সাইবার আইনে মানবাধিকার সুরক্ষার তাগিদ

  • সাইবার নিরাপত্তা আইনে মৌলিক অধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
  • জাতিসংঘসহ বহুপক্ষীয় ফোরামে গঠনমূলক সম্পৃক্ততার আহ্বান
  • আন্তসীমান্ত সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পরামর্শ

সাইবার আইনে মানবাধিকার সুরক্ষার তাগিদ
২৪ নভেম্বর, ২০২৬ ১২:১৪  

ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে অনলাইন প্রতারণা, গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি অবকাঠামোয় হামলা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার ও ক্ষতিকর কনটেন্টের ঝুঁকিও বাড়ছে। এসব ঝুঁকি মোকাবিলায় কার্যকর আইনি কাঠামোর পাশাপাশি নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষা এবং আইনের প্রয়োগে জনআস্থা নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

২৪ নভেম্বর, মঙ্গলবার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘সাইবার নিরাপত্তা (সংশোধন) আইন ২০২৬’-এর খসড়া সংশোধনী নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভায় বক্তব্য দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তি নাগরিকদের শেখা, কাজ, ব্যবসা পরিচালনা এবং সরকারি সেবা গ্রহণের পদ্ধতি বদলে দিচ্ছে। তরুণ ও গতিশীল জনগোষ্ঠীর দেশ বাংলাদেশের জন্য এটি বড় সুযোগ তৈরি করেছে। তবে একই সঙ্গে অনলাইন প্রতারণা, গুরুত্বপূর্ণ ব্যবস্থায় সাইবার হামলা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং ক্ষতিকর কনটেন্টের মতো নতুন ঝুঁকিও তৈরি হচ্ছে। এসব ঝুঁকি সীমান্ত মানে না; তাই এগুলো মোকাবিলায় একটি সুসংগত আইনি কাঠামো প্রয়োজন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, বিশ্বাসযোগ্য সাইবার নিরাপত্তা আইন এমন হতে হবে, যা মানুষের অধিকার, প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষার পাশাপাশি মৌলিক অধিকারও সমুন্নত রাখে। তাঁর মতে, নিরাপত্তা ও অধিকার পরস্পরের পরিপূরক। আইন কীভাবে প্রয়োগ করা হচ্ছে, সে বিষয়ে জনসাধারণের আস্থাই নিরাপদ সাইবার জগতের ভিত্তি।

উন্নয়ন সহযোগীদের সঙ্গে এই পরামর্শ সভাকে বাংলাদেশের উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও সংলাপনির্ভর নীতিগত অবস্থানের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিকোণ থেকে প্রতিমন্ত্রী তিনটি বিষয়ে গুরুত্ব দেন।

প্রথমত, আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গীকার ও উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতিসংঘ এবং অন্যান্য বহুপক্ষীয় ফোরামে বাংলাদেশের গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখা।

দ্বিতীয়ত, তথ্য বিনিময়, পারস্পরিক আইনি সহায়তা এবং সমন্বয়ের মাধ্যমে সময়োপযোগী আন্তসীমান্ত সহযোগিতা নিশ্চিত করা। তবে এ ধরনের সহযোগিতায় যথাযথ সুরক্ষাব্যবস্থা থাকতে হবে।

তৃতীয়ত, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, কারিগরি দক্ষতা এবং জনসাধারণের ডিজিটাল সাক্ষরতা বাড়ানো। নারী, শিশু ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীসহ প্রত্যেক নাগরিকের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে এসব উদ্যোগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

উন্নয়ন সহযোগীদের দেওয়া মতামতকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, খসড়া সংশোধনী পরবর্তী পর্যায়ে এগিয়ে নেওয়ার সময় এসব মতামত গুরুত্বসহকারে বিবেচনা করা হবে বলে তিনি আশাবাদী। জ্ঞান বিনিময়, তুলনামূলক অভিজ্ঞতা এবং কারিগরি সহযোগিতার মাধ্যমে অংশীদারত্ব আরও গভীর করার বিষয়ে বাংলাদেশের আগ্রহও পুনর্ব্যক্ত করেন তিনি।

বক্তব্যের শেষে তিনি একটি উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার জগত গড়ে তোলার অভিন্ন লক্ষ্য অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

পরামর্শ সভায় সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইডি//