করে। অতীতে অতিরিক্ত প্রশংসাসূচক ও অতিসম্মতিমূলক আচরণের অভিযোগে একটি আপডেট ফিরিয়ে নিতে হয়েছিল।
পরবর্তীতে তোষামোদের প্রবণতা কমাতে মডেলে কিছু পরিবর্তন আনা হলেও সমস্যাটি পুরোপুরি দূর হয়েছে- এমন দাবি করা যায় না। সব কথায় সায় দিলে সেটি আর আলাদা কোনো মতামত বা পর্যালোচনা থাকে না।
দীর্ঘ আলাপচারিতায় খেই হারানোর প্রবণতা
চ্যাটজিপিটিকে বিস্তারিত নির্দেশনা দিলে কিংবা কোনো ভুল ধরিয়ে দিলে সেটি তা মেনে নেয় বা স্বীকার করে, কিন্তু কয়েক ধাপ এগোলেই আবার আগের ভুলের পুনরাবৃত্তি ঘটাতে পারে। দীর্ঘ কোনো প্রতিবেদনে আগের তথ্য যাচাই না করেই সত্য হিসেবে তুলে ধরার মতো ঘটনাও দেখা গেছে।
গবেষণাতেও ইঙ্গিত মিলেছে যে, ইনপুটের পরিসর যত দীর্ঘ হয়, কাজ খুব জটিল না হলেও ভাষা মডেলের নির্ভরযোগ্যতা তত কমে আসতে পারে। অনেক তথ্য একসঙ্গে জুড়ে দিলেই যে মডেলটি সবটুকু সঠিকভাবে কাজে লাগাতে পারবে, তেমনটি সব সময় হয় না।
কয়েক দিন ধরে চলা দীর্ঘ কোনো প্রকল্পে কাজ করার সময় তাই আগের পরিবর্তনগুলো মনে রাখা এবং প্রয়োজন অনুযায়ী নির্দেশনা আবার মনে করিয়ে দেওয়া জরুরি হয়ে পড়ে। যে টুল সময় বাঁচানোর কথা, সেটির পেছনে বারবার নজরদারি করা কখনো কখনো বিরক্তিকর মনে হতে পারে; তবুও একেবারে শূন্য থেকে শ্রম দেওয়ার তুলনায় এটিই অনেক ক্ষেত্রে সুবিধাজনক।
ওপেনএআইও স্বীকার করে যে চ্যাটজিপিটির মেমোরি সুবিধা সব কথোপকথনের প্রতিটি খুঁটিনাটি তথ্য সব সময় ধরে রাখতে পারে না।
ডিবিটেক/বিএমটি





