প্রযুক্তি ও সেবা রপ্তানিতে বাংলাদেশকে বিশ্বমানের কেন্দ্রে নেওয়ার প্রত্যয়।

দক্ষ তরুণরাই বাংলাদেশকে বিশ্ববাজারে শীর্ষে নেবে: মুসনাদ

দক্ষ তরুণরাই বাংলাদেশকে বিশ্ববাজারে শীর্ষে নেবে: মুসনাদ
২৩ নভেম্বর, ২০২৬ ১৩:৪৯  

বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং সৃজনশীলতাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিশ্ববাজারে প্রযুক্তি ও সেবা রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন স্কাইটেক সলিউশনসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মুসনাদ ই আহমদ। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, তথ্যপ্রযুক্তি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বর্ষসেরা প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা’ ক্যাটাগরিতে ১২তম জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬ অর্জনের পর এক প্রতিক্রিয়ায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

পুরস্কার অর্জনের অনুভূতি প্রকাশ করে মো. মুসনাদ ই আহমদ জানান, “একটি ছোট উদ্যোগ নিয়ে যে স্বপ্নের যাত্রা শুরু করেছিলাম, সেই উদ্যোগের জন্য জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়া আমার জীবনের গর্ব ও আবেগের মুহূর্ত। এ অর্জন আমার একার নয়, বরং স্কাইটেক সলিউশনসের প্রতিটি সদস্যের পরিশ্রম, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার ফল।” তরুণদের সম্ভাবনা তুলে ধরে তিনি আরও জানান, তাঁর লক্ষ্য শুধু একটি সফল প্রতিষ্ঠান গড়ে তোলা নয়, বরং নতুন উদ্যোক্তা তৈরি, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং দেশের তরুণদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

এর আগে ২২ নভেম্বর, রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় এসএমই পণ্যমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) এবং শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান এবং এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রংপুরের গঙ্গাচড়ার একটি শিক্ষক পরিবারে বেড়ে ওঠা মো. মুসনাদ ই আহমদ ২০০৮ সালে পেশাগত জীবন শুরু করেন এবং ২০১৩ সালে ব্যাংকঋণের অর্থায়নে স্কাইটেক সলিউশনস প্রতিষ্ঠা করেন। সীমিত পুঁজি ও আর্থিক প্রতিবন্ধকতা পেরিয়ে প্রতিষ্ঠানটি বর্তমানে নয় শতাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। স্কাইটেক সলিউশনস বর্তমানে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের বাজারে বিপিও, কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ব্যাক-অফিস অপারেশন সেবা রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। পাশাপাশি বিশ্বের অন্যতম বৃহৎ বিটুবি ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা ডটকমের বাংলাদেশি চ্যানেল পার্টনার হিসেবে প্রতিষ্ঠানটি স্থানীয় এসএমই উদ্যোক্তা ও রপ্তানিকারকদের আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে যুক্ত করতে কাজ করছে।

//ডিবিটেক/এমএসপি/এমএসসি/ডিইওই//