৩০ ঘণ্টায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ
রূপপুরের বিদ্যুতে দ্বিতীয় দফায় আয় ৭ কোটি টাকা
- প্রথম ইউনিট থেকে টানা ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ
- জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে প্রায় ৩২০ মেগাওয়াট
- সরবরাহ করা বিদ্যুতের মূল্য প্রায় ৭ কোটি টাকা
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পরীক্ষামূলক যাত্রায় নতুন অগ্রগতি হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয় দফায় টানা প্রায় ৩০ ঘণ্টা জাতীয় গ্রিডে ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। এ সময়ে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৭ কোটি ৬ লাখ টাকা। বিদ্যুৎ সরবরাহের এই ধারাবাহিকতা কেন্দ্রটির পরিচালন সক্ষমতা, টারবাইন-জেনারেটর ব্যবস্থার কার্যকারিতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয়ের পরীক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
২৪ নভেম্বর, মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) পরিচালনায় দ্বিতীয়বারের মতো সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে বিদ্যুৎ সরবরাহ করে ইউনিটটি।
জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্র জানায়, দ্বিতীয় দফায় রূপপুরের প্রথম ইউনিট থেকে ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দ্বিতীয় দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা ছিল। তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকে। এ সময়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৭ কোটি ৬ লাখ টাকা।
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অগ্রযাত্রায় এ অর্জনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পসংশ্লিষ্টদের মতে, এটি বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রে এনপিসিবিএলের উল্লেখযোগ্য অগ্রগতি।
দ্বিতীয় দফায় বিদ্যুৎ সরবরাহ সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহের সময়কার বিভিন্ন পরিচালন পরামিতি, টারবাইন-জেনারেটর ব্যবস্থা এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও কর্মদক্ষতা বিশ্লেষণ করা হচ্ছে।
এনপিসিবিএল জানিয়েছে, এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, ‘দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সংযুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা, আমাদের প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ান অপারেশনাল সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।’
তিনি আরও বলেন, ‘অপারেটর হিসেবে এনপিসিবিএল বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করে আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করেই আমরা পরবর্তী কার্যক্রম এগিয়ে নিচ্ছি।’
এ অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রাশিয়ান সহযোগী প্রতিষ্ঠান এবং এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিনন্দন জানান তিনি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে বহুমুখীকরণ, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
//ডিবিটেক/আরকেএস/ডিআরই/এফওইডি//





