১৩ বছরের প্রতীক্ষার অবসান: প্রশংসায় ভাসছে ‘গ্র্যান্ড থেফট অটো ৬’’

১৩ বছরের প্রতীক্ষার অবসান: প্রশংসায় ভাসছে ‘গ্র্যান্ড থেফট অটো ৬’’
১৯ নভেম্বর, ২০২৬ ১৭:১৬  

দীর্ঘ ১৩ বছর এবং আনুমানিক ১০০ কোটি মার্কিন ডলারেরও বেশি নির্মাণ ব্যয়ের পর অবশেষে বিশ্বজুড়ে উন্মুক্ত হলো ভিডিও গেমিং ইতিহাসের সবচেয়ে প্রতীক্ষিত গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজ নিজ অঞ্চলের স্থানীয় সময় মধ্যরাত থেকে গেমটি খেলার সুযোগ পাচ্ছেন গেমাররা। মুক্তির পরপরই সমালোচক ও গেমারদের কাছ থেকে অভাবনীয় প্রশংসা কুড়িয়েছে রকস্টার গেমসের তৈরি এই গেমটি।

রিভিউ সংগ্রহকারী প্ল্যাটফর্ম মেটাক্রিটিকের সর্বকালের সেরা গেমের তালিকায় ৯৯ স্কোর নিয়ে শীর্ষে উঠে এসেছে জিটিএ ৬। এর আগে কেবল ১৯৯৮ সালে নিন্টেন্ডোর ক্লাসিক গেম ‘দ্য লিজেন্ড অব জেল্ডা: ওকারিনা অব টাইম’ এই বিরল স্কোর অর্জন করতে পেরেছিল। 

গেমটির এমন দুর্দান্ত সাড়ার প্রভাবে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে মূল নির্মাতা প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভের শেয়ারদর প্রারম্ভিক লেনদেনেই ৮ শতাংশের বেশি বেড়ে গেছে।

রেকর্ড বিক্রি ও বিশ্বজুড়ে উন্মাদনা
নিউজিল্যান্ডে মধ্যরাত বাজার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম গেমটি অনলাইনে উন্মুক্ত হয় এবং সময়ের ধারাবাহিকতায় বিশ্বের অন্যান্য দেশেও তা চালু হতে থাকে। 

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী, মুক্তির আগেই বুধবার পর্যন্ত গেমটির প্রায় ১ কোটি ৭০ লাখ কপি বিক্রি হয়েছে, যার বাজারমূল্য ১৬৫ কোটি ডলারেরও বেশি।

সনি প্লেস্টেশন ৫ এবং মাইক্রোসফট এক্সবক্স সিরিজ এক্স ও এস কনসোলের জন্য প্রকাশিত এই গেমটি খেলতে বিশ্বের লাখ লাখ গেমার অফিস থেকে ছুটি নিয়েছেন, এমনকি অনেকে নির্ঘুম রাত কাটাচ্ছেন। 

নিউইয়র্ক ইউনিভার্সিটি স্টার্ন স্কুল অব বিজনেসের অধ্যাপক জুস্ট ভ্যান ড্রুনেন গেমটিকে বর্তমান প্রজন্মের ‘স্টার ওয়ার্স’ হিসেবে অভিহিত করে বলেন, এটি এমন একটি বৈশ্বিক ঘটনা যেখানে প্রথম দিন থেকেই কোটি মানুষ একসঙ্গে অংশ নিতে চায়।

ভাইস সিটির গল্প ও নতুনত্ব
২০১৩ সালে প্রকাশিত ‘জিটিএ ৫’-এর প্রেক্ষাপট ছিল লস সান্তোস, তবে নতুন এই কিস্তিতে গেমাররা ফিরে গেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আদলে তৈরি কাল্পনিক ‘লিওনিডা’ অঙ্গরাজ্যের ‘ভাইস সিটি’ বা মায়ামিতে। গেমটির মূল গল্প আবর্তিত হয়েছে লুসিয়া কামিনোস এবং জেসন ডুভাল নামের এক অপরাধী যুগলকে ঘিরে। গেমাররা চাইলে এই দুই চরিত্রের মধ্যে অদলবদল করে খেলতে পারবেন।

আগের পর্বগুলোর তুলনায় জিটিএ ৬-এ নারীদের প্রতিনিধিত্ব বেড়েছে। বেইন অ্যান্ড কোম্পানির এক জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জিটিএ ৬ খেলোয়াড়দের প্রতি ১০ জনে ৪ জনই হবেন নারী। এ ছাড়া ইউনিভার্সিটি অব টেনেসির অধ্যাপক টোরে ওলসনের মতে, আগের পর্বগুলোর মতো নির্বিচার সহিংসতার বদলে এবারের গেমটি আরও নৈতিক ও কৌশলগত খেলার ধরনকে পুরস্কৃত করতে পারে। 

গেমটির মূল কাহিনি শেষ করতে প্রায় ৫০ ঘণ্টা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। বিনোদনবিষয়ক ওয়েবসাইট গেমসরাডার প্লাস রকস্টারের তৈরি এই গেমিং জগতের বিশালতা ও মানকে ‘বিস্ময়কর’ বলে অভিহিত করেছে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: রয়টার্স