এএমএল-সিএফটি সুশাসনে গুরুত্ব
অর্থপাচার রোধে বিকাশের কর্মশালা
- অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের চ্যালেঞ্জ নিয়ে কর্মশালার আয়োজন করে বিকাশ
- প্রধান অতিথি ছিলেন বিএফআইইউ প্রধান ইকতিয়ার উদ্দিন মো. মামুন
- ডিজিটাল লেনদেনের অপব্যবহার ঠেকাতে নিয়মিত প্রশিক্ষণ ও সমন্বিত উদ্যোগের কথা জানায় বিকাশ
ডিজিটাল আর্থিক ব্যবস্থায় অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি মোকাবিলায় নিয়ন্ত্রক কাঠামো, ঝুঁকি শনাক্তকরণ এবং কার্যকর কমপ্লায়েন্স ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে বিকাশ। এ লক্ষ্যে দেশের বৃহত্তম মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানটি অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের চ্যালেঞ্জ এবং কৌশলগত করণীয় নিয়ে একটি কর্মশালার আয়োজন করেছে।
১৯ নভেম্বর, বৃহস্পতিবার ঢাকায় ‘রেগুলেটরি ফ্রেমওয়ার্কস ফর এএমএল গভর্ন্যান্স’ শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়। নিয়মিত উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইকতিয়ার উদ্দিন মো. মামুন। এতে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীরসহ বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ ও বিকাশের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালার মূল প্রতিপাদ্য নিয়ে উপস্থাপনা করেন বিএফআইইউর উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও প্রধান অর্থপাচার প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম।
এতে ঢাকায় বিকাশের এএমএল-সিএফটি বিভাগের কর্মকর্তা, দেশের বিভিন্ন অঞ্চলের কার্যালয়ের কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে বিএফআইইউ প্রধান ইকতিয়ার উদ্দিন মো. মামুন বলেন, অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়নের ধরন পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে এসব অপরাধের অন্তর্নিহিত ঝুঁকি আরও বিস্তৃতভাবে শনাক্ত করা এবং তা প্রশমনে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সব অংশীজনকে একত্র করা বিএফআইইউর অন্যতম দায়িত্ব।
তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সামগ্রিক ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—সব অংশীজনেরই এখানে ভূমিকা রয়েছে। একই সঙ্গে সমাজের প্রত্যেক ব্যক্তির সচেতন ও সতর্ক থাকা দায়িত্ব।
বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, নিজস্ব কার্যক্রমে কমপ্লায়েন্স বজায় রাখার পাশাপাশি গ্রাহক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কাজ করার ক্ষেত্রেও নিয়মনীতি অনুসরণ নিশ্চিত করে বিকাশ। এ অঙ্গীকারের অংশ হিসেবে ডিজিটাল লেনদেনের অপব্যবহার প্রতিরোধে প্রতিষ্ঠানটি নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।
তিনি আরও বলেন, কর্মীদের এ বিষয়ে সচেতন রাখার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনের সঙ্গে নিয়মিত মতবিনিময় এবং সমন্বিত কার্যক্রম পরিচালনা করে বিকাশ। দেশের বিপুলসংখ্যক মানুষকে সেবা দেওয়ার বিষয়টি বিবেচনায় রেখে এমএফএস সেবাদাতা হিসেবে নিজেদের দায়িত্ব সম্পর্কে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সচেতন এবং প্রতিশ্রুতিবদ্ধ।
বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও প্রধান অর্থপাচার প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম বলেন, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের বিস্তৃতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ব্যাপক ব্যবহারের পাশাপাশি সেবাটির অপব্যবহারের চেষ্টাও বেড়েছে।
তিনি বলেন, এ কারণে বিকাশ কমপ্লায়েন্সকে সার্বক্ষণিক দায়িত্ব হিসেবে বিবেচনা করে। বাংলাদেশ ব্যাংকের পরিপালনসংক্রান্ত নির্দেশনা ও নীতিমালা অনুসরণ করে এমএফএসের অপব্যবহার, অর্থপাচার, সন্ত্রাসে অর্থায়ন, অনলাইন জুয়া ও বাজি এবং ডিজিটাল পেমেন্টের অপব্যবহার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে বছরজুড়েই কাজ করে প্রতিষ্ঠানটি।
//ডিবিটেক/এসসিএন/এসএমই/এফওপিটিই//





