চুয়েটে শিক্ষার্থীদের সংঘর্ষ, সাংবাদিক মারধর
চুয়েটে মধ্যরাতে সংঘর্ষ, সাংবাদিক আহত
- শহীদ মিনারে শুরু, পরে প্রধান ফটকেও সংঘর্ষ
- পাঁচ শিক্ষার্থী আহত, তিনজন চিকিৎসা নিয়েছেন
- ভিডিও ধারণকালে সাংবাদিক মিসবাহ উদ্দিনকে মারধরের অভিযোগ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে কয়েক দফায় মারামারি হয়। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন চুয়েট সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিসবাহ উদ্দিন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। সপ্তাহখানেক আগে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে বসেছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের রাকিন নামে এক শিক্ষার্থী জুনিয়রদের একজনকে ডেকে নিয়ে যান।
ভৈরব বর্মণের পক্ষ থেকে জুনিয়রদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে ভৈরব কেন এমন নিষেধ করেছিলেন, তা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জুনিয়র শিক্ষার্থীকে দেখা করতে নিষেধ করার জন্য ভৈরবকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে জানা গেছে।
পরবর্তীতে বিষয়টি নিয়ে রাত ১২টার দিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ওই সভায় দুই পক্ষের শিক্ষার্থীরাই উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
সভার একপর্যায়ে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়। এতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ, যন্ত্রকৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের তুলন ও নাইমুলসহ কয়েকজন মারামারিতে জড়িয়ে পড়েন।
শহীদ মিনার প্রাঙ্গণে সংঘর্ষের একপর্যায়ে মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রইসুলের চশমা ভেঙে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও আরেক দফা মারামারির ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে ভৈরব বর্মণ বলেন, “আমার সঙ্গে পাঁচজন ঝামেলা করে। তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের দাহিক, পানিসম্পদ কৌশল বিভাগের রাকিন ও সিয়াম এবং তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের মো. আব্দুল্লাহ কাজীরা ছিল। শুরুতে আমরা সবাই মিলে ব্যাচের আলোচনায় বসছিলাম। আলোচনা সুন্দর চলছিল। ওরা নিজেরা সিন ক্রিয়েট করে আমার বন্ধুদের মারে। এরকম পরিস্থিতিতে তো কেউ চুপ থাকবে না। এ পরিস্থিতিতেই মারামারি শুরু হয়।”
এ বিষয়ে রাকিন ও আব্দুল্লাহর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সাড়া পাওয়া যায়নি।
চুয়েট চিকিৎসাকেন্দ্রে যোগাযোগ করে জানা যায়, সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন চিকিৎসা নিয়েছেন। বাকি দুই শিক্ষার্থী চিকিৎসক না দেখিয়ে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে গেছেন বলে চিকিৎসাকেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়।
এদিকে সংঘর্ষের সময় দৈনিক আমাদের সময়ের চুয়েট প্রতিনিধি মিসবাহ উদ্দিন স্বাধীন ভিডিও ধারণ করছিলেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে চলতে থাকা মারামারি থামাতে এসে ২০২১-২২ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীও সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় ২০২১-২২ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী ওই সাংবাদিককে ধরে ভিডিও ধারণের কারণ জানতে চান এবং তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
হামলাকারীদের পরিচয় জানতে চাইলে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাঁদের শনাক্ত করা হবে এবং পরিচয় প্রকাশ করা হবে।
//ডিবিটেক/সিআরএইচ/ডিআরই/এফওইডি//





