ক্যাম্পাসে মিলবে বিকাশের সব সেবা
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিকাশ এক্সপেরিয়েন্স জোন
-
ক্যাম্পাসেই বিকাশ অ্যাকাউন্টের প্রয়োজনীয় সেবা মিলবে
-
সেমিস্টার ফি থেকে ক্যান্টিনের বিলও দেওয়া যাবে বিকাশে
-
২০ হাজারের বেশি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মীর জন্য উদ্যোগ
ক্যাম্পাসেই বিকাশ অ্যাকাউন্টের প্রয়োজনীয় সেবা মিলবে
সেমিস্টার ফি থেকে ক্যান্টিনের বিলও দেওয়া যাবে বিকাশে
২০ হাজারের বেশি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মীর জন্য উদ্যোগ
ক্যাম্পাসের সেমিস্টার ফি, লাইব্রেরি ও ল্যাব ফি থেকে শুরু করে ক্যান্টিনের কেনাকাটা—সব ধরনের লেনদেন ডিজিটাল ব্যবস্থায় আনতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘বিকাশ এক্সপেরিয়েন্স জোন’ চালু করেছে বিকাশ। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ২০ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ক্যাম্পাসেই বিকাশ অ্যাকাউন্টের বিভিন্ন সেবা নিতে পারবেন। একই সঙ্গে ক্যাশলেস ক্যাম্পাস গড়ে তুলতে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
২৫ নভেম্বর, বুধবার জানানো হয়, রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রতি এক্সপেরিয়েন্স জোনটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, রেজিস্ট্রার ডেভিড অস্টিন ডাউল্যান্ড, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. মাশরুর রহিম সাদাত, যুগ্ম পরিচালক আজহারুল ইসলাম ভূঁইয়া; বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরবচ্ছিন্ন সেবা দিতে এই এক্সপেরিয়েন্স জোন প্রতিষ্ঠা করা হয়েছে। এখান থেকে ব্যবহারকারীরা ক্যাশ-ইন, ক্যাশ-আউট, অ্যাকাউন্ট নিবন্ধন, সেভিংস, অ্যাসিস্টেড মাইক্রোফাইন্যান্স ও রেমিট্যান্স সেবা নিতে পারবেন। এ ছাড়া পিন রিসেট ও আনব্লক, গ্রাহক তথ্য হালনাগাদ, অ্যাকাউন্ট সক্রিয়করণ এবং স্টেটমেন্টসহ বিকাশ অ্যাকাউন্ট-সংক্রান্ত বিভিন্ন সেবা পাওয়া যাবে।
ক্যাম্পাসে সব ধরনের লেনদেন ক্যাশলেস করার উদ্যোগের আওতায় শিক্ষার্থীরা বিকাশের মাধ্যমে সেমিস্টার ফি, লাইব্রেরি ফি, ল্যাব ফি, অ্যাকটিভিটি ফি, যাতায়াত ফি, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনের বিল এবং স্টেশনারি দোকানের মূল্য পরিশোধ করতে পারবেন।
এতে ক্যাশ টাকা বহনের প্রয়োজন কমবে। পাশাপাশি ক্যাম্পাসের দৈনন্দিন ছোট-বড় লেনদেন আরও দ্রুত ও সহজ হবে। ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত করে তোলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও সহজ করতেও এই উদ্যোগ ভূমিকা রাখবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার বলেন, পুরোপুরি ক্যাশলেস ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। সেমিস্টার ফি থেকে শুরু করে ক্যাম্পাসের ছোট-বড় সব ধরনের লেনদেন ডিজিটাল ব্যবস্থায় আনতে বিকাশের সঙ্গে এই যৌথ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের ডিজিটাল লেনদেনে আরও সক্রিয়ভাবে অভ্যস্ত করতেও দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।
বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, ক্যাশলেস ক্যাম্পাসের এই উদ্যোগ অনুপ্রেরণাদায়ক। গ্রাহকের প্রকৃত চাহিদা ও সমস্যা সঠিকভাবে চিহ্নিত করতে পারলেই কার্যকর সমাধান তৈরি করা সম্ভব। শুরুর দিকে মোবাইল আর্থিক সেবার প্রসার মানুষের জরুরি আর্থিক প্রয়োজন মেটানোর মাধ্যমে ঘটলেও, এখন তা ক্রমেই দৈনন্দিন লেনদেনসহ আরও কার্যকর আর্থিক সেবা গ্রহণের সুযোগ করে দিচ্ছে।
তিনি আরও জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ক্যাশলেস ব্যবস্থা সম্প্রসারণের ক্ষেত্রেও কার্যকর উদাহরণ হয়ে উঠতে পারে।
উল্লেখ্য, বিকাশের মাধ্যমে ঘরে বসেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অনলাইন কোর্স ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের শিক্ষাবিষয়ক ফি পরিশোধ করা যায়। ফলে ফি জমা দিতে শিক্ষার্থী বা অভিভাবকদের আর প্রতিষ্ঠানে গিয়ে লাইনে দাঁড়াতে হয় না। ফি পরিশোধের পর তাৎক্ষণিক নোটিফিকেশন ও ডিজিটাল রসিদ পাওয়া যায়।
//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইড//





